দক্ষিণ এশিয়ায় জঙ্গি সংগঠন আল-কায়েদা ক্রমেই প্রচার বাড়াচ্ছে। এই প্রচারের একদিকে আছে নিজেদের সাফল্য দেখানোর চেষ্টা, অন্যদিকে আছে তাদের ভাষায় ইসলামের বিপদ নিয়ে সতর্কবার্তা। এই লেখা সেই প্রচারের বিষয় ও প্রকৃতি। তাদের অনলাইন পুস্তিকা ও সামাজিক মাধ্যম সমীক্ষা করে লিখেছেন প্রথম আলোর পূর্ব ভারতের সংবাদদাতা শুভজিৎ বাগচী। আজ রইল দ্বিতীয় ও শেষ পর্ব।

সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রচারণা থেকেই জানা যাচ্ছে যে আল-কায়েদাসহ গোটা ইসলামি বিশ্বের সাম্প্রতিক নায়ক বলে মনে করা হচ্ছে মওলানা মহম্মদ উমরকে। পশ্চিমা বিশ্বকে আতঙ্কিত করে ২০০১ সাল-পরবর্তী পর্যায়ে যদি নায়ক হন ওসামা বিন লাদেন, তবে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত করতে যার কৌশল সবচেয়ে কাজে দিয়েছে বলে আল-কায়দা মনে করে, তাঁর নাম মওলানা উমর। মওলানা উমর পশ্চিমা বিশ্বসহ গোটা পৃথিবীতে শীর্ষ সন্ত্রাসী বলে বিবেচিত হলেও আল-কায়েদার টেলিগ্রাম চ্যানেল ও পত্রপত্রিকায় অনবরত প্রশংসা করা হয় মওলানা উমরের জ্ঞান ও রণনীতির।
কয়েক শতক ধরে রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করার জন্য লড়াই চলছে। আল-কায়েদার পত্রিকা নয়া-এ-গাজওয়া-এ-হিন্দ (হিন্দের নতুন লড়াই) মনে করে, দেড় শ বছর ধরে এই পৃথক্করণের কাজে ব্যস্ত মুসলমান রাজনীতিবিদেরা ইসলামি ‘উম্মা’কে রক্ষা করতে পারেননি।
তাদের পত্রিকা লিখছে, ‘ফলে এই যুক্তি দেওয়া হয় যে মুসলমানরা রাজনৈতিক নেতৃত্ব দিতে অক্ষম। পুঁজিবাদী, কমিউনিস্ট বা মানবতাবাদীরাই রাজনৈতিক নেতৃত্ব দিতে সক্ষম। অথবা যাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং অন্যদের (পশ্চিমা বিশ্বের) আদর্শের সঙ্গে যুক্ত, সেই মুসলিমরাই নেতৃত্ব দিতে সক্ষম।’ মওলানা উমর এই ধারণা ভেঙে দিলেন।
আল-কায়েদার ভাষায়, ‘তিনি প্রাচ্য ও পশ্চিমের সরকার পরিচালনব্যবস্থা সম্পর্কে দার্শনিক বিতর্কে যাননি। তিনি তাঁর দর্শনকে শুধু শরিয়তের ওপর ভিত্তি করে নির্মাণ করেছেন। প্রশাসন বা সামরিক ক্ষেত্রেও তিনি শরিয়তকে নির্দেশের প্রাথমিক পাঠ্য বানিয়েছেন।...আফগানিস্তান ভাগ্যবান যে তারা মওলানা উমরের কাছে ধর্মভিত্তিক ব্যবস্থা সম্পর্কে জানতে পেরেছে। তাই তিনি রেহবার বা উম্মাহর শীর্ষ নেতা এবং ইসলামি বিশ্বের মুকুট হিসেবে স্বীকৃত।’
বাংলাদেশ প্রসঙ্গে দুটি ধারা লক্ষ করা যায় আল-কায়েদার উপস্থাপনায়। একটি ধারা টেলিগ্রাম প্ল্যাটফর্মে, অন্যটি পত্রিকায়। টেলিগ্রাম গ্রুপে আক্রমণ করা হচ্ছে প্রধানত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকারকে।
যেমন গত ফেব্রুয়ারি মাসের এক প্রচারে একটি টেলিগ্রাম গ্রুপে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সব ধর্মীয় ব্যক্তিত্ব গ্রেপ্তার হয়েছে, আপনিও (সাধারণ মানুষ) এদেরই একজন।’ এই বলে যাদের নাম করা জসিমউদ্দিন রহমানী, মুফতি কাজী ইব্রাহিম, হারুন ইজহার, মুফতি সাখাওয়াত, মাহমুদুল হক, মাহমুদুল হাসান গুণভী, রফিকুল ইসলাম মাদানী প্রমুখের।
এ ছাড়া চ্যানেল এবং পত্রিকায় ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করা হয়েছে। তাঁকে সুনির্দিষ্টভাবে ইসলামবিরোধী বলে চিহ্নিত করে বলা হয়েছে যে তিনি ভারতের সমর্থনে সরকার টিকিয়ে রেখেছেন। বস্তুত তাঁর বিরুদ্ধে উপমহাদেশে বাংলা এবং উর্দু ভাষায় ধারাবাহিকভাবে প্রচারণা চালাচ্ছে এক বা একাধিক ইসলামি জঙ্গিগোষ্ঠী।
পাকিস্তান ভেঙে বাংলাদেশ গঠনের সিদ্ধান্তকেও একটি দীর্ঘ লেখায় প্রত্যাখ্যান করা হয়েছে। আল-কায়েদার মুখপত্র মনে করে, রাজনৈতিকভাবে সমস্যার মোকাবিলা সম্ভব হলে এই বিভাজন এড়ানো যেত।
বিভিন্ন লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও সমালোচনা করেছে আল-কায়দা। ভারতীয় বাঙালি সাহিত্যিক মনোজ বসুকে উদ্ধৃত করে নয়া-এ-গাজওয়া-এ-হিন্দ-এ বলা হয়েছে, ১৯৫৬ সালে বঙ্গবন্ধু মনোজ বসুকে বেইজিংয়ে বলেছিলেন, তিনি শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তান মুক্ত করবেন। ১৯৭২ সালে কলকাতায় তাঁদের আবার দেখা হলে বঙ্গবন্ধু তাঁকে সেই কথা আবার মনে করিয়ে দেন। আল-কায়েদার বক্তব্য, ‘পাঠক মনে রাখবেন, এই মানসিকতা সে সময়ের বহু বাঙালি রাজনীতিবিদের মধ্যে ছিল।’
এক. ডিজিটাল যুগে সমাজমাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে কীভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে, তার নির্দেশিকা তৈরি করেছে আল-কায়েদা। সেখানে বলা হয়েছে কোনটা ইসলামসম্মত প্রচারণা আর কোনটা নয়। ইসলামসম্মত প্রচারণায় কীভাবে তথ্য সংগ্রহ ও পরিবেশন করতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং মানুষের সঙ্গে আদান-প্রদানে লিপ্ত হতে হবে।
দুই. আল-কায়েদার বিভিন্ন লেখাপত্রে বারবার ওয়াসিম উমরের কথা বলা হয়েছে। ওয়াসিম উমর ২০১৪ সালে একিউআইএস তৈরি হওয়ার পরে সংগঠনের দায়িত্বে নেন। ২০১৯ সালে মারা যান। ভারতের উত্তর প্রদেশের এই মুজাহিদ এক ভিডিও বার্তায় বলেছিলেন, শুধু ইউরোপ-আমেরিকা নয়, মুসলমানের প্রধান শত্রু মুসলমানরাই। এর ব্যাখ্যা দিতে গিয়ে ওয়াসিম উমর বলেছিলেন, ইসলামের চারটি আইন ব্যবস্থা—হানাফি, মালেকি, শাফেয়ি ও হাম্বলি—পরস্পরের সঙ্গে ক্রমাগত লড়াই করে চলেছে।
এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘আকিদাহ (ইমান) নিয়ে ইসলামের মধ্যে বহু আগেই যেহেতু মতৈক্য হয়ে গেছে, তখন নানা মতের মধ্যে বিরোধ হওয়া উচিত নয়। কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে (মুসলমানদের মধ্যে) সংঘাত লেগেই রয়েছে। বিরোধী শক্তি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে।’ ওয়াসিম উমরের ভিডিওটিকে বিরাট গুরুত্ব দিয়ে প্রচার করেছে আল-কায়েদা।
তিন. কাশ্মীর এবং মুসলমান সমাজের ওপর আক্রমণের প্রশ্নে নয়া-গাজওয়া-এ-হিন্দ-এর প্রায় প্রতি সংখ্যাতেই ভারতকে তীব্র আক্রমণ করা হয়েছে। ব্যক্তি আক্রমণ বা মসজিদ-মাদ্রাসা ভাঙচুরের ঘটনাকে বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে। ভারতে ভবিষ্যতে মুসলমানরা থাকতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
চার. সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার—এই তিন দেশ ইসলামি রাষ্ট্র হলেও ইসলাম সেখানে বিপন্ন বলে মনে করছে আল-কায়দা। কারণ, পাশ্চাত্যের অনুকরণে এসব দেশে ধীরে ধীরে গান, নাচ, ফুটবল ইত্যাদির প্রসার ঘটছে। শরিয়ত ও ইসলামকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। আল-কায়দার এই মতামতের ভিত্তিতে এটা স্পষ্ট যে এই দেশগুলোর সঙ্গে আগামী দিনে জঙ্গিগোষ্ঠীর বিরোধের ক্ষেত্র তৈরি হচ্ছে।
উর্দু থেকে অনুবাদে সাহায্য করেছেন কলকাতার সাংবাদিক আফাক হায়দার