কাবুলের বাইরে হাজারো তালেবান সমর্থকের মিছিল

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে র‌্যালি করেছেন তালেবানের প্রায় এক হাজার সমর্থক
 ফাইল ছবি: এএফপি

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে মিছিল করেছেন তালেবানের প্রায় এক হাজার সমর্থক। আজ রোববার সকালে রাজধানীর উপকণ্ঠে খোদামান শহরে একটি মাঠে র‌্যালিটি অনুষ্ঠিত হয়। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর কাবুলে এই প্রথম এমন কোনো সমাবেশ করলেন সংগঠনটির সমর্থকেরা।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আজকের র‌্যালিতে অংশ নিয়েছিলেন শুধু পুরুষেরা। ছিল কিশোরেরাও। তবে দেখা যায়নি কোনো নারীকে। সকাল থেকেই তাঁরা খোদামান শহরে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। এ সময় সেখানে তালেবানের জয় উপলক্ষে গান বাজাতে দেখা যায়। র‌্যালিতে অনেক সমর্থকই হাজির হয়েছিলেন নানা ধরনের পোস্টার নিয়ে। অনেকের মাথায় আবার বাঁধা ছিল তালেবানের লাল–সাদা ব্যান্ড।

র‌্যালির মূল অনুষ্ঠান শুরুর আগে কুচকাওয়াজ করেন তালেবান যোদ্ধারা। এ সময় তাঁদের হাতে ছিল পতাকা এবং বন্দুক ও রকেট লঞ্চারসহ বিভিন্ন অস্ত্র। ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে পাহারায় ছিলেন অনেক তালেবান সদস্য। আজকের সমাবেশে উপস্থিত ছিলেন তালেবানের শীর্ষস্থানীয় নেতারাও। সমর্থকদের উদ্দেশে তাঁরা বক্তব্য দেন।

এদিকে গত বৃহস্পতিবারও কাবুলের পূর্বাঞ্চলে অধিকারের দাবিতে সমাবেশ করেছেন নারীরা। আগের মতোই তালেবান সদস্যরা সমাবেশটি ছত্রভঙ্গ করে দেন। এ সময় নারীদের ঠেকাতে ফাঁকা গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। খবর মিলেছে, সমাবেশের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিদেশি এক সাংবাদিকও।

গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের পর থেকে আফগানিস্তানের নানা এলাকায় বিক্ষোভ শুরু করেন নারীরা। এসব বিক্ষোভ বন্ধে কড়া নির্দেশনা জারি করে তালেবান। তারা জানায়, আগে থেকে অনুমতি না নিয়ে কোনো সমাবেশ করা যাবে না। এই নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুমকিও দেওয়া হয়। এসবের জেরে অনেকটাই কমে আসে নারীদের অধিকার আন্দোলন।