চীনের নিজের তৈরি প্রথম বিমানবাহী রণতরির নির্মাণকাজ প্রায় শেষের দিকে এবং আগামী বছরে তা পরীক্ষামূলকভাবে সমুদ্রে নামানো হতে পারে। প্রতিরক্ষাবিষয়ক সংবাদ পোর্টাল এবং অনলাইনে প্রকাশিত ছবির ভিত্তিতে এ ধারণা করা হচ্ছে। ওই রণতরিতে প্রায় ৩৬টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখা যাবে। অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, রণতরিটির কেবল উপরিকাঠামো বসানো বাকি আছে। প্রকাশিত বিভিন্ন ছবির উল্লেখ করে রণতরিটির নির্মাণকাজ সম্পর্কে জানতে চাইলে চীনের সামরিক বাহিনীর কর্নেল উ কুইয়ান বলেন, ‘আমি কেবল এতটুকু বলতে পারি যে রণতরিটির নির্মাণকাজ পরিকল্পনা অনুসারে এগোচ্ছে।’ বর্তমানে চীনের একমাত্র রণতরিটি সাবেক সোভিয়েত আমলে তৈরি। ১৯৯৮ সালে এটি ইউক্রেনের কাছ থেকে সংগ্রহ করে চীন।