হৃৎসমস্যায় পড়ে গেছেন থাই রাজকুমারী

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের সঙ্গে বড় মেয়ে রাজকুমারী বজ্রকিতিয়াভার
ফাইল ছবি: এএফপি

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের বড় মেয়ে রাজকুমারী বজ্রকিতিয়াভার হৃদ্‌যন্ত্রে সমস্যা হওয়ায় পড়ে গেছেন। গতকাল বুধবার ব্যাংককের উত্তর-পূর্বে তাঁর কুকুরদের প্রশিক্ষণ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। থাই রাজপ্রাসাদ এ তথ্য জানিয়েছে বলে বিবিসির খবরে বলা হয়।

ঘটনার পরপরই ৪৪ বছর বয়সী এই রাজকুমারীকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে হেলিকপ্টারে করে ব্যাংককে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। গতকাল রাত পর্যন্ত বজ্রকিতিয়াভার ‘অবস্থা একরকম স্থিতিশীল’ ছিল, বলেছে থাই রাজপ্রাসাদ।

বিবিসির ব্যাংকক প্রতিবেদক জনাথন হেড বলেছেন, থাইল্যান্ডের রাজপ্রাসাদের দেওয়া মেডিকেল বুলেটিন বেশির ভাগ সময়ই অস্পষ্ট ও ধোঁয়াশায় ঢাকা থাকে। বজ্রকিতিয়াভা সম্পর্কে রাজপ্রাসাদ যে একটা বিবৃতি দিয়েছে, সেখানে তাঁর অবস্থা কতটা গুরুতর, তা বোঝা কষ্টকর।

বিবৃতিতে রাজকুমারী বজ্রকিতিয়াভা এখন কেমন আছেন, সে সম্পর্কে কিছুই বলা হয়নি। তবে কিছু কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বিবৃতিতে যা বলা হচ্ছে, তার চেয়ে রাজকুমারীর অবস্থা গুরুতর।

বজ্রকিতিয়াভা রাজার প্রথম স্ত্রী সোমসাওয়ালির মেয়ে, ভাজিরালংকর্নের প্রথম সন্তান। ২০১৬ সালে রাজা ভূমিবলের মৃত্যুর পর উত্তরসূরি ভাজিরালংকর্নের আস্থাভাজন অল্প কয়েকজনের একজন মেয়ে বজ্রকিতিয়াভা। আস্থাভাজন হওয়ায় তিনি রাজার ব্যক্তিগত রক্ষীদলের ঊর্ধ্বতন কর্মকর্তাও। এই রাজকুমারী যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

রাজা ভাজিরালংকর্ন এখন পর্যন্ত তাঁর উত্তরসূরির নাম ঘোষণা না করলেও এই পদে বজ্রকিতিয়াভাই সবচেয়ে সম্ভাবনাময়ী বলে অনেকের ধারণা। আনুষ্ঠানিক রাজপদবী পাওয়া রাজার তিন সন্তানের মধ্যে বজ্রকিতিয়াভা উত্তরাধিকার সংক্রান্ত ১৯২৪ সালের প্রাসাদ আইন অনুযায়ী সিংহাসনের যোগ্য বলে বিবেচিত হতে পারেন।

শরীরচর্চায় বজ্রকিতিয়াভা বেশ আগ্রহ রয়েছে। থাইল্যান্ডের দণ্ডবিধির সংস্কারের পক্ষেও তিনি দীর্ঘদিন ধরে কথা বলে যাচ্ছেন। বিশেষ করে নারী বন্দীদের বিষয়ে। তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।