
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁর বড় ভাইকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন। সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার বরাতে শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ আভাস দিয়েছে। খবর আল–জাজিরার।
এপ্রিলের শুরু থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিরোধীদের দাবি, রাজাপক্ষে জনগণের আস্থা হারিয়েছেন। তবে তা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট। পরে প্রেসিডেন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে ১৭ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিপরিষদ নিয়োগ দেন। তবে নতুন মন্ত্রিসভায়ও বড় ভাই মাহিন্দা রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন তিনি। তবে রাস্তায় যাঁরা আন্দোলন করছেন, তাঁরা চান মাহিন্দা রাজাপক্ষে ও গোতাবায়া রাজাপক্ষে দুজনই পদত্যাগ করুন।
গতকাল শুক্রবার মাইথ্রিপালা সিরিসেনার বরাতে শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গোতাবায়া রাজাপক্ষে নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে একটি সর্বদলীয় সরকার গঠনে সম্মত হয়েছেন। একসময় ক্ষমতাসীন জোটের অন্তর্ভুক্ত ছিল মাইথ্রিপালার দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি। তবে রাজাপক্ষের নীতিমালার প্রতিবাদে দলটি জোট থেকে বের হয়ে যায়। আইনপ্রণেতা ভিরাসুমানা ভিরাসিংহে বলেন, অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করবে রাজাপক্ষে। তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি তিনি।
আগামী ৪ মে পার্লামেন্ট অধিবেশন শুরু কথা রয়েছে। তাঁর আগেই নিজেদের অবস্থান তৈরি করতে চাইছেন রাজনীতিবিদেরা। বিরোধী দলগুলোর দাবি, অনাস্থা ভোটের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে উৎখাতের জন্য যথেষ্ট সমর্থন তাদের পক্ষে আছে।
গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একটি সর্বদলীয় সরকার গঠন করতে প্রেসিডেন্ট রাজাপক্ষে আমন্ত্রণ জানিয়েছেন। সব রাজনৈতিক দল যদি যেসব প্রস্তাব সমর্থন করে, সেগুলোতে প্রেসিডেন্টও সম্মতি দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কম। এ জন্য জ্বালানিসহ অন্যান্য পণ্য আমদানির মূল্য পরিশোধ করতে পারছে না দেশটি। ঘণ্টার পর ঘণ্টা মানুষ বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন। মূল্যস্ফীতি মাত্রা ছাড়িয়েছে। বাজারে পণ্য নেই। তাই কারফিউ উপেক্ষা করে মানুষ রাস্তায় রাস্তায় স্বতঃস্ফূর্ত বিক্ষোভে নেমেছে। শ্রীলঙ্কার সেনসাস অ্যান্ড স্ট্যাটিসটিকস বিবৃতি অনুযায়ী, চলতি এপ্রিলে ভোগ্যপণ্যের দাম আগের বছরের তুলনায় ২৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
জরুরি পণ্য আমদানির মূল্য পরিশোধের জন্য আগামী আট মাসে শ্রীলঙ্কার চার শ কোটি ডলার প্রয়োজন। সরকার ইতিমধ্যে ফরাসি ঋণ পরিশোধ স্থগিত রেখেছে। ভারত, চীন ও বিভিন্ন ঋণদাতা প্রতিষ্ঠান থেকে সহায়তা চাইছে তারা।