ইন্দোনেশিয়ায় স্টেডিয়ামে এত মৃত্যুর কারণ কাঁদানে গ্যাস

ইন্দোনেশিয়ার মালাং শহরের স্টেডিয়ামে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে
ফাইল ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল স্টেডিয়ামে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু মূলত কাঁদানে গ্যাসের কারণেই হয়েছে। তদন্তে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রী মাহফুদ এমডি। আল জাজিরার খবর

স্টেডিয়ামের ভেতরে পুলিশ কেন কাঁদানে গ্যাসের শেল ছুড়েছিল, তা নিয়ে প্রশ্ন আর সমালোচনার মুখে পড়ে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ ও ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)।

এর পরপরই এ মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে নামে সরকারি কর্মকর্তা, ফুটবল ও নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি তদন্ত দল। তাদের তদন্তেই এমন তথ্য উঠে আসে।

১ অক্টোবর রাতে মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ক্লাবের মধ্যে খেলা ছিল। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। এরপর আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁদের থামাতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা দেয়। মাঠ থেকে বের হতে গিয়ে অনেকেই পদদলিত হন।

মাহফুদ এমডি শুক্রবার বলেন, ‘৩২টি নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে মনে হয়েছে, ঘটনার যতটা প্রকাশ পেয়েছে, তার চেয়ে বেশি ভয়ংকর ছিল।’

তদন্তের বিবরণীসহ ১২৪ পৃষ্ঠার সুপারিশ প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেদিনের ঘটনায় মাঠে ব্যবহৃত রাসায়নিকের বিষাক্ততার বিষয়ে আলাদাভাবে একটি দল এখনো তদন্ত করছে। নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বলেন, সেটির ফল যা হোক না কেন, কাঁদানে গ্যাসের কারণেই যে এত মানুষের মৃত্যু হয়েছে, সেই সিদ্ধান্তে তা প্রভাব ফেলবে না।

ফিফার নিরাপত্তা আইন অনুযায়ী কোনো স্টেডিয়ামে দর্শকদের নিয়ন্ত্রণের অংশ হিসেবে কাঁদানে গ্যাসের শেল ছোড়া নিষেধ।

তদন্তকারী দল তদন্তে দেখতে পেয়েছে, দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা ফিফার এ আইন সম্পর্কে জানতেন না। নির্বিচারে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছেন এবং ‘অতিরিক্ত’ ব্যবস্থা নিয়েছিলেন।

তদন্তকারীরা শেষে বলেছেন, ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নিয়ম উপেক্ষা করে অবহেলা করেছে। এমনকি আয়োজক পিটি লিগা ইন্দোনেশিয়া ব্যুরোরও অবহেলা ছিল বলে প্রমাণ পেয়েছেন। তদন্তকারীরা পিএসএসআইয়ের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির পদত্যাগের আহ্বান জানিয়েছেন।