কাঁধসমান পানির মধ্যে বাস চালিয়ে নেওয়ার ভিডিও ভাইরাল

পানির মধ্য দিয়ে বাস চালিয়ে যাচ্ছেন চালক
ছবি: ফেসবুক থেকে নেওয়া ভিডিও

ক্রিকেটপ্রেমীদের কাছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরটি বেশ পরিচিত। গত কয়েক দিন টানা বৃষ্টিতে তলিয়ে যায় শহরটি। ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে গাছপালা, বাড়িঘরেও ঢুকে গেছে পানি। পরিস্থিতির অবনতি ঘটায় শহরের প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় নগরবাসীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পানির নিচে তলিয়ে থাকা এলাকার পরিমাণ খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে জরিপ করেছে। নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় বন্যার ঘটনা এটি। এর মধ্যে সেখানকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, কাঁধসমান পানির মধ্য দিয়ে একটি বাস চালিয়ে যাচ্ছেন একজন চালক। খবর এনডিটিভির

ডেবি বুরোস নামের একজন ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন। তিনি মংগাকিয়েকি তামাকি লোকাল বোর্ডের ডেপুটি চেয়ারপারসন। অকল্যান্ড কাউন্সিলে এ রকম ২১টি লোকাল বোর্ড আছে। ভিডিওটিতে দেখা যায়, দুটি ব্যক্তিগত গাড়ি পানিতে ডুবে আছে। শুধু গাড়ির ছাদটুকু দেখা যাচ্ছে। আশপাশে কোনো মানুষ নেই। সুনসান নীরবতা।

হঠাৎ সেই নীরবতা ভেঙে দূর থেকে একটি বাস এগিয়ে আসছে। বাসটির অর্ধেক পানিতে ডুবে আছে। যাত্রীরা বাসের মধ্যেই দাঁড়িয়ে আছেন। এ অবস্থায় বাসটি নিরাপদে চালিয়ে নিয়ে যাচ্ছেন চালক। এমন ভিডিও শেয়ার করে ডেবি লিখেছেন, ‘এটা অবিশ্বাস্য ব্যাপার, বাসটি পানির মধ্যে চলার চেষ্টা করছে। কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছি না।’

ডেবি বুরোস আরও লিখেছেন, ‘পানির মধ্য দিয়েই বাসটি চলে গেল। আমি বোঝার চেষ্টা করেছিলাম, সেখানে কোনো রাস্তা আছে কি না, কিন্তু এ রকম কিছু দেখতে পাইনি।’ ফেসবুকে শেয়ারের পর থেকে ভিডিওটি ১৩ হাজার বার দেখা হয়েছে।

ভিডিওটির নিচে একজন লিখেছেন, ‘চালকের কী হয়েছে? একটা হাস্যকর ব্যাপার।’ আরেক ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘কী দক্ষ একজন চালক! তিনি পানির মধ্যেই একই গতিতে বাসটি চালিয়ে নিয়ে গেলেন।’

ভিডিওটি দেখে বাসচালকের ওপর চটেছেন এক ব্যক্তি। তিনি লিখেছেন, ‘চালকের লাইসেন্স বাতিল করা উচিত। এটা পেশাগত অসদাচরণ। গাড়ির ক্ষতি করার জন্য চালকের শাস্তি হওয়া উচিত।’

পানির মধ্যে বাসটি চালিয়ে নেওয়ায় একজন বেশ খুশি। তিনি লিখেছেন, ‘চালককে একটা মেডেল দেওয়া উচিত। তাঁর কারণে লোকজন সময়মতো অফিসে পৌঁছাতে পেরেছে। নিউজিল্যান্ডে এমন ঘটনা এই প্রথম দেখলাম আমি।’