
পরিবার থেকে তাঁরা পরিত্যক্ত। ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। ভুগছিলেন একাকিত্বে। সেখানেই দুজন খুঁজে পেলেন নতুন জীবন। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার এক বৃদ্ধাশ্রমে বিয়ে করেছেন ৭৫ বছর ও ৬৩ বছর এক জুটি। বরের নাম কানাইয়া লাল ও কনের নাম সাবিনা।
ঘাঘাসের ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে হিন্দুধর্মীয় রীতিতে দুজনের বিয়ে সম্পন্ন হয়। আশ্রমের আবাসিক, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। প্রথাগত আচার, মালাবদল ও অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিলাসপুরের জেলা প্রশাসক কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং বিয়ের উপহার তুলে দেন।
বিয়ের আনন্দ শুরু হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়, হলুদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেদিন হলুদ পোশাকে সেজেছিলেন কানাইয়া লাল ও সাবিনা। ঐতিহ্যবাহী হিমাচলি গানের সুরে মেতে উঠেছিলেন দুজন। এই বিয়ে ঘিরে পুরো বৃদ্ধাশ্রমে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। আশ্রমের অন্য বাসিন্দা ও সংস্থার সদস্যরা নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং তাঁদের সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কিরণ ভাদানা বলেন, এই বিয়ে সমাজকে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। ‘আপনা ঘরের’ এমন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, বয়স যা-ই হোক, পূর্ণতা নিয়ে বেঁচে থাকার অধিকার সবার আছে। বয়স বৃদ্ধির অর্থ জীবন উপভোগ করা বা সঙ্গী খুঁজে নেওয়া থামিয়ে দেওয়া নয়।
এই বিয়ের পেছনের গল্পটি আরও বিশেষ। ‘আপনা ঘরের’ প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বনসাল জানান, ২০২২ সালে এক গুহা থেকে কানাইয়া লালকে উদ্ধার করেছিলেন তাঁরা। একসময় পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর নিজের সব সম্পত্তি ভাইদের নামে লিখে দেন। এরপরই তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং পরে এক গুহায় থাকতে শুরু করেন তিনি।
কানাইয়া লালের বাড়ি মান্ডি জেলার জাঞ্জেহলি অঞ্চলের থুনাগ গ্রামে। গুহা থেকে উদ্ধারের পর তাঁকে এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়। সেই থেকেই এখানে থাকছিলেন তিনি।
সাবিনার বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়। বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে তিনি হিমাচলে চলে এসেছিলেন। আশ্রমের পক্ষ থেকে জানানো হয়, শুরুতে তাঁকে হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় আনা হয়। পরে ২০২৫ সালে তাঁকে বিলাসপুরের এই বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়।
একই প্রতিষ্ঠানে থাকতে থাকতেই দুজনের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে এবং একসময় জীবনের বাকি দিনগুলো একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন তাঁরা।
বনসাল বলেন, সঙ্গী হিসেবেই তাঁরা একে অপরকে বেছে নিয়েছেন এবং তাঁদের এই সিদ্ধান্ত সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তাঁর মতে, পরিবার যাঁদের ত্যাগ করেছে, সমাজের উচিত তাঁদের পাশে দাঁড়ানো এবং নতুন করে জীবন গড়তে সহায়তা করা।
বিয়ের পর কানাইয়া লাল ও সাবিনা চলে যাবেন হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ে। সেখানকার একটি নতুন বৃদ্ধাশ্রমে তাঁরা দাম্পত্য জীবন শুরু করবেন।
এই বিয়েতে উপস্থিত ছিলেন জেলা কল্যাণ কর্মকর্তা রমেশ বনসাল, ‘আপনা ঘরের’ প্রতিষ্ঠাতা প্রকাশ চাঁদ বনসালসহ আরও অনেক অতিথি। এই বৃদ্ধাশ্রমটি অনেক প্রবীণকে আশ্রয় ও সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির দায়োলি কেন্দ্রে একসঙ্গে ২৫ জন থাকতে পারেন।
তবে কানাইয়া লাল ও সাবিনার কাছে এই বিয়ে একটি নতুন অধ্যায়ের চেয়েও বেশি কিছু। বহু বছরের অনিশ্চয়তা আর একাকিত্বের পর তাঁরা সঙ্গী পেয়েছেন, একে অপরের মধ্যে খুঁজে পেয়েছেন আপন ঘর।