
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফরের সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে প্রস্তুতি নিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা এসব কথা বলেন।
এ সপ্তাহে বাইডেনের দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফর করার কথা। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ওই সময়ে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষার তথ্য প্রকাশ করে। এর বরাত দিয়ে সিউলের আইনপ্রণেতা হা তেই-কিউয়ং বলেন, পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে উত্তর কোরিয়া। তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে।
তবে এখন কিম জং–উন দেশের করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করছেন। সেখানকার ২০ লাখের বেশি মানুষ জ্বরে ভুগছে। সিউল ও ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা মহামারি পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার পরিকল্পনা থেকে বিচ্যুত করতে পারবে না।
বিশ্লেষকেরা বলছেন, এ বছর উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। দেশটির চলমান করোনা মহামারির বিষয়টি ঢাকতে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়টি সামনে আনতে পারেন কিম।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, শুক্রবার বাইডেন সিউল সফর শুরু করলে উসকানি হিসেবে কিম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র পরীক্ষার মতো পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ দেখা গেছে। সিউল ও ওয়াশিংটন কয়েক সপ্তাহ ধরে সতর্কতা জারি করে আসছে, যেকোনো দিন উত্তর কোরিয়া তাদের অস্ত্র পরীক্ষা শুরু করতে পারে।
সেজং ইনস্টিটিউটের সেন্টার ফর নর্থ কোরিয়া স্টাডিজের চেয়ং সিয়ং-চ্যাং এএফপিকে বলেছেন, বাইডেনের সফরের সময় উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করতে চাইবে।
ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে আলোচনা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর আগে সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তাঁদের আলোচনা কোনো ইতিবাচক ফল আনেনি। তিনবার কিমের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। দুটি বৈঠক ঘনিষ্ঠভাবে সম্পন্ন হলেও উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে আনতে ব্যর্থ হয় ওয়াশিংটন।
সম্প্রতি কিম বলেন, তিনি দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছেন।
ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্ক ওয়ান-গন বলেছেন, দায়িত্ব নেওয়ার পর থেকে উত্তর কোরিয়ার প্রতি কৌশলগত অবহেলা দেখাচ্ছেন বাইডেন। এ অবস্থার জন্য বাইডেনের ওপরে দোষ চাপানো যেতে পারে।