নেপালের এভারেস্ট বেজক্যাম্পে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উঁচুতে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে রাশাদ নাকিব
নেপালের এভারেস্ট বেজক্যাম্পে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উঁচুতে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে রাশাদ নাকিব

প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি হিসেবে এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছালেন রাশাদ নাকিব

সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক হিসেবে নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন রাশাদ নাকিব। আরেক সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানির সঙ্গে হিমালয়ের দুর্গম পাহাড়ি পথ ধরে দীর্ঘ ৯ দিন হেঁটে তিনি এই সাফল্য অর্জন করেন। গতকাল মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উঁচুতে অবস্থিত এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছাতে রাশাদ নাকিবকে পার হতে হয়েছে এক কঠিন পথ। পাহাড়ি জনপদ পেরিয়ে এবং হিমশীতল আবহাওয়ায় পাথুরে ও বরফঢাকা পথ পাড়ি দিতে তিনি মূলত ব্যবহার করেছিলেন ট্রেকিং পোল (হাঁটার লাঠি), নিজস্ব স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মুখের নির্দেশনা। পূর্বে এভারেস্টজয়ী অভিজ্ঞ পর্বতারোহী বদর আল-শাইবানি পেশাদার গাইডদের সহায়তায় এই অভিযানের নেতৃত্ব দেন।

পরিবর্তনশীল ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথে রাশাদ নাকিবকে পথ দেখানোর অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন আল-শাইবানি। সেখানে তিনি লিখেছেন, ‘পথের ধরন বদলালে বা সামনে কোনো খাড়া ধাপ থাকলে আমি তাঁকে বলে দিতাম। তিনি আমার কণ্ঠ এবং পাথরের ওপর বুট জুতার শব্দ শুনতেন। তিনি তাঁর লাঠি দিয়ে ও পায়ের নিচে মাটি স্পর্শ করে পথের অবস্থা অনুভব করতেন।’

আল-শাইবানি জানান, নাকিবের সঙ্গী হয়ে এই অভিযানে অংশ নেওয়ার পর প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা নিয়ে তাঁর ভাবনায় এক ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আগেও এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছি; কিন্তু রাশাদের সঙ্গে সেখানে দাঁড়ানোর অনুভূতি ছিল আলাদা। এটি আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।’

এই অভিযান সফল করার পেছনে নাকিবের নিয়মানুবর্তিতা ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন আল-শাইবানি। তিনি উল্লেখ করেন, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের এমন রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করাই ছিল তাঁদের প্রধান লক্ষ্য।

এভারেস্ট বেজক্যাম্পে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে রাশাদ নাকিব (ডানে) ও তাঁর অভিযানের নেতৃত্ব দেওয়া পর্বতারোহী বদর আল-শাইবানি (বাঁয়ে)

অভিযান শেষে এটিকে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন রাশাদ নাকিব। তিনি বলেন, বিপজ্জনক পথ ও উচ্চতাজনিত প্রতিকূলতা সত্ত্বেও পথপ্রদর্শকদের ওপর অগাধ বিশ্বাস প্রতিটি পদক্ষেপে তাঁকে মনোযোগী থাকতে সাহায্য করেছে। তাঁর আশা, এই সাফল্য অন্য তরুণদেরও অনুপ্রাণিত করবে—যেন প্রতিবন্ধকতাকে বাধা মনে না করে তাঁরা নিজেদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যান।

এই অনুপ্রেরণাদায়ী অভিযান এবং এর মানবিক দিকগুলো তুলে ধরতে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে, যা ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সৌদি নাগরিকদের মধ্যে রাশাদ নাকিব প্রথম হলেও বিশ্বে এর আগেও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা সফলভাবে এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছেছেন।

ভারতের ছোনজিন আংমো বিশ্বের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখার গৌরব অর্জন করেন। দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তিনি এভারেস্টের বেজক্যাম্প ট্রেক সম্পন্ন করে চূড়ায় ওঠেন। এ ছাড়া বেঙ্গালুরুর সফটওয়্যার প্রকৌশলী প্রিয়াঙ্কা আগরওয়াল ভারতের দ্বিতীয় দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে সফলভাবে বেজক্যাম্প ট্রেক সম্পন্ন করেছেন বলে ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়।

এভারেস্ট বেজক্যাম্পের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেওয়ার সময় যাত্রাবিরতিতে রাশাদ নাকিব (বাঁয়ে) ও বদর আল-শাইবানি

চীনের ঝাং হং ২০২১ সালে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী এশীয় হিসেবে এভারেস্টের চূড়া জয় করেন; সিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিনি বিশ্বের তৃতীয় দৃষ্টিপ্রতিবন্ধী এভারেস্টজয়ী। তাঁর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের এরিক ভাইহেনমায়ার প্রথম এবং ২০১৭ সালে অস্ট্রিয়ার অ্যান্ডি হোলজার দ্বিতীয় দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন বলে জানিয়েছে তেলেঙ্গানা টুডে।

যুক্তরাজ্যের নিবন্ধিত দাতব্য সংস্থা দ্য ওপেনওয়ার্ক ফাউন্ডেশন জানিয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধী ট্রেকারদের নিয়ে ২০২৭ সালের নভেম্বরে তারা এভারেস্টের বেজক্যাম্পে একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করেছে।