আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে মেয়েদের পাঁচটি স্কুলে আবার পাঠদান শুরু হয়েছে
আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে মেয়েদের পাঁচটি স্কুলে আবার পাঠদান শুরু হয়েছে

আফগানিস্তানে শিক্ষার্থীদের দাবির মুখে খুলল ৫ বালিকা বিদ্যালয়

আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশে সরকারি পাঁচটি বালিকা বিদ্যালয়ে পুনরায় পাঠদান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার প্রাদেশিক একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। আফগানিস্তানের শত শত নারী শিক্ষার্থীর পুনরায় পাঠদান শুরুর দাবির মুখে মেয়েদের জন্য এই পাঁচটি স্কুলের পাঠদান আবার শুরু হলো।

মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে নারীদের পাঠদান আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আফগানিস্তানের কিছু অংশে স্কুল খুলে দেওয়া হয়েছে। অবশ্য যেসব এলাকায় স্কুল খুলেছে, সেসব এলাকার অবস্থান তালেবানের ক্ষমতার ঘাঁটি কাবুল ও কান্দাহার থেকে অনেক দূরে।

গারদেজ প্রদেশের শাসগার উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ ওয়ালি আহমানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত সপ্তাহ থেকে ওই স্কুলে আনুমানিক ৩০০ জন শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে। যদিও আফগানিস্তানে নারীদের জন্য স্কুল খুলে দেওয়া নিয়ে তালেবান সরকারের নীতিতে এখনো কোনো পরিবর্তন আসেনি।

আজ বৃহস্পতিবার সকালে মাথায় স্কার্ফ ও হিজাব পরা একদল মেয়েকে স্কুলে যেতে দেখা যায়। অধ্যক্ষ আহমাদি বলেন, ‘যেহেতু মেয়েরা নিজেরাই এসেছিল, আমরা তাদের ফিরিয়ে দিইনি।’ তবে শিক্ষা মন্ত্রণালয় বন্ধের নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে স্কুল আবার বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে অধ্যক্ষ বলেন, ‘মেয়েদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান খালিকার আহমাদজাই এএফপিকে বলেন, কোনো ব্যাখ্যা ছাড়াই (মেয়েদের) পাঁচটি স্কুল খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, স্কুল খুলে দেওয়ার দাবিতে কয়েক দিন আগে মেয়েরা অধ্যক্ষের কাছে গিয়েছিল। এরপর থেকে এসব স্কুল খুলেছে এবং কার্যক্রমও চলছে।

মেয়েদের যে পাঁচ স্কুলে পাঠদান শুরু হয়েছে এর মধ্যে চারটি পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজে অবস্থিত। অপর স্কুলের অবস্থান প্রদেশের সামকানি শহরে।
এ ব্যাপারে মন্তব্যের জন্য কাবুলে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।

এসব স্কুলের দেখাদেখি প্রদেশের অন্য স্কুলগুলোও খুলে দেওয়া হতে পারে বলে জানান আহমাদি। তিনি বলেন, শিক্ষার্থীরা যদি অধ্যক্ষদের সঙ্গে সমন্বয় করে চলে, তাহলে প্রদেশজুড়ে স্কুল খুলে দেওয়ার এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

গত বছরের আগস্টে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে মেয়ে ও নারীদের জন্য একাধিক কঠিন বিধিনিষেধ আরোপ করেছে তালেবান কর্তৃপক্ষ। ক্ষমতায় প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো পুনরায় চালু করার কয়েক ঘণ্টা পরেই মেয়েদের জন্য সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দেয় তালেবান।