সেই সটলফেরও শিরশ্ছেদ করল আইএস

মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ: ছবি-রয়টার্স
মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ: ছবি-রয়টার্স

মার্কিন সাংবাদিক জেমস ফলিকে শিরশ্ছেদ করার কয়েক সপ্তাহের মধ্যেই স্টিভেন সটলফ নামের আরেক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশ করেছে ইরাকের সুন্নি বিদ্রোহী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস)।

একই সঙ্গে আইএস বলেছে, তাদের হাতে ডেভিড ক্যাথর্ন হাইনেস নামের এক ব্রিটিশ নাগরিক বন্দী আছেন। মার্কিন প্রশাসন আইএস বিদ্রোহীদের ওপর হামলা চালানো থেকে বিরত না হলে হাইনেসকেও একইভাবে হত্যা করা হবে।

গতকাল মঙ্গলবার সটলফের শিরশ্ছেদের ভিডিওদৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়া হয়। ভিডিওচিত্রটি আসল বলে নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা। বিবিসি ও আল জাজিরার খবরে এমনটাই বলা হয়েছে।

গত ২০ আগস্ট প্রকাশ করা ভিডিওতে এভাবেই সটলফকে মেরে ফেলার হুমকি দিতে দেখা যায়: ছবি-এএফপি



গত মাসে আইএসের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছিল, কাপড় পেঁচিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি জেমস ফলির শিরশ্ছেদ করেন। ফলির শিরশ্ছেদের পর ওই ব্যক্তি স্টিভেন সটলফের মাথার চুল ধরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ করে বলেন, আইএস ও ইরাকের ব্যাপারে ওবামা তাঁর নীতি না বদলালে সটলফকেও হত্যা করা হবে। এর পরই সটলফের মা শ্যারলি সটলফ আইএসপ্রধান আবু বকর আল বাগদাদির কাছে ছেলের প্রাণভিক্ষা চান। তবে শেষ পর্যন্ত জঙ্গিরা শ্যারলির অনুরোধ শোনেনি।

সটলফের মা শ্যারলি সটলফ গত ২৭ আগস্ট আল অ্যারাবিয়া টেলিভিশনের মাধ্যমে আইএসপ্রধানের কাছে সন্তানের প্রাণভিক্ষা চান: ছবি-এএফপি

২০১৩ সালের আগস্টে সিরিয়া থেকে ৩১ বছর বয়সী সটলফ অপহূত হন। তিনি টাইম ম্যাগাজিনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের হয়ে কাজ করতেন। আরবি ভাষায় দক্ষ এই সাংবাদিক সিরিয়া, মিসর ও লিবিয়া থেকে সংবাদ পাঠাতেন।

গতকাল প্রকাশ করা ওই ভিডিওতে দেখা গেছে, মুখোশ পরা এক ব্যক্তি সটলফকে সামনে রেখে প্রেসিডেন্ট ওবামাকে সম্বোধন করে বলেন, ‘ওবামা, আমি ফিরে এসেছি। ফিরে এসেছি, কারণ গুরুতর হুঁশিয়ারি দেওয়ার পরও তুমি ইসলামিক স্টেটের বিরুদ্ধে রগচটা নীতি অব্যাহত রেখেছ।’

শিরশ্ছেদের পূর্বমুহূর্তে সটলফ: ছবি- এএফপি



মুখোশধারী ব্যক্তি বলেন, যুক্তরাষ্ট্র যদি তার বিদ্যমান আরব নীতি থেকে সরে না আসে, তাহলে ব্রিটিশ নাগরিক ডেভিড ক্যাথর্ন হাইনেসকেও মেরে ফেলা হবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিওচিত্রটির বিশ্বস্ততা সম্পর্কে নিশ্চিত হতে তাদের গোয়েন্দারা কাজ করছেন।