সৌদি যুবরাজের সঙ্গে শাহবাজের বৈঠক

সৌদি আরব সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভ্যর্থনা জানাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে
ছবি: এএফপি

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত শুক্রবার জেদ্দায় অনুষ্ঠিত ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। খবর জিও নিউজের

তিন দিনের সৌদি সফরে শাহবাজ শরিফের সঙ্গে রয়েছে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল। তাঁদের মধ্যে রয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল, তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব ও পাকিস্তানের উলামা কাউন্সিলের চেয়ারম্যান তাহির আশরাফিসহ অন্যরা।

জেদ্দার আল–সালাম প্যালেসে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুবরাজ সালমান। এ সময় শাহবাজকে গার্ড অব অনার প্রদান করা হয়। অপর দিকে নিজ প্রতিনিধিদলের সদস্যদের যুবরাজের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।

শাহবাজ শরিফের সৌদি সফর নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়। সেখানে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন। তাঁদের বৈঠকে দুই দেশের বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্র বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি ও সৌদি আরবে পাকিস্তানের জনশক্তির জন্য সুযোগ সৃষ্টিসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।’