
কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। এখন চলছে ভোট গণনা। নির্বাচনে পাওয়া সবশেষ ফলাফলে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত এগিয়ে আছেন রাইলা ওডিঙ্গা।
রয়টার্সের খবরে বলা হয়েছে, কেনিয়াবাসী চূড়ান্ত ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনের পাঁচ দিন পর এখন ভোট গণনা চলছে কেনিয়ায়। সবশেষ ফলাফলে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত এগিয়ে আছেন রাইলা ওডিঙ্গা আর দ্বিতীয় স্থানে আছেন ভাইস প্রেসিডেন্ট ইউলিয়াম রুতো।
দেশটির নির্বাচন কমিশন বলছে, এখন পর্যন্ত ২৬ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্য একসময়ের বিরোধী নেতা রাইলা ওডিঙ্গা ৫৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুতো ৪৫ শতাংশ ভোট পেয়েছেন।
পূর্ব আফ্রিকার সবচেয়ে ধনী দেশ কেনিয়া। কেনিয়াকে আফ্রিকার সবচেয়ে গতিশীল গণতান্ত্রিক দেশ হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গলবার সেখানে রাষ্ট্রপতি, সংসদীয় এবং স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটা তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রাইলা ওডিঙ্গাকে সমর্থন দিচ্ছেন।
ভোট গণনা ও ফলাফল প্রকাশে বিলম্ব হওয়া নিয়ে নানা আশঙ্কা করছে দেশটির সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের চেয়ারম্যান ওয়াফুলা চেবুকাতি এ জন্য দলীয় এজেন্টদের দোষারোপ করেছেন। তিনি বলেন, ভোটের ফলাফল চূড়ান্তভাবে প্রকাশের আগে ফলাফলের ফর্মগুলো যাচাই করতে হয়। আর যাচাই করেন প্রার্থীদের এজেন্টরা। তাঁরা অনুমতি দিতে দেরি করায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে।
কেনিয়ায় নির্বাচন নিয়ে সহিংসতার ঘটনাও ঘটে। ২০০৭ সালে ১ হাজার ২০০ জন এবং ২০১৭ সালে ১০০ জন নির্বাচনী সহিংসতায় নিহত হন।