আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গতকাল শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছেন। গতকাল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়, আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফারইয়াব, বাদাখশান, কুন্দুজ ও হেলমান্দ প্রদেশে অভিযানগুলো চালান। এসব ঘটনায় নয় জঙ্গি আহত ও দুজন গ্রেপ্তার হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় বিপুলসংখ্যক অস্ত্র জব্দ করে। গত সপ্তাহে কাবুলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শতাধিক বেসামরিক লোক নিহত হওয়ার পর জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রচণ্ড চাপে পড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।