
ভারত মহাসাগরে নৌকা থেকে ১০৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। সোমবার দেশটির উত্তর উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই রোহিঙ্গারা সমুদ্রপথে ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছিল। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী।
শ্রীলঙ্কার নৌবাহিনীর কর্মকর্তা জ্ঞান বিক্রমসুরিয়া বলেন, শ্রীলঙ্কার উপকূল থেকে যখন ৩ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে ছিল, তখন নৌকাটি প্রথম শনাক্ত করে নৌবাহিনী। এরপর সেটি উদ্ধারে গত রোববার রাতে অভিযান শুরু করা হয়। উদ্ধার করা রোহিঙ্গাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের আদালতে তুলবে। এরপর কী হবে, তা নির্ধারণ করবেন আদালত।
নৌবাহিনী এই কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩৯ নারী ও ২৩ শিশু রয়েছে। সামান্য অসুস্থ হয়ে পড়ায় ৮০ বছরের এক বৃদ্ধ এবং ১ নারী ও তাঁর ২ সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনী মনে করছে, ওই রোহিঙ্গারা মিয়ানমার থেকে এসেছে। ইন্দোনেশিয়ায় যাওয়ার পথে উত্তাল সাগরে তাদের নৌকা নষ্ট হয়ে যায়।
দীর্ঘ সময় ধরেই নির্যাতন ও নিপীড়নের মুখে মিয়ানমার ছাড়ছে রোহিঙ্গারা। ২০১৭ সালে দেশটিতে সামরিক অভিযানে রাখাইন রাজ্যে হাজার হাজার রোহিঙ্গা হত্যার ঘটনা ঘটে। সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ ছাড়া প্রতিবছরই অনেক রোহিঙ্গা ঝুঁকি নিয়ে সাগরপথে মিয়ানমার থেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পালিয়ে যায়। গত বছর মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর এই সংখ্যা আরও বেড়েছে।