
সুদানের একটি আদালত চুরির দায়ে দেশটির তিনজন নাগরিকের হাত কেটে ফেলার রায় দিয়েছেন। অঙ্গচ্ছেদের দণ্ড পাওয়া ওই তিন ব্যক্তি সুদানের ওমদুরমান শহরের বাসিন্দা। বুধবার গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হয়েছে, প্রায় এক দশক পরে সুদানের আদালত অপরাধীর অঙ্গচ্ছেদের এমন রায় দিলেন।
সুদানের সবচেয়ে জনবহুল শহর ওমদুরানে এলপিজি গ্যাস সিলিন্ডার চুরির দায়ে দণ্ড পাওয়া তিন তরুণে বয়স বিশের কোঠায়। প্রায় দুই সপ্তাহ আগে আদালত তাঁদের অঙ্গচ্ছেদের রায় দেন। কিন্ত এত দিন বিষয়টি জানাজানি হয়নি। আদালতের এ রায়ে অনেকের আশঙ্কা, এতে সুদানে ‘রাষ্ট্রীয় চরমপন্থা’ আরও বেড়ে যাবে।
অঙ্গচ্ছেদ ছাড়াও ওই তিন তরুণের তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের আলাদা আলাদা করে ২০ লাখ সুদানিজ পাউন্ড জরিমানা করা হয়েছে। আদালতের রায়ের পর দণ্ডিত ব্যক্তিদের রাজধানী খারতুমের উত্তরে কোপার কারাগারে পাঠানো হয়। যেকোনো দিন তাঁদের দণ্ড কার্যকর করা হতে পারে।
১৫ মাস আগে সুদানে সামরিক অভ্যুত্থানের বিষয়টি উল্লেখ করে দণ্ডিত তিন তরুণের আইনজীবী সামির মাকীন বলছেন, ‘দেশের রাজনীতিতে একট বড় ধরনের পরিবর্তন হয়েছে। দুর্ভাগ্যবশত এতে করেও মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। আদতে এতে সুদানে রাষ্ট্রব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি।’
তিন তরুণের অঙ্গচ্ছেদের এ রায়ের নিন্দা জানিয়েছে উগান্ডাভিত্তিক মানবাধিকার সংগঠন আফ্রিকান সেন্টার ফর জাস্টিস অ্যান্ড পিস স্টাডিজ। সংগঠনটি সুদান সরকারের বিরুদ্ধে তিন তরুণকে ন্যায্য বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে বলেছে, অভিযুক্তদের জবানবন্দি ছাড়া কোনো প্রমাণই ছিল না।