নেপালে মাউন্ট এভারেস্টের কাছে একটি উঁচু পাহাড়ি এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নেপাল পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ বলেছে, রাজধানী কাঠমান্ডু থেকে ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বুর একটি হেলিপোর্টে আজ মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
হেলিকপ্টার সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, এটি সোলুখুম্বুর হেলিপোর্টের ঘটনা। এনডিটিভি ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ভিডিওতে দেখা যায়, অবতরণের ঠিক আগে দুটি হেলিকপ্টারের পাখা পরস্পরের সঙ্গে ধাক্কা লাগছে। এতে হেলিকপ্টার দুটি নিচে বরফে ঢাকা ভূমিতে আছড়ে পড়ে।
নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজে ছোট ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দেশটির দুর্গম ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে আকাশপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।
নেপালে পর্বতারোহণ ও ট্রেকিংয়ের ভরা মৌসুমে এ দুর্ঘটনা ঘটল। এ সময় হেলিকপ্টারে করে ওই অঞ্চলে পর্যটক ও পর্বতারোহীদের আনা-নেওয়া করা হয়।
সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি এএফপিকে বলেন, ‘ঘটনাস্থলে একজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’
রয়টার্স বলেছে, নিহত ব্যক্তি ভারতীয়। আর আহত ব্যক্তি নিউজিল্যান্ডের।
হেলিকপ্টার দুটি পরিচালনা করছিল বেসরকারি দুটি প্রতিষ্ঠান—ফিশটেল এয়ার ও ডাইনেস্টি এয়ার।
ফিশটেল এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা যাত্রীদের নিয়ে যাচ্ছিল। অবতরণের সময় এটি দুর্ঘটনার শিকার হয়।
ঘটনাস্থলেই এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।নবীন রাজা বুধাথোকি, সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
ডাইনেস্টি এয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের হেলিকপ্টারটিতে শুধু পণ্যসামগ্রী ছিল।
নেপালে পর্বতারোহণ ও ট্রেকিংয়ের ভরা মৌসুমে এ দুর্ঘটনা ঘটল। এ সময় হেলিকপ্টারে করে ওই অঞ্চলে পর্যটক ও পর্বতারোহীদের আনা-নেওয়া করা হয়।