নেপালের রাজধানী কাঠমান্ডুতে ছাত্রদের বিক্ষোভ। ৮ সেপ্টেম্বর তোলা
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ছাত্রদের বিক্ষোভ। ৮ সেপ্টেম্বর তোলা

নেপালে ভারতীয়দের সাবধানে থাকার নির্দেশ

উত্তাল নেপালে ভারতীয় বসবাসকারীদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে ভারত। সেই সঙ্গে বলেছে, ভারতীয় নাগরিকদের নেপালের সরকার, প্রশাসন ও কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে।

ছাত্র–যুবাদের বিক্ষোভ ও বিদ্রোহে নেপাল অগ্নিগর্ভ। গত সোমবার থেকে বিগড়ে যাওয়া পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালেই মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে সংক্ষিপ্ত এক বিবৃতিতে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সাবধানী হওয়ার পরামর্শ দিয়ে বলা হয়েছে, কাঠমান্ডুসহ বেশ কিছু শহরে কারফিউ জারি করা হয়েছে। সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিকেরা যেন সাবধানে থাকেন ও কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলেন।

বিবৃতিতে বলা হয়, ‘গতকাল থেকে আমরা পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রেখেছি। বহু তরুণের মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

বিবৃতিতে নেপালকে ভারতের ‘ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী’ উল্লেখ করে বলা হয়, ‘আমরা আশা করি, সবাই সংযত হবেন। আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সব বিষয়ের নিষ্পত্তি ঘটাবেন।’

নেপাল সরকার সম্প্রতি ফেসবুক, এক্স ও হোয়াটসঅ্যাপসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সোমবার সেই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ছাত্র–যুবসমাজ। ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হিংসা ছড়িয়ে পড়ে। পুলিশ গুলি চালায়। পুলিশকে আক্রমণ করেন ছাত্র–যুবারা। সোমবার রাত পর্যন্ত হিংসায় নিহতের সংখ্যা ১৯–এ দাঁড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় ৩০০।

নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তাঁর সরকারের বিরুদ্ধে নানা রকম দুর্নীতি ও আর্থিক বৈষম্যের অভিযোগ রয়েছে। সে নিয়ে ছাত্র ও যুবসমাজে ক্ষোভ বাড়ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি সেই ক্ষোভে ঘৃতাহুতির কাজ করেছে।