
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড বা জাতিগত হত্যা সংঘটনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন আইসিজে। কী বলেছেন আদালত? জেনোসাইডের অভিযোগ, মিয়ানমারের দায় ও সংখ্যালঘু এই মুসলিম জনগোষ্ঠীর ন্যায়বিচারের লড়াইয়ে এ রায়ের তাৎপর্য কী—জেনে নেওয়া যাক বিস্তারিত প্রতিবেদনে। আইসিজের ১৮৬ পৃষ্ঠার রায়ের অনুলিপি থেকে প্রতিবেদন তৈরি করেছেন মো. আবু হুরাইরাহ্ ও মুহাম্মাদ জাহিদুল ইসলাম
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড বা জাতিগত হত্যা চালানোর দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত এক ঐতিহাসিক রায়ে বলেছেন, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড চালিয়েছে দেশটি। একই সঙ্গে তারা জাতিহত্যা প্রতিরোধ, অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে।
আদালত আরও বলেছেন, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামের অভিযান পরিচালনার মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর এক উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজের ১৫ বিচারপতির মধ্যে ৯ জনের সমর্থনে এ সিদ্ধান্ত হয়। বাকি ৬ বিচারপতি এর বিপক্ষে মত দিয়েছেন।
২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। দীর্ঘ সাত বছর পর গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ রায় দেওয়া হলো।
মামলায় অভিযোগ ছিল, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর জেনোসাইডসহ বিভিন্ন ধরনের অপরাধ চালিয়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক সনদ লঙ্ঘন করেছে।
মামলায় গাম্বিয়ার পক্ষে আরও ১১টি রাষ্ট্র হস্তক্ষেপকারী হিসেবে অংশ নেয়। এর মধ্যে ছিল কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।
রায়ে আদালত শুধু ২০১৭ সালের সামরিক অভিযান বা নির্দিষ্ট কিছু হত্যাকাণ্ডের দিকে নজর দেননি। রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া, চলাচল ও বিয়ের ওপর বিধিনিষেধ, সন্তান জন্মদানে বাধা, বিদ্বেষমূলক প্রচার, গ্রাম পুড়িয়ে দেওয়া; হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতা—সব মিলিয়ে দীর্ঘদিন ধরে চলা ব্যাপক নির্যাতন–নিপীড়নের চিত্র পর্যালোচনা করেছেন বিচারপতিরা। পাশাপাশি জেনোসাইডের অভিযোগের পক্ষে গাম্বিয়া যেসব সাক্ষ্য, নথি, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, স্যাটেলাইটের ছবি এবং অন্যান্য তথ্য আদালতে জমা দিয়েছিল, সেগুলোর গ্রহণযোগ্যতা ও গুরুত্বও বিচার করেছেন।
রোহিঙ্গাদের পরিচয় ও রাখাইনের ইতিহাস নিয়ে পর্যবেক্ষণ
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বাংলাদেশের সীমান্তঘেঁষা রাখাইন রাজ্যের অবস্থান। ২০১৪ সালের আদমশুমারি অনুযায়ী, ওই রাজ্যে জনসংখ্যা ছিল প্রায় ৩২ লাখ। সেখানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী রাখাইন বা আরাকানি। রাখাইনরা প্রধানত বৌদ্ধধর্মাবলম্বী। রাজ্যে উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গারও বসবাস ছিল (জেনোসাইড শুরুর আগে)। রোহিঙ্গারা প্রধানত মুসলিম এবং নিজেদের আলাদা জাতিগোষ্ঠী হিসেবে পরিচয় দেন। তাঁদের ভাষা রোহিঙ্গা, যা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে প্রচলিত ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
মিয়ানমার সরকার দেশটির ৮টি ‘প্রধান জাতিগোষ্ঠী’ বা ১৩৫টি ‘জাতীয় জাতিগোষ্ঠী’কে (ন্যাশনাল এথনিক গ্রুপ) স্বীকৃতি দিলেও রোহিঙ্গাদের এসবের কোনোটির অন্তর্ভুক্ত করেনি। মিয়ানমার সরকার তাঁদের ‘বাঙালি’ বলে আখ্যায়িত করে আসছে। অন্যদিকে রোহিঙ্গারা নিজেদের রাখাইন অঞ্চলের দীর্ঘদিনের বাসিন্দা বলে দাবি করে আসছেন। আদালত রায়ে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করে সেই জনগোষ্ঠীই বুঝিয়েছেন, যারা নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দেন ও রাখাইন রাজ্যের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের দাবি করেন।
২০১৪ সালের আদমশুমারির হিসাবে রাখাইন রাজ্যে রোহিঙ্গার সংখ্যা ছিল ১০ লাখের বেশি। তাঁদের অধিকাংশই রাজ্যের উত্তরাঞ্চলের মংডু, বুথিডং ও রাথিডং এলাকায় বসবাস করতেন। ২০১৭ সালের সামরিক অভিযানের আগে উত্তর রাখাইনে রোহিঙ্গার সংখ্যা ছিল আনুমানিক ৮ লাখ ১৫ হাজার। এর মধ্যে মংডুতে ৪ লাখ ৯২ হাজার, বুথিডংয়ে ২ লাখ ৮৬ হাজার ও রাথিডংয়ে ৩৭ হাজার মানুষ বসবাস করতেন। মংডু শহরের মোট জনসংখ্যার প্রায় ৯৩ শতাংশ, বুথিডংয়ের ৮০ শতাংশ ও রাথিডংয়ের ২২ শতাংশ ছিলেন রোহিঙ্গা।
রায়ে রাখাইন অঞ্চলের ইতিহাসও তুলে ধরেছেন বিচারপতিরা। তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমান মিয়ানমারের অধিকাংশ অঞ্চল একসময় পাগান রাজ্যের অধীন একীভূত হলেও ঐতিহাসিক আরাকান অঞ্চল তখন এর অংশ ছিল না। আরাকান পর্বতমালার কারণে অঞ্চলটি মধ্যাঞ্চল থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ছিল। পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বর্তমান রাখাইনের বড় অংশ স্বাধীন ম্রাউক-উ রাজ্যের অধীন ছিল। এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু এলাকাতেও ছিল। ১৭৮৪ সালে বার্মার (বর্তমানে মিয়ানমার) কনবাউং রাজবংশ আরাকান দখল করে নেয়।
১৮২৬ সালে প্রথম অ্যাংলো-বার্মিজ যুদ্ধের (১৮২৪–১৮২৬) পর বার্মা আরাকান অঞ্চলটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ছেড়ে দেয়। পরবর্তী সময়ে ব্রিটিশরা পুরো বার্মা দখল করে। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বার্মা। ১৯৮৯ সালে দেশটির নাম পরিবর্তন করে মিয়ানমার রাখা হয়।
কয়েক দশকের সংঘাত, বিপুল প্রাণহানি ও রোহিঙ্গাদের বাস্তুচ্যুতি
মিয়ানমারের স্বাধীনতার আগেও রাখাইনে স্থানীয় বৌদ্ধ এবং মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ও সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালে আরাকানের আলেথানকিয়াও গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় উভয় পক্ষের হাজারো মানুষ নিহত হন। স্বাধীনতার পরও উত্তর রাখাইনে সংঘাত চলতে থাকে। ১৯৪৮ সালের এপ্রিলে একদল বিদ্রোহী উত্তর রাখাইনকে মিয়ানমার থেকে বিচ্ছিন্ন করে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন। সেনাবাহিনী সেই বিদ্রোহ দমন করে। পরবর্তী কয়েক বছরেও সামরিক অভিযান চলে। ১৯৬১ সালে সর্বশেষ বিদ্রোহীরা আত্মসমর্পণ করেন।
১৯৬২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে তাতমাদো নামে পরিচিত মিয়ানমারের সেনাবাহিনী। ২০১৬ সালের মার্চে নতুন বেসামরিক সরকার গঠনের আগপর্যন্ত পাঁচ দশকের বেশি সময় দেশটি সামরিক শাসনের অধীন ছিল। এ সময় উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অন্তত দুটি বড় সামরিক অভিযান চালানো হয়। ১৯৭৮ সালে সহিংসতা এবং এক অভিযানের পর প্রায় দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। পরে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে চুক্তির ভিত্তিতে তাঁদের প্রায় সবাইকে ফিরিয়ে নেওয়া হয়। ১৯৯১ সালের শেষ দিকে ও ১৯৯২ সালের শুরুতে একই ধরনের আরেকটি অভিযান চালানো হয়। এতে আরও প্রায় দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। তাঁদের অধিকাংশ পরে মিয়ানমারে ফিরে যান।
২০১২ সালে রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে আবারও সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও জড়িয়ে পড়েন। প্রাণহানি, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং বিপুল মানুষের অভ্যন্তরীণ ও সীমান্ত পেরিয়ে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন রোহিঙ্গা মুসলিমরা। তাঁদের এক লাখের বেশি মানুষ তখন থেকে রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ বাস্তুচ্যুত শিবিরে বসবাস করছিলেন।
২০১৩ সালে রোহিঙ্গা বিদ্রোহীরা হারাকাহ আল-ইয়াকিন নামের একটি সশস্ত্র গোষ্ঠী গঠন করেন। পরে এর নাম হয় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা। গোষ্ঠীটি উত্তর রাখাইনে সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ কার্যক্রম চালায়। ২০১৬ সালের অক্টোবর এবং ২০১৭ সালের আগস্টে আরসার সদস্যরা পুলিশ ও সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা এবং সদস্যদের ওপর হামলা চালান। এর জবাবে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী মংডু, বুথিডং ও রাথিডং এলাকায় অভিযান চালায়। মিয়ানমার এসব অভিযানকে বিদ্রোহ দমনের পদক্ষেপ হিসেবে বর্ণনা করে।
আদালত উল্লেখ করেছেন, ২০১৬ সালের অভিযানের পর প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। ২০১৭ সালের অভিযানের পর পালিয়ে আসেন ৭ লাখের বেশি।
জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তথ্যানুসন্ধানী মিশন (এফএফএম) জানিয়েছিল, মিয়ানমার সরকার ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর অভিযান শেষ হওয়ার ঘোষণা দিলেও এর পরও কিছু সময় সামরিক বাহিনীর অভিযান চলেছিল।
এ পর্যায়ে আদালতের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাগুলো সম্পর্কে গাম্বিয়া যে বিপুল তথ্যপ্রমাণ দিয়েছে, সেগুলো কতটা নির্ভরযোগ্য বলে বিবেচনা করা যায়। কারণ, মিয়ানমার জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশন ও স্বাধীন তদন্তব্যবস্থাকে দেশটিতে প্রবেশ করে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের অনুমতি দেয়নি। ফলে আদালতকে সাক্ষীদের বক্তব্য, আন্তর্জাতিক তদন্ত সংস্থার প্রতিবেদন, স্যাটেলাইটে ধারণ করা ছবি, ভিডিও, সরকারি নথি ও অন্যান্য উৎসের তথ্য যাচাই করে সিদ্ধান্তে পৌঁছাতে হয়েছে।
প্রমাণ যাচাইয়ে আদালতের কঠোর মানদণ্ড
আদালত বলেছেন, ঘটনার বিবরণ নিয়ে দুই পক্ষ—গাম্বিয়া ও মিয়ানমারের মধ্যে মতবিরোধ হয় এবং গাম্বিয়ার দেওয়া অনেক তথ্যের প্রমাণ বা গ্রহণযোগ্যতা নিয়ে মিয়ানমার প্রশ্ন তোলে।
এ অবস্থায় জেনোসাইডের অভিযোগের বিচার করতে গিয়ে আদালত প্রথমেই প্রমাণের দায় ও মানদণ্ড নির্ধারণ করেন।
সাধারণ নিয়ম অনুযায়ী, যে পক্ষ কোনো ঘটনার অভিযোগ করে, সে পক্ষকেই ঘটনার সত্যতা প্রমাণ করতে হয়। সে হিসাবে মিয়ানমার জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে—এই অভিযোগের পক্ষে প্রমাণ দেওয়ার দায়িত্ব ছিল গাম্বিয়ার। তবে মিয়ানমারও নিজেদের বক্তব্যের সমর্থনে যেসব ঘটনা বা তথ্য তুলে ধরেছে, সেগুলোর সত্যতা প্রমাণের দায়িত্ব তাদের ওপরই ছিল।
আদালত বলেন, কোনো কোনো পরিস্থিতিতে এক পক্ষের কাছে নির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়ার সুযোগ অন্য পক্ষের চেয়ে বেশি থাকতে পারে। সে ক্ষেত্রে প্রমাণ মূল্যায়নে বিষয়টি বিবেচনায় নিতে হবে। বিশেষ করে কোনো রাষ্ট্রের ভূখণ্ডে থাকা তথ্যপ্রমাণ সংগ্রহে অভিযোগকারী পক্ষ বাধার মুখে পড়লে আদালতকে তা বিবেচনা করতে হবে।
আদালত আরও বলেন, মিয়ানমার সরাসরি জেনোসাইড চালিয়েছে কি না, তা প্রমাণের জন্য যেমন অকাট্য প্রমাণ লাগবে; তেমনি দেশটি জেনোসাইডের ষড়যন্ত্র করেছে, উসকানি দিয়েছে, চেষ্টা করেছে বা এতে সহযোগিতা করেছে—জেনোসাইড কনভেনশনের তৃতীয় অনুচ্ছেদে উল্লেখ করা এসব ‘অন্যান্য অপরাধ’ প্রমাণ করতেও আদালতকে ‘সম্পূর্ণ নিশ্চিত’ হওয়ার মতো শক্তিশালী প্রমাণ দিতে হবে। আবার, জেনোসাইড প্রতিরোধ করা ও অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রেও উচ্চমাত্রার নিশ্চয়তা প্রয়োজন।
মিয়ানমারের বিরুদ্ধে আনা ওইসব অভিযোগের গুরুত্ব বিবেচনায় প্রমাণের মানদণ্ড কঠোর হওয়াই স্বাভাবিক বলে বিবেচনা করেছেন বিচারপতিরা।
গাম্বিয়া ও মিয়ানমারের প্রমাণ উপস্থাপন
গাম্বিয়া আদালতে বিভিন্ন ধরনের প্রমাণ জমা দেয়। এর মধ্যে ছিল রোহিঙ্গা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, লিখিত জবানবন্দি, ভিডিও সাক্ষ্য, সাবেক তাতমাদো সেনাদের বক্তব্য, জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশন (এফএফএম) ও মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্তব্যবস্থার (আইআইএমএম) প্রতিবেদন, জাতিসংঘের অন্যান্য সংস্থার নথি, স্যাটেলাইটের ছবি ও তথ্য। এ ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার ৫০টির বেশি প্রতিবেদনও আদালতে উপস্থাপন করা হয়। গাম্বিয়া ৮০ জন ভুক্তভোগীর সংক্ষিপ্ত সাক্ষ্যসংবলিত একটি নথিও জমা দেয়।
অন্যদিকে মিয়ানমার একজন সাক্ষীকে আদালতে হাজির করে। পাশাপাশি ৪৫ জনের লিখিত সাক্ষ্য, সরকারি নথি, জনসংখ্যার তালিকা, সামরিক অভিযানের প্রতিবেদন, সেনাবাহিনীর যুদ্ধ পরিচালনার নিয়ম ও দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন জমা দেয়।
প্রমাণের গ্রহণযোগ্যতা নির্ধারণে আদালত বলেন, কোনো সাক্ষীর বক্তব্য কতটা গুরুত্ব পাবে, তা নির্ভর করবে বক্তব্যের ধরন, সাক্ষীর ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা ও বক্তব্য দেওয়ার পরিস্থিতির ওপর। প্রত্যক্ষদর্শীর বক্তব্য, ঘটনার কাছাকাছি সময়ে তৈরি নথি ও অন্য নির্ভরযোগ্য উৎসের সঙ্গে মিলে যায়—এমন তথ্যকে বেশি গুরুত্ব দেওয়া হবে। কোনো বক্তব্যে সাক্ষীর পরিচয় গোপন রাখা হলে তা আদালতের পক্ষে যাচাই করা কঠিন হতে পারে। তবে শুধু পরিচয় গোপন থাকার কারণে সেই সাক্ষ্য পুরোপুরি বাতিল করা যায় না। আদালত প্রতিটি বক্তব্যের নির্ভরযোগ্যতা আলাদাভাবে যাচাই করেছেন।
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে নির্ভরযোগ্য মনে করেছেন আদালত
মিয়ানমার জাতিসংঘের স্বাধীন তথ্যানুসন্ধানী মিশন এফএফএমের প্রতিবেদনকে নির্ভরযোগ্য নয় বলে দাবি করে। দেশটির যুক্তি ছিল, মিয়ানমার ওই মিশনের সঙ্গে সহযোগিতা করেনি এবং মিশনকে দেশটিতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। ফলে তদন্ত একপক্ষীয় হয়েছে। এ ছাড়া মিশন ফৌজদারি আদালতের মতো প্রমাণের মানদণ্ড অনুসরণ করেনি বলেও দাবি করে মিয়ানমার। তাদের মতে, সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি প্রতিবেদনগুলো প্রত্যক্ষ প্রমাণ নয়; বরং অন্যের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভরশীল।
তবে আদালত এ যুক্তি পুরোপুরি গ্রহণ করেননি। এফএফএম ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারে সংঘটিত ঘটনাবলি (পূর্বে উল্লেখ করা হয়েছে) নিয়ে ২০১৮ ও ২০১৯ সালে দুটি বড় প্রতিবেদন তৈরি করেছিল। এ ছাড়া যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এবং মিয়ানমারের সেনাবাহিনীর অর্থনৈতিক স্বার্থ নিয়েও প্রতিবেদন তৈরি করেছিল সংস্থাটি। আদালত জানান, এফএফএম মোট ১ হাজার ২৯৪ জনের সাক্ষাৎকার নিয়েছিল। ওই সাক্ষীদের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে তাঁদের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ, ঘটনার সময় তাঁদের বয়স, মানসিক আঘাতের অভিজ্ঞতা এবং ঘটনার পর থেকে সাক্ষাৎকার নেওয়া পর্যন্ত সময়ের ব্যবধান বিবেচনায় নেওয়া হয়েছিল।
জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন মিয়ানমারে প্রবেশ করতে না পারলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছ থেকে সাক্ষ্য সংগ্রহ করে। তাঁদের বড় অংশের সাক্ষাৎকার নেওয়া হয় কক্সবাজারের শরণার্থীশিবিরে। এ ছাড়া স্যাটেলাইট ছবি, যাচাই করা অন্যান্য ছবি ও ভিডিও, মিয়ানমার সরকারের প্রকাশিত তথ্য, আইন, নীতিমালা ও নির্দেশনাও পর্যালোচনা করা হয়। আদালত বলেন, এফএফএমের ব্যবহৃত পদ্ধতি ছিল কঠোর ও সুসংগঠিত। তাদের দেওয়া প্রতিবেদনগুলোর অনেক তথ্য অন্য সাক্ষ্য, স্যাটেলাইট ছবি ও নথির সঙ্গে মিলে যায়। তাই এগুলো সামগ্রিকভাবে নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে বিবেচনা করা হয়েছে।
মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্তব্যবস্থা ‘আইআইএমএম’–এর প্রতিবেদনগুলোও যথেষ্ট গুরুত্ব দিয়েছেন বিচারপতিরা। সংস্থাটি ২০২৪ ও ২০২৫ সালে রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক বক্তব্য, যৌন সহিংসতার বিচার, আরসার অস্ত্রের ব্যবহার, রোহিঙ্গাদের আটক এবং তাঁদের জমি ও সম্পত্তি ধ্বংসের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
আইআইএমএমের কাজ এফএফএমের মতো সামগ্রিকভাবে ঘটনার বিবরণ তৈরি করা নয়; বরং নির্দিষ্ট বিষয়ে অপরাধের প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করা। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য, স্যাটেলাইট ছবি, ডিজিটাল প্রমাণ, ছবি-ভিডিও, সরকারি নথি, আইন, সামরিক আদেশ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ব্যবহার করেছে। আদালতের মতে, আইআইএমএমের প্রমাণ সংগ্রহের পদ্ধতি কঠোর এবং আন্তর্জাতিক অপরাধের বিচারসংক্রান্ত মানদণ্ড অনুসরণ করে তৈরি। তাই সংস্থাটির প্রতিবেদনগুলোকে যথেষ্ট প্রমাণমূল্য দেওয়া যায়।
রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার সংকুচিত করা
অভিযোগ প্রমাণের মানদণ্ড ও উৎস যাচাইয়ের পর আদালত রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের দীর্ঘদিনের আচরণ পর্যালোচনা করেন। আদালতের পর্যবেক্ষণ হলো ১৯৪৮ সালে দেশটির স্বাধীনতার পরও রোহিঙ্গারা নাগরিক ও রাজনৈতিক জীবনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে তাঁদের পরিচয়, নাগরিকত্ব ও মৌলিক অধিকার সংকুচিত হতে থাকে। বিশেষ করে ১৯৮২ সালের নাগরিকত্ব আইন তাঁদের অবস্থান আরও অনিশ্চিত করে তোলে।
ওই আইনে মিয়ানমার সরকার আটটি ‘প্রধান জাতিগোষ্ঠী’ ও ‘১৩৫টি জাতীয় জাতিগোষ্ঠী’র স্বীকৃতি দেয়। রোহিঙ্গাদের এসব তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। মিয়ানমারের আইন অনুযায়ী, নাগরিকত্ব পাওয়ার জন্য নির্দিষ্ট জাতিগোষ্ঠীর সদস্য হওয়া অথবা পূর্বপুরুষদের নির্দিষ্ট সময় থেকে দেশটিতে বসবাসের প্রমাণ দেওয়ার মতো শর্ত ছিল।
আদালত বলেন, এ আইনের ফলে রোহিঙ্গাদের জন্য নাগরিকত্ব পাওয়ার পথ বাস্তবে কঠিন ও অনিশ্চিত হয়ে পড়ে। তাঁদের অনেককে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে জাতীয় যাচাইকরণ কার্ড বা এনভিসি গ্রহণের জন্য চাপ দেওয়া হয়। এ কার্ড থাকলেও নাগরিকত্বের সমান অধিকার পাওয়া যায় না; বরং চলাচল, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুযোগ পাওয়ার ক্ষেত্রে নানা শর্তের মুখোমুখি হতে হয় তাঁদের।
বিয়ের অনুমতি, সন্তান জন্মদান ও জন্মনিবন্ধনের ক্ষেত্রেও রোহিঙ্গাদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আদালতের পর্যালোচনায় উঠে আসে, ১৯৯৩ সাল থেকে উত্তর রাখাইনের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের বিয়ের ক্ষেত্রে প্রশাসনিক অনুমতির প্রয়োজন হতো। ২০০৫ সালের আঞ্চলিক নির্দেশনায় অনুমতি নিয়ে বিয়ে করা দম্পতিদের সন্তানসংখ্যার ওপরও বিধিনিষেধের কথা বলা হয়। এসব নিয়ম ভাঙলে জরিমানা, আটক বা অন্য শাস্তির মুখে পড়তে হতো। জন্মনিবন্ধন ও জন্মসনদ পাওয়ার ক্ষেত্রেও রোহিঙ্গারা বৈষম্যের শিকার হন।
আদালত বলেন, এসব ব্যবস্থা শুধু প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল না; রোহিঙ্গাদের দৈনন্দিন জীবন, পরিবার গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও এর বিরূপ প্রভাব পড়ে।
রোহিঙ্গাদের চলাচল, কাজের সুযোগ ও জীবনযাত্রার ওপরও নানা নিয়ন্ত্রণ ছিল। এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে তাঁদের অনুমতি নিতে হতো। যাতায়াতের সময় বৈধ কাগজপত্র থাকলেও অনেককে ঘুষ বা নানা ধরনের ফি দিতে হতো বলে প্রমাণ পাওয়া যায়। ২০১৬ সালের পর রাখাইনে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়। ২০১২ সালের সাম্প্রদায়িক সহিংসতার পর এক লাখের বেশি রোহিঙ্গা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত শিবিরে আটকে ছিলেন। আদালত উল্লেখ করেন, রাখাইনবিষয়ক পরামর্শক কমিশন ২০১৭ সালে ওই শিবিরগুলোতে রোহিঙ্গাদের জীবনযাত্রার অবস্থা অত্যন্ত খারাপ বলে জানিয়েছিল।
সেনাপ্রধানের বক্তব্য ও সামাজিকমাধ্যমে রোহিঙ্গাবিরোধী প্রচার
রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়টিও আলাদাভাবে পর্যালোচনা করেছেন আদালত। ২০১২ সালের সহিংসতার পর মিয়ানমারের সংবাদমাধ্যম, বৌদ্ধধর্মীয় নেতাদের বক্তব্য এবং বিভিন্ন মহলের অপপ্রচারে রোহিঙ্গাদের হেয় করা ও অমানবিক হিসেবে তুলে ধরার প্রবণতা বেড়েছিল। তাঁদের ‘বিদেশি’, ‘বিপজ্জনক’ ও অন্য জনগোষ্ঠীর জন্য হুমকি হিসেবে চিত্রিত করা হতো। আদালত বলেন, এ ধরনের বক্তব্য শুধু সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না; রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বিভিন্ন বক্তব্যেও এর প্রতিফলন ছিল।
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং ২০১৭ সালের সামরিক অভিযানের সময় ও পরে একাধিক বক্তব্য দেন। ওই বছর ১ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি রোহিঙ্গাদের ‘বাঙালি সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, রোহিঙ্গারা নিজেদের ‘রোহিঙ্গা’ বলে পরিচয় দিলেও মিয়ানমারে ‘রোহিঙ্গা’ নামে কোনো জাতিগোষ্ঠী নেই।
একই মাসে সেনাসদস্যদের সম্মাননা দেওয়ার আরেক অনুষ্ঠানে মিন অং হ্লাইং বলেন, ‘বাঙালি’ জনগোষ্ঠীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে এবং বিদেশিরা স্থানীয় জাতিগোষ্ঠীর জমি দখলের চেষ্টা করছে। পরে ডিসেম্বরে সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি রাখাইনের জাতিগত সংখ্যালঘুদের (রোহিঙ্গাদের জাতিগত গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয় না) রক্ষার কথা বলেন ও ‘জেনোসাইড’ ঠেকানোর প্রসঙ্গ তোলেন।
আদালতের মতে, সেনাপ্রধানের এসব বক্তব্য শুধু আরসার হামলায় জড়িত ব্যক্তিদের সমালোচনায় সীমাবদ্ধ ছিল না; বরং রোহিঙ্গাদের সামগ্রিকভাবে অন্য জাতিগোষ্ঠীর জন্য হুমকি হিসেবে তুলে ধরা হয়। তাঁদের ‘দীর্ঘদিনের সমস্যা’ হিসেবে বর্ণনা করা হয় এবং দেশের স্বীকৃত জাতিগোষ্ঠীগুলো তাঁরা গ্রাস করে ফেলতে পারেন, এমন ধারণা ছড়ানো হয়।
আদালত মনে করেন, এ ধরনের বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা উসকে দিতে সক্ষম ছিল।
সামাজিকমাধ্যম ফেসবুকেও সেনাবাহিনী সম্পর্কিত একটি সমন্বিত প্রচারব্যবস্থার প্রমাণ পেয়েছে আদালত। ২০১৭ সালের সামরিক অভিযানের সময় মিয়ানমারে ফেসবুক ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম। ২০১৮ সালের আগস্টে ফেসবুক কর্তৃপক্ষ মিয়ানমারের ৪৩টি পেজ সরিয়ে দেয়। এর মধ্যে ছয়টি পেজ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষিদ্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল। এসব পেজের মধ্যে সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ব্যক্তিগত এবং সেনাবাহিনীর সর্বাধিনায়কের কার্যালয়ের পেজও ছিল। বাকি ৩৭টি পেজ সমন্বিত ও ভুয়া প্রচারের মাধ্যমে গোপনে সেনাবাহিনীর বার্তা ছড়ানোর অভিযোগে সরানো হয়।
মিয়ানমার অবশ্য সমন্বিত প্রচারব্যবস্থার অস্তিত্ব অস্বীকার করে। দেশটির বক্তব্য ছিল, সেনা বা পুলিশ সদস্যরা পেজগুলো পরিচালনা করে থাকলেও তা তাঁদের সরকারি দায়িত্বের বাইরে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়াই করা হয়েছে।
কিন্তু আদালত বলেন, আইআইএমএমের অনুসন্ধানে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে এসব পেজের বিদ্বেষমূলক প্রচারের সমন্বিত সম্পর্কের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। মিয়ানমারও এ অনুসন্ধান খণ্ডন করার মতো প্রমাণ দিতে পারেনি।
এসব পেজে রোহিঙ্গাদের বিদেশি অনুপ্রবেশকারী, সহিংস ও বৌদ্ধধর্মের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরা হতো। তাঁদের জনসংখ্যা বৃদ্ধি, কথিত ‘ইসলামীকরণ’ ও বৌদ্ধ জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে ভয় ছড়ানো হতো।
২০১৭ সালের ২৮ আগস্ট, চুট পিন ও মং নু গ্রামে অভিযানের পরদিন—সামরিক পোশাক পরা এক ব্যক্তির ভিডিও অন্তত চারটি পেজে প্রকাশ করা হয়। ভিডিওতে ওই ব্যক্তি রোহিঙ্গাদের ‘পশু’ হিসেবে উল্লেখ করে তাঁদের গ্রাম পরিষ্কারের কথা বলেন এবং স্থানীয় বাসিন্দাদের অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে উৎসাহিত করেন।
একই বছরের ৬ সেপ্টেম্বর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত দুটি পেজে প্রকাশিত আরেকটি পোস্টে মুসলিমদের কথিত ‘জিহাদি পরিকল্পনা’র কথা বলা হয়। সেখানে মিয়ানমারের বৌদ্ধদের ঘরে থাকা ছুরি ধার দিয়ে রাখার আহ্বান জানানো হয়। আদালতের পর্যবেক্ষণে এসব বার্তা রোহিঙ্গাদের অমানবিক হিসেবে তুলে ধরেছে, তাঁদের বিদেশি অনুপ্রবেশকারী ও জাতিগত ‘বিশুদ্ধতা’র জন্য অস্তিত্বগত হুমকি হিসেবে চিত্রিত করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে সহিংসতাকে উৎসাহিত বা সমর্থন করেছে।
আরসার হামলা ও সামরিক অভিযানের প্রেক্ষাপট
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানের আগে আরসার তৎপরতার বিষয়ও আদালত বিবেচনায় নিয়েছেন। মিয়ানমারের দাবি ছিল, ২০১৬ ও ২০১৭ সালে দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছিল। আরসা ২০১৬ সালের ৯ অক্টোবর উত্তর রাখাইনে তিনটি নিরাপত্তাচৌকিতে হামলা চালায়। ২০১৭ সালের ২৫ আগস্ট তারা অন্তত ৩০টি নিরাপত্তা স্থাপনা ও বাহিনীর সদস্যদের ওপর সমন্বিত হামলা চালায়। আদালত এসব হামলার ঘটনা স্বীকার করেছেন।
তবে আদালত আরসার সামরিক সক্ষমতা ও তৎপরতার মাত্রাও বিবেচনায় নিয়েছেন। প্রমাণ অনুযায়ী, গোষ্ঠীটির অস্ত্রভান্ডার সীমিত ছিল। তাদের অনেক সদস্যের কাছে সামরিক প্রশিক্ষণ বা উন্নত অস্ত্র ছিল না। ফলে আরসার হামলা যে ঘটেছিল, আদালত তা মেনে নিলেও পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনীর চালানো সব কর্মকাণ্ড ওই হামলার জবাব হিসেবে গ্রহণ করেননি। বিচারকেরা মনে করেন, কোনো সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দেওয়ার অধিকার থাকলেও সেই অজুহাতে বেসামরিক জনগোষ্ঠীর ওপর নির্বিচার সহিংসতা চালানো যায় না।
২০১৭ সালের ২৫ আগস্ট আরসার হামলার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উত্তর রাখাইনে অভিযান শুরু করে। মিয়ানমারের দাবি, ওই বছরের ৫ সেপ্টেম্বর অভিযান শেষ হয়। তবে গাম্বিয়া বলেছে, অভিযান ২০১৮ সাল পর্যন্ত গড়ায়। জাতিসংঘ তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনেও ৫ সেপ্টেম্বরের পর অভিযান চলে বলে উল্লেখ করা হয়।
গ্রামে গ্রামে হত্যা, ধর্ষণ ও বাড়িঘরে আগুন
রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো ২০১৭ সালের সামরিক অভিযানে বিভিন্ন গ্রামে কী ঘটেছিল, তার বিবরণ। আদালত মংডু, বুথিডং ও রাথিডং এলাকার একাধিক গ্রামের ঘটনা পর্যালোচনা করেছেন। এর মধ্যে মিন গি, চুট পিন ও মং নু গ্রামের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সাক্ষীদের জবানবন্দি, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, স্যাটেলাইট ছবি এবং অন্যান্য নথি মিলিয়ে আদালত এসব ঘটনার সত্যতা যাচাই করেছেন।
মিন গি: নদীর তীরে জড়ো হওয়া মানুষের ওপর গুলি
মংডু এলাকার রোহিঙ্গা-অধ্যুষিত গ্রাম মিন গি’তে ২০১৭ সালের ৩০ আগস্ট সকালে অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনীর ৯৯তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই অভিযানে সেনারা নির্বিচার বেসামরিক মানুষকে হত্যা করে। নিহতদের মধ্যে শিশু এবং পালানোর চেষ্টা করা মানুষও ছিলেন। পুরুষদের নারীদের কাছ থেকে আলাদা করে হত্যা করা হয়। ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়। মানুষ, মরদেহ ও বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে গ্রামের কাছে রাখাইন বৌদ্ধ জাতিগোষ্ঠীর বসতিগুলো অনেকটাই অক্ষত ছিল।
মিয়ানমার দাবি করেছিল, মিন গির আশপাশে ২৫ ও ২৬ আগস্ট আরসার হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছিল। আদালত স্বীকার করেছেন, গ্রামের কাছাকাছি এলাকায় আরসার তৎপরতা ছিল। তবে মিন গি গ্রামের ভেতরে সেনা অভিযানের আগে আরসার কোনো হামলার প্রমাণ পাওয়া যায়নি।
৩০ আগস্ট সকালে নিরাপত্তা বাহিনী ওই গ্রামের উত্তর দিক দিয়ে প্রবেশ করে। তাদের সঙ্গে আশপাশের গ্রামের রাখাইন ও অন্য জাতিগোষ্ঠীর কিছু লোকও ছিলেন। তাঁদের হাতে ছিল বড় ছুরি, দা ও স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন অস্ত্র। গ্রামে ঢোকার পর নিরাপত্তা বাহিনী গুলি চালায় এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার দিন সেনারা গ্রামের ভেতরে এগিয়ে আসতে থাকলে বাসিন্দারা পালাতে শুরু করেন। কেউ পাহাড়ের দিকে, কেউ নদীতীরের বালুচরে ছুটে যান। সেখানে পৌঁছানো মানুষ কার্যত আটকা পড়ে যান। নিরাপদে পালানোর একমাত্র উপায় ছিল নদী সাঁতরে পার হওয়া। নিরাপত্তা বাহিনী নদীর তীরে জড়ো হওয়া মানুষের ওপর গুলি চালায়। কয়েক শ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। অনেকে নদী সাঁতরে পালানোর চেষ্টা করেন। এ সময় বয়স্ক ও শিশুরা ডুবে মারা যান; অনেকে পানিতে নামার সময়ও গুলিবিদ্ধ হন।
নদীর তীরে থেকে যাওয়া কয়েক শ মানুষকে পরে এক জায়গায় জড়ো করা হয়। নারী ও শিশুদের পুরুষদের থেকে আলাদা করে বসিয়ে রাখা হয়। পুরুষদের সারিবদ্ধ করে হাঁটতে বলা হয়। তাঁরা হাঁটতে শুরু করলে সেনারা তাঁদের ওপর গুলি চালান। এরপর নারী ও শিশুদের ওপরও হামলা করা হয়। কাউকে গুলি করা হয়, কাউকে নদীতে বা আগুনের মধ্যে ছুড়ে ফেলা হয়। আহত হয়ে যাঁরা বেঁচে ছিলেন, তাঁদের অনেককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।
হামলার শিকার ব্যক্তিদের মরদেহ একাধিক গর্তে ফেলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এক সাক্ষী আদালতকে জানান, কয়েকজন জীবিত পুরুষকে দিয়ে গর্ত খোঁড়ানো হয়েছিল। গর্ত তৈরি হওয়ার পর তাঁদেরও গুলি করে হত্যা করা হয়। সেনারা মরদেহগুলো গর্তে ফেলে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় শিশুদেরও গুলি, ছুরি ও আগুনের মাধ্যমে হত্যা করার কথা উঠে এসেছে। কাউকে কাউকে নদীতে ছুড়ে ফেলা হয়।
আদালত সাক্ষীদের এসব বিবরণকে বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করেছেন।
নারী ও মেয়েদের একটি অংশ যৌন সহিংসতার শিকার হন। কয়েকজনকে বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। আদালত বলেন, মিন গিতে সেদিন ঠিক কতজন নিহত হয়েছিলেন, তা নির্ধারণ করা কঠিন। তবে সাক্ষ্য ও অন্যান্য প্রমাণে বহু মানুষ হত্যার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে।
চুট পিন: নারী-শিশুসহ বেসামরিক মানুষের ওপর নৃশংসতা
মংডু এলাকার আরেকটি রোহিঙ্গা গ্রাম চুট পিনে ২০১৭ সালের ২৫ আগস্ট আরসার হামলার কাছাকাছি সময় সামরিক অভিযান চালানো হয়। মিয়ানমারের দাবি ছিল, গ্রামটি আরসার জন্য গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। আদালত বলেন, আশপাশে আরসার হামলার ঘটনা ঘটেছিল। তবে নিরাপত্তা বাহিনী গ্রামটি ঘিরে ফেলার পর সেখানে যে অভিযান চালায়, তার বিবরণে বেসামরিক মানুষের ওপর ব্যাপক সহিংসতার প্রমাণ পাওয়া গেছে।
সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, নিরাপত্তা বাহিনী গ্রামটিতে ঢুকে গুলি চালায়। পুরুষ এবং কিশোরদের নারী ও ছোট শিশুদের কাছ থেকে আলাদা করা হয়। তাঁদের ওপর নির্যাতন চালানো হয়। নারী ও মেয়েদের ধর্ষণসহ যৌন সহিংসতার শিকার হওয়ার বহু বিবরণ পাওয়া যায়। প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক মানুষ ও শিশুরাও হামলার শিকার হন। পালানোর চেষ্টা করা অনেককে গুলিতে হত্যা করা হয়। কেউ কেউ আগুনে পুড়ে মারা যান।
স্যাটেলাইট ছবিতে ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর চুট পিনের রোহিঙ্গাদের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার চিত্র পাওয়া যায়।
আদালত উল্লেখ করেন, মিয়ানমারের সেনাবাহিনী নিজস্ব প্রতিবেদনে ওই এলাকায় ১ হাজার ৭০০টি গুলি ব্যবহার করার কথা জানিয়েছিল। একই প্রতিবেদনে নিহত মানুষের সংখ্যা উল্লেখ করা হয়েছিল। আদালত সাক্ষ্য ও অন্যান্য তথ্যপ্রমাণ মিলিয়ে চুট পিনে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং গ্রাম ধ্বংসের ঘটনা প্রতিষ্ঠিত বলে মনে করেন।
মং নু: আশ্রয় নিতে যাওয়া মানুষদের হত্যা
বুথিডং এলাকার মং নু গ্রামে ২০১৭ সালের ২৭ আগস্ট অভিযান চালানো হয়। ওই সময় আশপাশের এলাকা থেকে পালিয়ে আসা অনেক মানুষ গ্রামটিতে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের ধারণা ছিল, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে—এমন একজন ব্যক্তির বাড়িতে গেলে তাঁরা নিরাপদ থাকবেন; কিন্তু সেনারা ওই বাড়ি ও আশপাশের এলাকায় প্রবেশ করেন। সেখান থেকে পুরুষ ও তরুণদের আলাদা করে হাত পেছনে বেঁধে মাটিতে শুইয়ে রাখা হয়। তাঁদের মারধর ও নির্যাতন করা হয়।
এক সাক্ষীর জবানবন্দি অনুযায়ী, একজন সেনা কর্মকর্তা ফোনে জানতে চান, আটক ৮৭ পুরুষ ও ছেলেকে নিয়ে কী করা হবে। পরে কয়েকজন করে তাঁদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। সাক্ষীরা জানান, তাঁদের অনেককে গুলি করে হত্যা করা হয়। একজন সাক্ষী নিজের বাবার মরদেহও দেখতে পেয়েছিলেন। আট বছর বয়সী তাঁর এক ভাগনেকেও সেদিন হত্যা করা হয়। আরও এক সাক্ষী জানান, সেনারা পুরুষদের গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছিলেন।
মং নুতে কয়েকজন নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন। গ্রামে বহু মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সেনারা গাড়িতে করে মরদেহ সরিয়ে নেন। পরে কোথাও কোথাও অগভীর গণকবরের চিহ্ন পাওয়া যায়।
সাক্ষ্য অনুযায়ী, গ্রামটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। স্যাটেলাইট ছবিতে মং নু ও পাশের হপং তাও পিন গ্রামের মধ্যবর্তী এলাকায় ৩২০টির বেশি স্থাপনা আগুনে ধ্বংস হওয়ার প্রমাণ পাওয়া গেছে। আদালত বলেন, মং নুতে নিহতের সংখ্যা নিশ্চিতভাবে নির্ধারণ করা কঠিন। তবে বিভিন্ন প্রমাণে অন্তত ৮২ জন নিহত হওয়ার তথ্য সমর্থিত হয়েছে; জাতিসংঘ তথ্যানুসন্ধানী মিশন নিহতের সংখ্যা ১০০ পর্যন্ত হতে পারে বলে অনুমান করেছিল।
আদালত মিন গি, চুট পিন ও মং নুর বাইরেও ছয়টি এলাকায় গুরুতর সহিংসতা চালানোর ঘটনা পর্যালোচনা করেছেন।
আদালতের পর্যালোচনায় এসব স্থানেও হত্যা, যৌন সহিংসতা, গ্রাম পুড়িয়ে দেওয়া এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করা মানুষের ওপর হামলার প্রমাণ উঠে এসেছে।
৭ লাখের বেশি মানুষের বাংলাদেশে পালিয়ে যাওয়া ও গ্রাম ধ্বংসের ব্যাপকতা
২০১৭ সালের অভিযানের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যান। আদালত বলেন, তাঁদের অনেকে নিরাপত্তা বাহিনীর হামলা, হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুন এবং অন্যান্য সহিংসতার মুখে পালাতে বাধ্য হন। পালানোর পথেও তাঁদের ওপর হামলা চালানো হয়। অনেকে গুলিবিদ্ধ হন, কেউ আগুনে পুড়ে আহত হন। নদী ও সীমান্ত পেরিয়ে পালানোর সময়ও অনেকে বিপদে পড়েন।
আদালত এসব ঘটনাকে শুধু অভিযানের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখেননি; বরং রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো সামগ্রিক সহিংসতার অংশ হিসেবে মূল্যায়ন করেছেন।
রোহিঙ্গাদের গ্রাম ও বসতভিটা ধ্বংসের ব্যাপকতাও আদালতের বিবেচনায় এসেছে। স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে উত্তর রাখাইনের তিনটি এলাকায় ৩৯২টি গ্রাম আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছিল। গ্রামগুলোর জনসংখ্যা ছিল আনুমানিক ৩ লাখ ২৬ হাজার।
মিয়ানমার গ্রাম পোড়ানোর ঘটনা অস্বীকার করেনি। তবে তাদের বক্তব্য ছিল, সব আগুনের জন্য নিরাপত্তা বাহিনী দায়ী নয়; আরসা বা অজ্ঞাত ব্যক্তিরাও আগুন লাগিয়ে থাকতে পারে। কিন্তু আদালত বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, স্যাটেলাইট ছবি এবং সাবেক সেনাসদস্যদের বক্তব্যে দেখা যায়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা গ্রামে প্রবেশ করে এবং পরিকল্পিতভাবে আগুন লাগায়। গ্রাম পোড়ানোর ক্ষেত্রে আরসা বা অন্য কোনো পক্ষের ভূমিকার প্রমাণ আদালত পাননি। তাই প্রমাণের ভিত্তিতে আদালতের সিদ্ধান্ত, অভিযানের সময় ও পরবর্তী সময়ে রোহিঙ্গাদের গ্রামগুলো প্রধানত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীই পুড়িয়ে দিয়েছিল।
গ্রাম পোড়ানোর পর অনেক এলাকায় বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হয়। জমি সমতল করে সেখানে নির্মাণ করা হয় নতুন স্থাপনা। জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশন জানায়, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে মিয়ানমার সরকার ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পুড়ে যাওয়া স্থাপনা সরানো ও নতুন অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেছিল। ২০১৮ সালে স্যাটেলাইট বিশ্লেষণে দেখা যায়, আগে ধ্বংস হওয়া ৭৮টি গ্রামে বুলডোজার দিয়ে মাটি সমতল করার চিহ্ন রয়েছে। তিনটি এলাকার প্রায় ৪০ হাজার ৬০০ স্থাপনা ধ্বংস হয়েছিল বলে পরবর্তী সময়ের বিশ্লেষণে উঠে আসে।
গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত আইআইএমএমের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর রাখাইনের কয়েকটি গ্রামে রোহিঙ্গাদের বসতভিটা ও জমি ধ্বংসের পর সীমান্তরক্ষী পুলিশের ঘাঁটি নির্মাণ করা হয়েছে। কিছু এলাকায় বাংলাদেশের দিক থেকে আসা বৌদ্ধ এবং অন্য জাতিগোষ্ঠীর মানুষকে পুনর্বাসনে উৎসাহিত করা হয়। তাঁদের জন্য বাড়ি নির্মাণ করা হয় এবং আগে রোহিঙ্গাদের ব্যবহৃত জমি কাজে লাগানোর ব্যবস্থা করা হয়।
আদালত বলেন, রোহিঙ্গাদের বাড়ি, জমি, খামার ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করে সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণের মাধ্যমে তাঁদের পুরোনো বসতিতে ফিরে গিয়ে আবার সমাজ গড়ে তোলার পথ কঠিন করে দেওয়া হয়েছে।
আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, রোহিঙ্গাদের গ্রাম ও কৃষিজমি ধ্বংস করে সেখানে নিরাপত্তা বাহিনীর ঘাঁটিসহ স্থায়ী স্থাপনা নির্মাণ এবং অন্য জাতিগোষ্ঠীর মানুষকে পুনর্বাসনের জন্য উৎসাহিত করার একটি পরিকল্পিত ও সংগঠিত প্রক্রিয়ার প্রমাণ পাওয়া গেছে।
জেনোসাইডের সংজ্ঞা
রায়ে জাতিসংঘের জেনোসাইড কনভেনশনের আলোকে জেনোসাইডের সংজ্ঞা ও এর মূল উপাদানগুলো স্পষ্ট করেছেন আদালত।
জেনোসাইড কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে নিচের পাঁচটি কাজের যেকোনো একটি সংঘটিত হলে তা জেনোসাইড হিসেবে বিবেচিত হবে।
• গোষ্ঠীর সদস্যদের হত্যা;
• গোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি;
• গোষ্ঠীর সদস্যদের জীবনকে এমন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, যাতে তাঁরা পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হন;
• গোষ্ঠীর সদস্যরা যাতে সন্তান জন্ম দিতে না পারেন, সেই ব্যবস্থা করা এবং
• জোরপূর্বক এক গোষ্ঠীর শিশুদের অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা।
আদালত বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো ঘটনাকে জেনোসাইড হিসেবে প্রমাণ করতে হলে দুটি উপাদান থাকা জরুরি। প্রথমত, জেনোসাইড কনভেনশনে উল্লিখিত পাঁচটি সহিংস কাজের যেকোনো একটি বাস্তবে ঘটতে হবে। দ্বিতীয়ত, কোনো নির্দিষ্ট জাতি, বর্ণ বা ধর্মের মানুষকে শুধু তাদের ওই পরিচয়ের কারণেই পুরোপুরি বা আংশিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার সুনির্দিষ্ট উদ্দেশ্য বা বিশেষ অভিপ্রায় থাকতে হবে।
শুধু হত্যা, ধর্ষণ বা গুরুতর নির্যাতনের ঘটনা ঘটলেই তা জেনোসাইড বলে গণ্য হবে না; বরং অপরাধটিকে জেনোসাইড হিসেবে প্রতিষ্ঠিত করতে এর পেছনে পুরো জনগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার সুস্পষ্ট পরিকল্পনা বা উদ্দেশ্যও প্রমাণ করতে হবে। তবে জেনোসাইড কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদে সাংস্কৃতিক বা ধর্মীয় ঐতিহ্য ধ্বংসকে আলাদা কোনো অপরাধ হিসেবে গণ্য করা হয়নি।
রোহিঙ্গাদের সুরক্ষিত জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি
জেনোসাইড কনভেনশন অনুযায়ী রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র নৃতাত্ত্বিক ও সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, জেনোসাইড কনভেনশনের আওতায় শুধু জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীই সুরক্ষিত গোষ্ঠী হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। কোনো জনগোষ্ঠী এ স্বীকৃতি পাবে কি না, তা দুটি মানদণ্ডের ওপর নির্ভর করে। একটি হলো বাস্তবসম্মত বা বস্তুগত বৈশিষ্ট্য, অন্যটি মনস্তাত্ত্বিক বা আত্মপরিচয়গত।
মিয়ানমার শুরুতে রোহিঙ্গাদের জেনোসাইড কনভেনশনের আওতায় সুরক্ষিত জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে চায়নি। তবে দেশটি মামলার মৌখিক শুনানির সময় তাদের সুরক্ষিত জাতিগোষ্ঠী হিসেবে মেনে নেয়।
তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আদালত জানিয়েছেন, মিয়ানমারের রোহিঙ্গারা নিঃসন্দেহে একটি আলাদা নৃতাত্ত্বিক গোষ্ঠী। কারণ তাঁদের ভাষা মিয়ানমারের অন্যান্য ভাষার চেয়ে পুরোপুরি আলাদা। এ ছাড়া তাঁরা মুসলিম ধর্মাবলম্বী। রোহিঙ্গাদের নিজস্ব সংস্কৃতি, স্বতন্ত্র শিল্পকলা এবং নিজেদের ভেতরের বিরোধ মীমাংসার জন্য আলাদা সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। তাই তারা জেনোসাইড কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদের অধীন পূর্ণ আইনি সুরক্ষা পাওয়ার যোগ্য।
তিন ধরনের অপরাধের প্রমাণ
গাম্বিয়ার করা মামলায় অভিযোগ করা হয়েছিল, জেনোসাইড বলে গন্য হওয়ার জন্য যে পাঁচটি অপরাধ রয়েছে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর তার চারটিই সংঘটিত হয়েছে। এর মধ্যে তিনটি অপরাধের প্রমাণ পেয়েছেন আদালত। এগুলো হলো রোহিঙ্গাদের হত্যা করা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতিসাধন এবং সন্তান জন্মদানে বাধা দেওয়া।
১. হত্যাকাণ্ড
গাম্বিয়ার দাবি ছিল, ২০১৭ সালের সামরিক অভিযান চালিয়ে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তবে মিয়ানমার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে ওই অভিযান চালানো হয়েছিল। অভিযানে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসা সদস্যরা নিহত হয়েছেন। এ সময় কেউ কেউ অনিচ্ছাকৃতভাবে হতাহত হয়েছেন।
তবে আদালত স্পষ্ট করে বলেন, হত্যা বলতে ইচ্ছাকৃতভাবে কারও মৃত্যু ঘটানোকে বোঝায়। কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করতে চান অথবা তাঁর কাজের ফলে কারও মৃত্যু হতে পারে জেনেও সেই কাজ করেন, তবে সেটি ইচ্ছাকৃত হত্যা হিসেবেই গণ্য হবে।
আদালত জানান, ওই অভিযানে নারী ও শিশুসহ বেসামরিক রোহিঙ্গাদের সরাসরি নিশানা বানিয়ে হত্যা করা হয়েছে। নির্বিচার গুলিবর্ষণ, ছুরিকাঘাত এবং বাড়ির ভেতরে মানুষ থাকা অবস্থায় আগুন ধরিয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনাও ঘটেছে। মংডু, বুথিডং ও রাথিডংয়ের বিভিন্ন এলাকায় এসব হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। এমনকি ইন দিন গ্রামে আটক ১০ রোহিঙ্গা পুরুষকে হত্যার ঘটনায় নিজেদের সেনাদের জড়িত থাকার কথাও স্বীকার করেছে মিয়ানমার।
আদালতের মতে, ২০১৭ সালের অভিযানে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার যে হিসাব গাম্বিয়া দিয়েছে, তার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ফলে রোহিঙ্গাদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা জেনোসাইড কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদের (ক) ধারা অনুযায়ী জেনোসাইডের অপরাধের বাস্তব উপাদান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
২. গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি
জেনোসাইড কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদের (খ) ধারা অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে পুরোপুরি বা আংশিক নিধনের লক্ষ্যে তাদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করাও জেনোসাইডের শামিল। এ বিষয়ে আদালত বলেন, এ ক্ষতি স্থায়ী বা নিরাময়-অযোগ্য হওয়া জরুরি নয়। তবে তা এতটাই গুরুতর হতে হবে, যাতে ভুক্তভোগীর স্বাভাবিক জীবনযাপনের সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়।
আদালতের মতে, ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতা এ ধরনের গুরুতর ক্ষতির অন্তর্ভুক্ত। একইভাবে চোখের সামনে হত্যা বা নির্যাতনের ঘটনা দেখা, বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালানোর মতো অভিজ্ঞতাও মানুষের মনে দীর্ঘস্থায়ী মানসিক আঘাত তৈরি করতে পারে।
আদালত জানান, রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো অভিযানে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, যৌন নির্যাতন, অঙ্গহানি, মারধর ও গুলি করে আহত করার মতো ঘটনা ঘটেছে। অনেক নারী ও কিশোরীকে তাঁদের পরিবারের সদস্যদের সামনেই ধর্ষণ করা হয়েছে। যৌন সহিংসতার কারণে অনেক নারী স্বাভাবিকভাবে সন্তান ধারণের সক্ষমতা হারিয়েছেন। পাশাপাশি অনেকে সামাজিকভাবে লাঞ্ছিত হওয়া, তীব্র মানসিক আঘাত এবং স্বামী বা পরিবারের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় ভুগেছেন। এসব নৃশংসতা শুধু ভুক্তভোগীদেরই নয়; বরং তাঁদের পরিবার ও পুরো রোহিঙ্গা সমাজের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলেছে।
এ ছাড়া যাঁরা গ্রাম পুড়িয়ে দেওয়া, স্বজনদের হত্যা কিংবা শিশুদের ওপর হামলার ঘটনা প্রত্যক্ষ করেছেন, তাঁদেরও গুরুতর মানসিক ক্ষতি হয়েছে বলে আদালত মনে করেন। সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত সিদ্ধান্ত দিয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডে রোহিঙ্গাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছে।
৩. সন্তান জন্মদানে বাধা
আদালতের বিশ্লেষণে জেনোসাইডের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল রোহিঙ্গাদের সন্তান জন্মদানে বাধা দেওয়া। ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মংডু এলাকায় ‘রিজিওনাল অর্ডার ১/২০০৫’ নামে একটি আদেশ কার্যকর ছিল। ওই আদেশ অনুযায়ী রোহিঙ্গাদের বিয়ের জন্য কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিতে হতো। অনুমতি পাওয়া দম্পতিদের সন্তানসংখ্যা সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
মিয়ানমার স্বীকার করেছে, ওই আদেশের উদ্দেশ্য ছিল মংডু এলাকার জনসংখ্যা বৃদ্ধির হার কমানো; যেখানে তখন প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা বসবাস করত।
আদালত বলেন, সন্তান জন্মদানের এই বিধিনিষেধ অন্য কোনো জাতিগোষ্ঠীর ওপর একইভাবে প্রয়োগ করা হয়নি; মূলত রোহিঙ্গাদেরই এর লক্ষ্যবস্তু করা হয়েছিল।
এ ছাড়া, রোহিঙ্গা শিশুদের জন্মনিবন্ধন ও জন্মসনদ পেতে নানাভাবে বাধা দেওয়া হতো। আদালতের মতে, শিশুদের আইনি পরিচয় না দেওয়ার এ ব্যবস্থা রোহিঙ্গাদের স্বাভাবিকভাবে পরিবার গঠন ও সন্তান জন্মদানের পথে বড় বাধা তৈরি করেছিল।
২০১৭ সালের সামরিক অভিযানে ব্যাপক যৌন সহিংসতার বিষয়টিও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিচারকেরা। আদালতের তথ্য অনুযায়ী, ওই অভিযানের সময় অন্তত ১ হাজার ৮৩৪টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। ধর্ষণ ও যৌন সহিংসতায় অনেক রোহিঙ্গা নারী ও কিশোরীর প্রজননক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কেউ কেউ দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় পড়েন। পাশাপাশি, যৌন সহিংসতার শিকার নারীদের অনেকে সামাজিকভাবে চরম অপমানের শিকার হন। তাঁদের স্বামী বা পরিবারের সঙ্গে সম্পর্কও ভেঙে যায়। এসব শারীরিক ও মানসিক আঘাতের ফলে পরবর্তী সময়ে তাঁদের সন্তান ধারণ ও পরিবার গঠনের সক্ষমতা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।
আদালত পর্যবেক্ষণে বলেন, রোহিঙ্গাদের বিয়ে ও সন্তান জন্মদানের ওপর বিধিনিষেধ, শিশুদের জন্মনিবন্ধনে বাধা, ব্যাপক যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের জনসংখ্যা বৃদ্ধিকে হুমকি হিসেবে তুলে ধরা সরকারি বক্তব্য—সবকিছু একসঙ্গে বিবেচনা করলে স্পষ্ট বোঝা যায়, রোহিঙ্গাদের স্বাভাবিক প্রজননক্ষমতা নষ্ট করার অভিপ্রায় ছিল। ফলে জেনোসাইড কনভেনশনের অধীন সন্তান জন্মদানে বাধা দেওয়ার অভিযোগটিও প্রমাণিত হয়েছে।
জীবননাশের মতো পরিস্থিতি চাপিয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি
কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদের (গ) ধারা অনুযায়ী, জেনোসাইড হিসেবে গণ্য হওয়ার মতো আরেকটি অপরাধ হলো, কোনো জনগোষ্ঠীর জীবনকে এমন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, যার ফলে এক পর্যায়ে তাঁরা পুরোপুরি বা আংশিকভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। খাদ্য, চিকিৎসা, আশ্রয় বা পোশাক থেকে বঞ্চিত করা, ধারাবাহিকভাবে উচ্ছেদ, চলাচলে বাধা ও অতিরিক্ত শ্রম চাপিয়ে দেওয়ার মতো বিষয় এর আওতায় পড়ে।
আদালত বলেন, নাগরিকত্ব, চলাচল, খাদ্য ও চিকিৎসাসেবার ক্ষেত্রে রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরেই বিধিনিষেধ ছিল। ২০১২ সালের সহিংসতার পর তা আরও কঠোর করা হয়। এ ছাড়া ২০১৬ ও ২০১৭ সালের অভিযানের সময় তাঁদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছিল। বাস্তুচ্যুত শিবিরগুলোতে এক লাখের বেশি রোহিঙ্গা গাদাগাদি করে, অপর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং চলাচলের কড়াকড়ির মধ্যে মানবেতর জীবন কাটিয়েছেন। এর ফলে রোহিঙ্গা শিশুরা তীব্র অপুষ্টির ঝুঁকিতে পড়ে।
তবে বিচারকদের মতে, এ ধরনের অভিযোগ প্রমাণ করতে দেখাতে হবে, এসব পদক্ষেপের কারণে রোহিঙ্গাদের অন্তত একটি উল্লেখযোগ্য অংশের মৃত্যু হয়েছে কি না। রোহিঙ্গাদের ওপর চাপানো বিধিনিষেধ এবং খাদ্য ও চিকিৎসা সংকট যে তাঁদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই; কিন্তু এর ফলে পুরো জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, তার যথেষ্ট প্রমাণ মেলেনি।
জেনোসাইডের অভিপ্রায়
জেনোসাইডের অভিযোগ প্রমাণ করতে শুধু সহিংস ঘটনাগুলোর প্রমাণই যথেষ্ট নয়; বরং একটি নির্দিষ্ট জাতি, বর্ণ বা ধর্মের মানুষকে পুরোপুরি বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই এসব সহিংসতা করা হয়েছিল কি না, তা–ও প্রমাণ করতে হয়।
এ মামলায় জেনোসাইডের কোনো লিখিত পরিকল্পনা বা সরাসরি নির্দেশের আলামত পাওয়া যায়নি। তাই গাম্বিয়াকে পারিপার্শ্বিক বিভিন্ন প্রমাণের ওপর নির্ভর করতে হয়েছে।
আদালত বলেন, সরাসরি প্রমাণ না থাকলেও বিভিন্ন ঘটনা, বক্তব্য, রাষ্ট্রীয় নীতি ও কর্মকাণ্ড মিলিয়ে জেনোসাইডের অভিপ্রায় যাচাই করা যায়। তবে পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে একটি বিষয় নিশ্চিত হতে হবে। তা হলো, জেনোসাইডের লক্ষ্যেই এসব সহিংসতা করা হয়েছে।
জেনোসাইডের অভিপ্রায় যাচাই করতে আদালত চারটি বিষয় বিবেচনায় নেন। প্রথমত, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, বিদ্বেষমূলক বক্তব্য, সামরিক অভিযান ও জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো সামগ্রিক প্রেক্ষাপট। দ্বিতীয়ত, অভিযানে বেছে বেছে রোহিঙ্গাদেরই নিশানা করা হয়েছিল কি না। তৃতীয়ত, তাঁদের জনগোষ্ঠীগত অস্তিত্ব ও সামাজিক ভিত্তিকে আঘাত করে—এমন কোনো কাজ করা হয়েছিল কি না। চতুর্থত, এসব নৃশংসতা কতটা পরিকল্পিত, ধারাবাহিক ও ব্যাপক ছিল সেটি।
আদালত বলেন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন এবং পরে প্রশাসনিক কড়াকড়ি রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে কোণঠাসা করে রেখেছিল। বিয়ে ও সন্তান জন্মদানের ওপরও বিধিনিষেধ ছিল। এসব পদক্ষেপ রোহিঙ্গাদের নাগরিকত্ব, চলাচল, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকার সুযোগ সংকুচিত করে দেয়।
আদালতের মতে, দীর্ঘদিনের এসব বৈষম্য রোহিঙ্গাদের চরম দুর্বল ও অরক্ষিত অবস্থার দিকে ঠেলে দিয়েছিল। যদিও শুধু এসব ব্যবস্থা দিয়ে জেনোসাইডের অভিপ্রায় প্রমাণ করা যায় না। তবে অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখলে এগুলো অপরাধের গুরুত্বপূর্ণ পটভূমি স্পষ্ট করে।
জেনোসাইডের অভিপ্রায় যাচাইয়ের ক্ষেত্রে বিদ্বেষমূলক প্রচারও গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছেন আদালত। বিশেষ করে মিয়ানমারের সেনাপ্রধানের বক্তব্য এবং সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোর সমন্বিত প্রচার বিচারপতিরা বিবেচনায় নিয়েছেন।
আদালত বলেন, সামরিক অভিযান চলার সময় এসব প্রচার আরও জোরদার হয়। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের উদ্যোগে এমন বিদ্বেষ ছড়ানো হলে তা জেনোসাইডের অভিপ্রায় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, এ ধরনের বক্তব্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা চালানোর অনুকূল পরিবেশ তৈরি করে।
এ ছাড়া ১৯৭৮ এবং ১৯৯১–৯২ সালের সামরিক অভিযানের ইতিহাসও বিবেচনায় নিয়েছেন বিচারপতিরা। ওই অভিযানগুলোতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। ২০১৬ সালের অভিযানেও প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। আদালতের মতে, একই জনগোষ্ঠীর বিরুদ্ধে আগের সামরিক অভিযান ও বিতাড়নের এ ধারাবাহিকতা ২০১৭ সালের নৃশংসতার সামগ্রিক প্রেক্ষাপট বুঝতে সাহায্য করে।
রোহিঙ্গাদের বিতাড়ন
রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার ঘটনা আদালতের বিশ্লেষণে গুরুত্ব পেয়েছে। মিয়ানমার যুক্তি দিয়েছিল, সামরিক অভিযানের উদ্দেশ্য ছিল আরসার তৎপরতা দমন এবং রোহিঙ্গাদের বিতাড়িত করা; জেনোসাইড নয়। আদালত বলেন, কোনো জনগোষ্ঠীকে জোর করে এলাকাছাড়া করা জেনোসাইড নয়। তবে বিতাড়নের ধরন, এর সঙ্গে যুক্ত সহিংসতা এবং তাদের ফিরে আসার পথ বন্ধ করে দেওয়ার ঘটনা জেনোসাইডের অভিপ্রায় বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে।
আদালত বলেছেন, রোহিঙ্গারা শুধু ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হননি; পালানোর সময়ও তাঁদের ওপর গুলি চালানো হয়েছে, নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে, সীমান্তপথে স্থলমাইন পুঁতে রাখা হয়েছে এবং নারী ও কিশোরীদের ধর্ষণ করা হয়েছে। কোনো ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী তাঁদের পালাতে বাধা দিয়েছে, আবার অনেককে ধ্বংস হয়ে যাওয়া গ্রামে ফিরতে বলেছে।
আদালতের মতে, এসব নৃশংসতা শুধু একটি জনগোষ্ঠীকে এলাকা থেকে বিতাড়ন করার যুক্তির সঙ্গে মেলে না; বরং সহিংসতার ধরন, নারী-শিশুদের ওপর হামলা এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাঁদের চিরতরে ফিরে আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল।
রোহিঙ্গাদের গ্রামগুলোতে হামলার সময় আশপাশের রাখাইন জনগোষ্ঠীর বসতিগুলো অনেক ক্ষেত্রেই অক্ষত ছিল। আদালত জানান, মিন গি, চুট পিন, ইন দিন, কোয়ে তান কৌক, চেইন খার লি ও মাইং হ্লুতসহ বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করা হলেও কাছের অন্য বসতিগুলোর কোনো ক্ষতি হয়নি। অর্থাৎ হামলার লক্ষ্যবস্তু ঠিক করার ক্ষেত্রে জাতিগত পরিচয়ই ছিল মূল বিষয়। গ্রাম পুড়িয়ে দেওয়ার পর বুলডোজার চালিয়ে ধ্বংসাবশেষ সরানো, নিরাপত্তা বাহিনীর ঘাঁটি নির্মাণ এবং অন্য জাতিগোষ্ঠীর মানুষকে বসতি স্থাপনে উৎসাহিত করার ঘটনাগুলোও আদালত আমলে নিয়েছেন।
মিয়ানমারের যুক্তি নাকচ
মিয়ানমার আদালতে দাবি করেছিল, তাদের সামরিক অভিযান ছিল আরসার হামলার জবাবে একটি সন্ত্রাসবিরোধী ও বিদ্রোহ দমন অভিযান। নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য ছিল, সশস্ত্র গোষ্ঠী দমন করা, রোহিঙ্গাদের ধ্বংস করা নয়। মিয়ানমার আরও যুক্তি দেয়, আদালত চাইলে এসব ঘটনার পেছনে রোহিঙ্গাদের জোর করে বিতাড়িত করা বা শাস্তি দেওয়ার উদ্দেশ্যকেও কারণ হিসেবে দেখতে পারেন। সে ক্ষেত্রে ‘জেনোসাইডের অভিপ্রায়’কে একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা বলা চলে না।
আদালত বলেন, আরসার হামলার জবাব দেওয়ার উদ্দেশ্য থাকলেও এর পাশাপাশি জেনোসাইডের অভিপ্রায় থাকতে পারে। অর্থাৎ সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর দাবি করলেই জেনোসাইডের অভিযোগ বাতিল হয়ে যায় না। আদালতকে দেখতে হবে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী বাস্তবে কী করেছে এবং সব প্রমাণ একসঙ্গে মেলালে তাদের আসল উদ্দেশ্য কী দাঁড়ায়। বিচারপতিদের মতে, বেসামরিক মানুষের ওপর নির্বিচার গুলি, শিশুদের হত্যা, বাড়িঘরে মানুষ থাকা অবস্থায় আগুন দেওয়া, ধর্ষণ ও যৌন নির্যাতন—এসব নৃশংসতাকে কোনোভাবেই বিদ্রোহ দমনের পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা যায় না।
রোহিঙ্গাদের জোর করে বিতাড়িত করার যুক্তিটিও আদালতের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। বিচারপতিরা বলেন, উদ্দেশ্য যদি শুধু তাঁদের মিয়ানমার থেকে তাড়িয়ে দেওয়াই হতো, তবে পালানোর সময় তাঁদের ওপর হামলা, শিশু হত্যা, নৌকা ডুবিয়ে দেওয়া বা সীমান্তে স্থলমাইন পুঁতে রাখা যুক্তিসংগত নয়। উল্টো অনেক ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের পালাতে বাধা দিয়েছে। ফলে শুধু বিতাড়নের উদ্দেশ্য দিয়ে এসব নৃশংসতার ব্যাখ্যা করা সম্ভব নয়।
সব প্রমাণ একসঙ্গে বিবেচনা করে আদালত সিদ্ধান্ত দিয়েছেন, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো, দেশটির নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় নিয়েই তাদের ওপর সহিংসতা চালিয়েছে।
আদালতের হিসাব অনুযায়ী, ২০১৭ সালের অভিযানের আগে উত্তর রাখাইনে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাই ছিল এ হামলার লক্ষ্যবস্তু। সংখ্যার বিচারে এটি শুধু উল্লেখযোগ্যই নয়, মিয়ানমারের মোট রোহিঙ্গা জনগোষ্ঠীরও একটি বড় অংশ।
আদালত ঘোষণা করেন, মিয়ানমার জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে। সনদের প্রথম অনুচ্ছেদ অনুযায়ী জেনোসাইড প্রতিরোধে দেশটি ব্যর্থ হয়েছে এবং তৃতীয় অনুচ্ছেদ ভঙ্গ করে সরাসরি জেনোসাইড ঘটিয়েছে। অর্থাৎ আদালত শুধু কয়েকটি বিচ্ছিন্ন অপরাধের দায় নির্ধারণ করেননি; বরং মিয়ানমারের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডকে সরাসরি জেনোসাইড হিসেবে রায় দিয়েছেন।
জেনোসাইড প্রতিরোধে ব্যর্থ মিয়ানমার
সরাসরি জেনোসাইড ঘটানোর পাশাপাশি তা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগও বিচার করেছেন আদালত। জেনোসাইড কনভেনশনের প্রথম অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাষ্ট্র শুধু নিজে জেনোসাইড না করলেই তার দায়িত্ব শেষ হয়ে যায় না। অন্য কেউ জেনোসাইডের প্রস্তুতি নিলে বা ঝুঁকি তৈরি হলেও তা প্রতিরোধের ব্যবস্থা রাষ্ট্রকে নিতে হবে।
আদালত বলেন, কোনো রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করেও জেনোসাইড ঠেকাতে ব্যর্থ হলে তাকে দায়ী করা যাবে না; কিন্তু জেনোসাইডের গুরুতর ঝুঁকি সম্পর্কে জানার পরও রাষ্ট্র যদি হাত গুটিয়ে বসে থাকে বা কার্যকর ব্যবস্থা না নেয়, তবে সে দায়ী হবে। যে মুহূর্তে রাষ্ট্র জানতে পারে যে জেনোসাইডের গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে, ঠিক তখন থেকেই তার এ আইনি দায়িত্ব শুরু হয়ে যায়।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠীর কিছু বেসামরিক মানুষও রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন। তাঁদের কেউ কেউ হত্যা এবং বাড়িঘরে আগুন দেওয়ার মতো নৃশংসতায় জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রের নির্দেশে এসব কাজ করেছিলেন কি না, তা নিশ্চিত হতে পারেননি আদালত।
তবে বিচারপতিদের মতে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে থাকা এসব মানুষ যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইডের মতো অপরাধে জড়াতে পারেন, তা মিয়ানমার কর্তৃপক্ষ জানত। আর তা ঠেকানোর মতো ক্ষমতা মিয়ানমারের ছিল; কিন্তু দেশটি তা কাজে লাগায়নি। এ কারণেই আদালতের রায়, মিয়ানমার জেনোসাইড প্রতিরোধের বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে।
অপরাধীদের তদন্ত ও বিচারে ব্যর্থতা
জেনোসাইড কনভেনশন অনুযায়ী, জেনোসাইড বা এর ষড়যন্ত্র, উসকানি ও সহযোগিতার মতো অপরাধে জড়িতদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। অপরাধী রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা কিংবা সাধারণ নাগরিক—যেই হোন, তাঁকে বিচারের আওতায় আনতে হবে। দেশে জেনোসাইড ঘটেছে বলে সন্দেহ করার যুক্তিসংগত কারণ থাকলেই দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত শুরু করা বাধ্যতামূলক।
২০১৭ সালের অভিযানের পর মিয়ানমার স্বাধীন তদন্ত কমিশনসহ (আইসিওই) কয়েকটি সংস্থা গঠন করলেও তা ছিল লোকদেখানো। ২০২০ সালে কমিশনের প্রতিবেদনে জেনোসাইডের অভিপ্রায় অস্বীকার করা হয় এবং কোনো সেনাসদস্যকে দায়ী করা হয়নি। পরে ফৌজদারি তদন্ত সংস্থা গঠন করা হয়; কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষমতা ছিল না এ সংস্থার।
আদালত বলেন, ২০১৮ সালে জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনেই তদন্ত শুরুর জন্য যথেষ্ট তথ্য ছিল। কিন্তু মিয়ানমার জেনোসাইডের অভিযোগে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখেনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া ভুক্তভোগীদের সাক্ষ্য নেয়নি, এমনকি ধর্ষণ ও যৌন সহিংসতারও কোনো বিশ্বাসযোগ্য তদন্ত করেনি।
আদালত আরও জানান, ২০২১ সালের আগে মিয়ানমারের আইনে জেনোসাইডকে আলাদা অপরাধ হিসেবে অন্তর্ভুক্তই করা হয়নি। জেনোসাইডের তদন্ত ও বিচার নিশ্চিত করার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।
জেনোসাইড নিয়ে স্বতন্ত্র আইন করার নির্দেশ
জেনোসাইড কনভেনশন অনুযায়ী, প্রতিটি রাষ্ট্রের নিজস্ব আইনে জেনোসাইডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে যুক্ত করা বাধ্যতামূলক। মিয়ানমার আদালতে যুক্তি দিয়েছিল, হত্যা ও ধর্ষণের প্রচলিত আইন থাকায় আলাদা আইনের প্রয়োজন নেই। তবে আদালত এ যুক্তি নাকচ করে বলেন, সাধারণ অপরাধের আইনে কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার ‘বিশেষ অভিপ্রায়’ থাকে না।
মিয়ানমার ২০২১ সালে ফৌজদারি আইনে ৩১১(ক) ধারা যুক্ত করে জেনোসাইডকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করলেও তাতে বড় ত্রুটি রেখেছে। তা ছাড়া এ আইনে জেনোসাইডের ষড়যন্ত্র, উসকানি, চেষ্টা ও সহযোগিতার বিষয়গুলোও অসম্পূর্ণ। ফলে প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতা লঙ্ঘন করায় আদালত মিয়ানমারকে নতুন করে পূর্ণাঙ্গ আইন করার নির্দেশ দিচ্ছেন।
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসন
জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের দায় প্রমাণের পর মিয়ানমারকে কী ধরনের আইনি প্রতিকার ও ক্ষতিপূরণ দিতে হবে, তা নির্ধারণ করেছেন আদালত। গাম্বিয়ার দাবি ছিল, মিয়ানমারকে অপরাধ বন্ধ, ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার নিশ্চয়তা ও রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে। তবে মিয়ানমার আপত্তি জানিয়ে বলেছিল, গাম্বিয়া নিজে সরাসরি ক্ষতিগ্রস্ত রাষ্ট্র নয়; তাই রোহিঙ্গাদের পক্ষে ক্ষতিপূরণ চাওয়ার অধিকার তাদের নেই।
আদালত মিয়ানমারের এ আপত্তিও নাকচ করে দিয়েছেন। বিচারপতিদের মতে, জেনোসাইড কনভেনশনের প্রতিটি সদস্যরাষ্ট্রেরই এ কনভেনশন রক্ষায় আইনি স্বার্থ রয়েছে। তাই কোনো রাষ্ট্র নিজে ক্ষতিগ্রস্ত না হলেও রোহিঙ্গাদের স্বার্থে প্রতিকার চাইতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো রাষ্ট্রের বেআইনি কাজের কারণে অন্য রাষ্ট্রের ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে।
আদালত মিয়ানমারকে জেনোসাইড কনভেনশন লঙ্ঘন বন্ধ করতে এবং কনভেনশনের শর্ত মেনে প্রয়োজনীয় আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ভবিষ্যতে আর কখনো এমন অপরাধ ঘটবে না—এ নিশ্চয়তাও দিতে বলেছেন।
ক্ষতিপূরণের ক্ষেত্রে আদালত রোহিঙ্গাদের আগের জীবন ফিরিয়ে দেওয়ার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। এ জন্য মিয়ানমারকে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে:
নিরাপদ প্রত্যাবাসন ও সম্পত্তি ফেরত; পুনর্বাসন ও চিকিৎসা; নিহত ব্যক্তিদের বিষয়ে তথ্য প্রদান; নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা; মরদেহ উদ্ধার, শনাক্ত ও যথাযথভাবে দাফনের উদ্যোগ নেওয়া। পাশাপাশি সব ধরনের বৈষম্য ও নিপীড়ন থেকে রোহিঙ্গাদের সুরক্ষা দিতে হবে।
আদালত আরও বলেন, এসব পদক্ষেপ নেওয়ার পরও যেসব ক্ষতি কাটানো সম্ভব হবে না, সেগুলোর জন্য মিয়ানমারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
তবে ক্ষতিপূরণের অঙ্ক ও পদ্ধতি এখনই ঠিক করেননি বিচারপতিরা। রায় ঘোষণার দুই বছরের মধ্যে মিয়ানমারকে আদালতে একটি প্রতিবেদন জমা দিতে হবে। সেখানে পুনর্বাসন ও ক্ষতিপূরণে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাতে হবে। এরপর গাম্বিয়া ও মিয়ানমার—উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চূড়ান্ত ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করবেন।
চূড়ান্ত রায়
রায়ের শেষ অংশে ১৫ জন বিচারপতির ভোটের ভিত্তিতে ১৩টি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন আদালত। সিদ্ধান্ত অনুযায়ী, ৯-৬ বিচারপতির ভোটে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড চালানোর জন্য মিয়ানমারকে দায়ী করা হয়। একই ভোটে জেনোসাইড প্রতিরোধে ব্যর্থতার দায়ও দেশটির ওপর বর্তানো হয়।
এ ছাড়া ১১-৪ বিচারপতির ভোটে অপরাধীদের বিচার করতে ব্যর্থতা এবং জেনোসাইডের প্রমাণ নষ্ট হওয়া ঠেকাতে না পারার জন্য মিয়ানমারকে দায়ী করা হয়। ১০-৫ ভোটে রোহিঙ্গাদের সম্পত্তি ফেরত ও ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়। তবে ১৪-১ ভোটে জেনোসাইডে মিয়ানমারের প্রকাশ্য উসকানির অভিযোগ খারিজ হয়ে যায়।