নিরাপত্তা বাহিনীর দাবি

সোমালিয়ার হোটেলে ৩০ ঘণ্টার অভিযানে জিম্মিদশার অবসান

হায়াত হোটেল এলাকায় সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল
ছবি: এএফপি

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলের নিয়ন্ত্রণ নেওয়া জঙ্গি গোষ্ঠীর সদস্যদের হত্যার পর অভিযান সমাপ্ত হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী দাবি করেছে। নিরাপত্তা বাহিনী বলছে, প্রায় ৩০ ঘণ্টাব্যাপী চলা ওই অভিযানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, নিহত ব্যক্তির সংখ্যা আরও বেশি। তবে অভিযান সমাপ্তির বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিবিসি।

গত শুক্রবার দুটি গাড়িবোমা হামলা ও গোলাগুলির পর মোগাদিসুর জনপ্রিয় হোটেল হায়াতের নিয়ন্ত্রণ নেয় হামলাকারীরা। জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণবিষয়ক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপের তথ্য অনুযায়ী, আল-কায়েদার অনুসারী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সোমালিয়ান নিরাপত্তা বাহিনী জিম্মি দশার অবসান ঘটিয়েছে। অস্ত্রধারীরা মারা গেছেন। এক ঘণ্টা ধরে ভবনের ভেতর থেকে কোনো গুলি করা হয়নি।’

গত শুক্রবার রাত এবং গতকাল শনিবার নিরাপত্তা বাহিনীর ব্যাপক বোমাবর্ষণের কারণে হোটেলটি অনেকাংশে ধসে গেছে। কয়েকটি ভিডিও ফুটেজে বিস্ফোরণ এবং ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, শুক্রবার সন্ধ্যায় হোটেলে প্রবেশের জন্য দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল হামলাকারীরা। হামলাকারীরা হোটেলের মূল ফটক লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়।

মোগাদিসুর ওই এলাকায় কয়েকটি হোটেল রয়েছে। এসব হোটেলের মধ্যে হায়াত জনপ্রিয়। এ হোটেলে সরকারি কর্মকর্তাদের নিয়মিত যাতায়াত রয়েছে। সোমালিয়া সরকারকে উৎখাতে ১০ বছরের বেশি সময় ধরে লড়াই চালিয়ে আসছে আল-শাবাব।