নাটকীয়তার পর কেনিয়ার নতুন প্রেসিডেন্ট রুটো

উইলিয়াম রুটো
         ছবি : রয়টার্স

কেনিয়ার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম রুটোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৯ আগস্ট অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে নানা নাটকীয়তার পর গতকাল সোমবার রুটোকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ২০১৩ সাল থেকে কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রুটো।

নির্বাচনের রুটোর প্রতিদ্বন্দ্বী ছিলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা রাইলা ওদিঙ্গা। প্রকাশিত ফলে দেখা গেছে, খুবই কম ব্যবধানের ওদিঙ্গার বিপক্ষে জয় পেয়েছেন রুটো। নির্বাচনে তিনি ৫০ দশমিক ৪৯ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে ওদিঙ্গা পেয়েছেন ৪৮ দশমিক ৮৫ শতাংশ ভোট।

ইনডিপেনডেন্ট ইলেকটোরাল অ্যান্ড বাউন্ডারিজ কমিশনের (আইইবিসি) চেয়ারপারসন ওয়াফুলা চেবুকাতি বলেন, ‘ভয়ভীতি ও হয়রানি সত্ত্বেও আমি নির্বাচনের ফল ঘোষণা করছি। এর আগে ডেপুটি কমিশনার জুলিয়ানা চেরেরাসহ অন্য তিনজন কমিশনার নির্বাচন ফল ঘিরে ভিন্নমত প্রকাশ করেন।

কেনিয়ায় স্বাধীনতার পর দেশটির পঞ্চম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রুটো। এবারই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনের মাঠে নেমেছিলেন তিনি। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রুটের দল কেনিয়া ফার্স্ট কোয়ালিশন। অপরদিকে নিম্নকক্ষ জাতীয় পরিষদে তাঁদের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিনিধি রয়েছে।

নির্বাচনে জয়লাভের পর এক ভাষণে রুটো বলেন, ‘এই নির্বাচনে কেউ হারেনি। আমরা রাজনৈতিক বাধাগুলো তুলে দিতে সক্ষম হয়েছি। ফলে কেনিয়ার জনগণ জয়ী হয়েছেন। এখানে কেনিয়ার মানুষই সবচেয়ে বড় বিজয়ী।’

এদিকে নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের পর মঙ্গলবার রাজধানী নাইরোবিতে সংবাদ সম্মেলন করে তা প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলের প্রার্থী ওদিঙ্গা। এমনকি ফল ঘোষণার আগে সোমবারই তা প্রত্যাখ্যানের কথা বলেছিল ওদিঙ্গার নেতৃত্বাধীন বিরোধী জোট। তারা এ নিয়ে আইনি লড়াই চালানোর কথাও বলেছে। কেনিয়ায় ফল ঘোষণার ১৪ দিনের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী এই সময়ের মধ্যেই দেশটির প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন রুটো।