ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ছয় শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার ভোর পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ৮০টি ঘর পুড়ে গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
কেইজন সিটিতে ফিলিপিন্স বিশ্ববিদ্যালয়ের বিস্তীর্ণ ক্যাম্পাসের ভেতরে জনাকীর্ণ এলাকার একটি বাড়ির তিনতলায় আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেগ বিচায়দা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেকে তাঁদের বাড়ি থেকে বের হওয়ারও সুযোগ পাননি।
আগুনে ছয় শিশুর মৃত্যুর বিষয়টি জানালেও তাদের বয়স সম্পর্কে কিছু জানাননি এই কর্মকর্তা।
এই কর্মকর্তা আরও বলেন, ঘরগুলো হালকা উপাদানে তৈরি। আগুন লাগার পর লোকজন দিশেহারা হয়ে পড়ে। ফায়ার সার্ভিস স্টেশন কাছে হওয়ার পরও তারা তাৎক্ষণিক ফোন দিতে পারেনি।
বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি ফিলিপাইন। এবং দেশটির রাজধানীতে প্রতি বর্গকিলোমিটারে বিপুলসংখ্যক মানুষ বাস করে।
রাজধানী মেট্রো ম্যানিলা, কেইজনসহ অন্যান্য শহরে প্রায় ১ কোটি ৩০ লাখ লোক বাস করে। এখানকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।