নির্বাচন নিয়ে সংশয়

মিয়ানমারে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো সংশয় প্রকাশ করেছে। পর্যবেক্ষক সংস্থাগুলোর অন্যতম যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টার বলেছে, নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন এলাকায় ভীতি প্রদর্শন ও হামলার ঘটনা ঘটেছে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা অনেক জায়গায় উত্তেজনা সৃষ্টি করেছে। এ ছাড়া জাতিগত সশস্ত্র দলগুলোর তৎপরতা এবং সাম্প্রদায়িক উত্তেজনাও বেড়েছে কিছু এলাকায়। ফলে রাজনৈতিক পরিবেশে ‘অস্থিতিশীলতার’ সৃষ্টি হয়েছে। মিয়ানমারের নির্বাচন কমিশন শান প্রদেশের ৫০টি গ্রামে সহিংসতার জন্য ভোটগ্রহণ বাতিলের ঘোষণা দিয়েছে। প্রদেশের একটি আঞ্চলিক রাজনৈতিক দল এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, সরকার-সমর্থক দলের ভরাডুবির আশঙ্কাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতগুলো গ্রামের নির্বাচন বাতিল করার ঘোষণাতেও উদ্বেগ প্রকাশ করেছে কার্টার সেন্টার। এএফপি