ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আলোচনায় যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ সোমবার তেহরানের আজাদি স্কয়ারে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশটিতে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৪৬তম বার্ষিকী পালিত হয় আজ। এ উপলক্ষে অনেকেই ‘যুক্তরাষ্ট্রের মৃত্যু’ স্লোগান দিয়ে মিছিল করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি শুরু করেন। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধে দেশটির জ্বালানি তেল রপ্তানি বন্ধ করার পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। তবে তিনি আরও বলেছেন, তেহরানের সঙ্গে যাচাই করা পারমাণবিক শান্তিচুক্তি করতে চান তিনি। এ নিয়ে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করতে চান।

টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্র আন্তরিক হলে তারা কেন আমাদের ওপর নিষেধাজ্ঞা দেয়?’ তিনি আরও বলেন, তেহরান যুদ্ধ চায় না। তবে বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, আজ হাজারো মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের বিরুদ্ধে একতা প্রদর্শনে মিছিল করেছেন।