বিয়ের প্রস্তাব কিংবা প্রেম নিবেদনের নাটকীয় দৃশ্য চলচ্চিত্রে প্রায়ই দেখা যায়। কিন্তু বাস্তবে এমন খুব কমই ঘটে। তার ওপর বিয়ের প্রস্তাবের এমন আয়োজনে যদি বিয়ের আংটিই হারিয়ে যায়, তাতে যে মুহূর্ত আরও নাটকীয় হতে পারে, সেটা দেখল ইন্টারনেট দুনিয়া। খবর এনডিটিভির
অস্ট্রেলিয়ার সিডনিতে সমুদ্রসৈকতে এমন নাটকীয় বিয়ের প্রস্তাব দেওয়ার আয়োজন করেছিলেন জে নামের এক ব্যক্তি। এ জন্য সৈকতের একটি অংশ সাজিয়েছিলেনও তিনি। সৈকতে বিছিয়েছিলেন লালগালিচা, জ্বালিয়েছিলেন মোমবাতি। করেছিলেন আলোসজ্জাও। একটি প্রতিষ্ঠানকে দিয়ে এই আয়োজন করিয়ে নিয়েছিলেন জে। সঙ্গিনী সাইকে চমকে দেওয়ার জন্য ছিল এই আয়োজন।
এই ঘটনার ভিডিওতে দেখা যায়, সবকিছু ঠিকঠাকই ছিল। জের বিয়ের প্রস্তাবে সাই রাজিও হয়েছেন। কিন্তু আংটিটি হারিয়েছেন। এই ঘটনার ভিডিওতে দেখা যায়, অনেকেই সেই আংটি খুঁজে বের করার চেষ্টা করছেন।
এ নিয়ে স্কাই নিউজ অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছেন সাই। জানিয়েছেন, আংটিটা ঢিলে ছিল। পরার পাঁচ মিনিটের মধ্যে সেটি হারিয়ে যায়। যদিও পরে সেই আংটি খুঁজে পাওয়া গেছে।
এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর ক্যাপশনে সাই লিখেছেন, ‘আমার বাগদত্তার পক্ষ থেকে দেওয়া উপদেশ হলো, বালুর ওপর দাঁড়িয়ে আঙুলে ঢিলে হয়, এমন আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেবেন না। নয়তো এ নিয়ে খবর ছাপা হবে এবং এ ঘটনার ভিডিও টিকটকে প্রকাশিত হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সাই ও জেকে নিয়ে নানান মন্তব্য করা হচ্ছে। অনেকেই তাঁদের অভিনন্দন জানিয়েছেন। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, কী অসাধারণ মুহূর্ত! আরেকজন লিখেছেন, একই সঙ্গে মজার এবং সুন্দর মুহূর্ত। তৃতীয় আরেক ব্যক্তি লিখেছেন, এই ঘটনা মনে থাকবে।