তালেবান ক্ষমতায় আসার পর চাকরি গেছে ১০ লাখ মানুষের

এ বছর আফগানিস্তানে কর্মজীবী নারীর সংখ্যা ২১ শতাংশ কমতে পারে।
ছবি: রয়টার্স

গত বছরের আগস্টে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে ৯ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন। এর মধ্যে কর্মজীবী নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি। মার্কিন প্রতিষ্ঠান স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশনালের (এসআইজিএআর) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। সামনে কর্মজীবী নারীর সংখ্যা আরও কমবে বলেও আভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

আফগানিস্তানের সংবাদমাধ্যম খামা প্রেসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসআইজিএআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত দেশটিতে কর্মজীবী নারীর সংখ্যা ২১ শতাংশ কমে যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানে বেকারত্ব বেড়ে গেছে। দেশের অনেক অংশে দারিদ্র্য লাখো মানুষকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

কাজ হারানো মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে তথ্য দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থাও। তাদের মতে, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে পাঁচ লাখের বেশি আফগান শ্রমিক চাকরি হারিয়েছেন। তালেবান ক্ষমতায় আসার পর থেকে এ বছরের মাঝামাঝি সময় পর্যন্ত চাকরি হারানো মানুষের সংখ্যা ৭ লাখ থেকে ৯ লাখে পৌঁছাতে পারে।

কয়েক দশক ধরে চলা সংঘর্ষ, প্রচণ্ড খরা, করোনা মহামারির কারণে আফগানিস্তানের অর্থনীতি ইতিমধ্যে বিপর্যস্ত।

মার্কিন সেনাদের দ্রুত প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় এলে আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানের সম্পদ জব্দ করে এবং সাহায্য বন্ধ করে দেয়। তালেবান ক্ষমতায় আসার পর থেকে কর্মজীবী নারীদের জন্য আয়ের পথে ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। খামা প্রেসের তথ্য অনুযায়ী, অধিকাংশ সরকারি অফিসের নারী কর্মীদের বাড়িতে বসে থাকতে বাধ্য করা হয়েছে।