উত্তর কোরিয়ার ‘দায়িত্বজ্ঞানহীন’ কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন কিম জং–উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন
ছবি: রয়টার্স ফাইল ছবি

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন গত সপ্তাহে কোরীয় উপদ্বীপে আঘাত হানা ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ঠেকাতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝেড়েছেন। বলেছেন, স্থানীয় কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি জাপানে আঘাত হানার পর কোরীয় উপদ্বীপের দিকে এগিয়ে যায় ঘূর্ণিঝড় খানুন। শুক্রবার ভোরে এটি উত্তর কোরিয়া উপকূলে আঘাত হানে। এতে দেশটির দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়।

দুর্বল অবকাঠামোর কারণে উত্তর কোরিয়ায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বড় ধরনের প্রভাব পড়ে। এ ছাড়া বন উজাড়ের কারণে দেশটি বন্যার ঝুঁকিতে থাকে।

কিম উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে আনবিয়ন কাউন্টিতে বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করেন। কিম বলেন, স্থানীয় কর্মকর্তাদের কাজ করার ক্ষেত্রে অত্যন্ত ‘দায়িত্বজ্ঞানহীন’ মনোভাবের কারণে অন্য এলাকার চেয়ে এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

কিমকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটির কর্মকর্তারা রাষ্ট্রীয় পদক্ষেপগুলোকে গুরুত্ব দেননি এবং কোনো পদক্ষেপ নেননি। এতে অন্য অঞ্চলের চেয়ে এ অঞ্চলটিতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড়টি কোরীয় উপদ্বীপের দিকে এগোতে শুরু করার পর পরই তা মোকাবিলায় পদক্ষেপ নিতে শুরু করেছিল উত্তর কোরিয়া। দেশটির অর্থনৈতিক খাতে ক্ষয়ক্ষতি কমাতে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল।