উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন ও তাঁর মেয়ে জু আয়ে অন্যান্য কর্মকর্তার সঙ্গে সামরিক কুজকাওয়াজে উপস্থিত ছিল। এ সময় দুজনের গায়ে কালো জ্যাকেট ছিল। ২৫ ফেব্রুয়ারি ২০২৬, পিয়ংইয়ং
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন ও তাঁর মেয়ে জু আয়ে অন্যান্য কর্মকর্তার সঙ্গে সামরিক কুজকাওয়াজে উপস্থিত ছিল। এ সময় দুজনের গায়ে কালো জ্যাকেট ছিল। ২৫ ফেব্রুয়ারি ২০২৬, পিয়ংইয়ং

কালো জ্যাকেট পরে উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজে বাবা কিম ও কিশোরী মেয়ে জু

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের মেয়ে গতকাল বুধবার রাতে পিয়ংইয়ংয়ে এক সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বৃহস্পতিবার এ দৃশ্য দেখানো হয়েছে। তাকে কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছে—এমন গুঞ্জনের মধ্যেই তাকে সামরিক কুচকাওয়াজে দেখা গেল।

জু আয়ে নামের কিশোরী মেয়েটি শাসক দল ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের সমাপ্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেয়। এটি দেশটির রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় আয়োজন। সেখানে কোনো নীতি পরিবর্তনের ইঙ্গিত আছে কি না, বিশ্লেষকেরা তার ওপর গভীরভাবে দৃষ্টি রাখছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, জু আয়ে তার বাবার পাশে এবং জ্যেষ্ঠ সামরিক নেতাদের সঙ্গে দাঁড়িয়ে কুচকাওয়াজে তালি দিচ্ছে। বাবা ও মেয়ে—উভয়কেই কালো রঙের লেদার ট্রেঞ্চ কোট পরা অবস্থায় দেখা গেছে।

অন্য এক ছবিতে জু আয়েকে কিম ও সামরিক নেতাদের পাশে থেকে যুদ্ধবিমানের মহড়া দেখতে দেখা যায়।

কেসিএনএ এই কুচকাওয়াজে কিশোরীর ভূমিকা সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলেনি। তবে কিম পরিবারের বংশানুক্রমিক শাসনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এ ব্যবস্থায় তাঁর উপস্থিতি উত্তরাধিকার–সংক্রান্ত জল্পনাকে আরও উসকে দিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) এ মাসের শুরুতে আইনপ্রণেতাদের জানিয়েছিল, কিশোরী জু আয়ে নীতিনির্ধারণী বিষয়ে মতামত দিচ্ছেন—এমন লক্ষণ দেখা গেছে। এর মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, সে ‘অভ্যন্তরীণভাবে উত্তরসূরি হওয়ার পর্যায়ে রয়েছে’।

সামরিক কুজকাওয়াজে হাস্যোজ্জ্বল উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। এ সময় পাশে কিশোরী মেয়ে জু আয়ে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬, পিয়ংইয়ং

২০২২ সালের শেষের দিকে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় বাবার সঙ্গে প্রথমবার জনসমক্ষে এসেছিল জু আয়ে। এর পর থেকে গত তিন বছরে জু আয়েকে ক্রমাগত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা যাচ্ছে। তখন রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাকে কিমের ‘প্রিয়’ মেয়ে হিসেবে বর্ণনা করেছিল।

এর আগে বিভিন্ন ছবিতে জু আয়েকে লম্বা চুল ও দামি লেদারের জ্যাকেট বা পশমযুক্ত কোট পরা অবস্থায় দেখা গেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক অনুষ্ঠান এবং বড় বড় জাতীয় উদ্‌যাপনসহ বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি দেখা গেছে। রাষ্ট্রীয় প্রচারযন্ত্র ধীরে ধীরে তাকে সবার সামনে নিয়ে আসছে।

উত্তর কোরিয়া কখনো জু আয়ের বয়স নিশ্চিত করেনি। তবে ধারণা করা হয়, তার জন্ম ২০১০ দশকের শুরুর দিকে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের মতে, তিনি কিম জং–উন এবং তাঁর স্ত্রী রি সল জুর মেয়ে। ২০১৩ সালে সাবেক মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যান পিয়ংইয়ং সফরের পর প্রথমবার তার অস্তিত্বের কথা জানান।

রডম্যান বলেছিলেন, উত্তর কোরিয়ার নেতার ‘জু আয়ে’ নামের একটি শিশুকন্যা রয়েছে। তাকে তিনি কোলে নিয়েছিলেন।

কিমের অন্যান্য সন্তান সম্পর্কে এখনো তেমন তথ্য জানা যায়নি।

গত সেপ্টেম্বরে কিম জং–উনের সঙ্গে চীন সফরের মধ্য দিয়ে এই কিশোরী আন্তর্জাতিক অঙ্গনে প্রথম পা রাখে, যা তার মর্যাদা সম্পর্কে জল্পনা আরও বাড়িয়ে দেয়।