আফগান মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ দিতে তালেবানের জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাই
আফগান মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ দিতে তালেবানের জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাই

মেয়েদের বিদ্যালয় খুলে দিতে তালেবান নেতাদের প্রতি মন্ত্রীর আহ্বান

আফগান মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ দিতে তালেবানের জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাই। এ নীতির কারণে কড়া সমালোচনার মুখে পড়া তালেবান সরকার কার্যত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরে আলোচক দলের নেতৃত্বে ছিলেন আব্বাস স্তানেকজাই। গত রোববার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, নারী শিক্ষার ওপর বিধিনিষেধ আরোপ ইসলামি শরিয়াহ আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার দ্বার উন্মুক্ত করে দিতে ইসলামিক আমিরাতের (তালেবানের দেওয়া আফগানিস্তানের দাপ্তরিক নাম) নেতাদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। হজরত মুহাম্মদ (সা.)-এর সময়ে পুরুষ ও নারী উভয়ের জন্য জ্ঞান অর্জনের দ্বার উন্মুক্ত ছিল।’

আফগানিস্তানের নারী জনসংখ্যার প্রতি ইঙ্গিত করে আব্বাস স্তানেকজাই বলেন, ‘আজকে আমরা চার কোটি মানুষের মধ্যে দুই কোটি মানুষের প্রতি অবিচার করছি।’ মেয়েদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে জনসমক্ষে এটি কোনো তালেবান কর্মকর্তার সবচেয়ে কড়া সমালোচনা।