মালয়েশিয়া এয়ারলাইনসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এক আদালতে মামলা ঠুকেছে ওই এয়ারলাইনসের নিখোঁজ বিমান এমএইচ৩৭০-র যাত্রী নিউজিল্যান্ডের পল উইকের পরিবার। বিমানটি নিখোঁজের দুই বছর পূর্তির প্রাক্কালে ৪ মার্চ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টে পল উইকের স্ত্রী, মা, ভাই ও বোন পৃথক রিট করেন। এতে তাঁরা বিমানটি নিখোঁজ হওয়ায় ‘মানসিক আঘাত’ ও ‘আকস্মিক ধাক্কা’র শিকার হন বলে উল্লেখ করে ব্যক্তিগত লোকসানের ক্ষতিপূরণ চান। এ ছাড়া অস্ট্রেলিয়ার পার্থ শহরের বাসিন্দা পলের দুই সন্তানের নামে পঞ্চম রিটটি করা হয়। ২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি নিখোঁজ হয়। এখন পর্যন্ত ওই বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান চিহ্নিত হয়নি, কেবল পাখার একটি টুকরো খুঁজে পাওয়া গেছে।
এএফপি