মসুলে আইএস যোদ্ধাদের পাল্টা আক্রমণ

ইরাকের মসুল শহরের পশ্চিম অংশ দখলে এগোতে থাকা সরকারি বাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়েছেন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোররাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে এ আক্রমণ পরিচালনা করেন তাঁরা।
গতকাল সকালেও মসুল শহরের আইএস নিয়ন্ত্রিত দক্ষিণ-পশ্চিমের এলাকাগুলোয় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। সকালের শেষভাগে লড়াইয়ের তীব্রতা কমে এলেও রয়টার্সের একজন সংবাদদাতা সেখানে বিমান হামলা ও মর্টার থেকে বিদ্রোহীদের গোলা ছুড়তে দেখেছেন।
ইরাকি বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভোররাতের দিকে ঝড় শুরু হলে যুদ্ধবিমানের পর্যবেক্ষণ সক্ষমতা ও স্থলপথের দৃষ্টিসীমা কমে যাওয়ার সুযোগ নিয়ে সরকারি সন্ত্রাস দমন সার্ভিসের (সিটিএস) ওপর পাল্টা আক্রমণ চালায় আইএস যোদ্ধারা।