
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
পরিবারের সঙ্গে এক সপ্তাহ গ্রীষ্মের ছুটি কাটিয়ে কাল সোমবার কাজে ফেরার কথা ছিল ফুমিও কিশিদার। এর আগেই গতকাল শনিবার রাতে জ্বর ও সর্দি-কাশি দেখা দেয় তাঁর। এ অবস্থায় চিকিৎসকেরা তাঁকে করোনা পরীক্ষা করার সুপারিশ করেন। পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়ে। ৩০ আগস্ট পর্যন্ত ফুমিও কিশিদাকে সঙ্গনিরোধে থাকতে বলেছেন চিকিৎসকেরা।
আগস্টের ২৭ ও ২৮ তারিখে আফ্রিকার উন্নয়নবিষয়ক সম্মেলনে যোগ দিতে তিউনিসিয়ায় যাওয়ার কথা ছিল ফুমিও কিশিদার। এমন প্রেক্ষাপটে তাঁর আগামী এক সপ্তাহের কর্মসূচি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। তবে সম্মেলনে সশরীর উপস্থিত না থেকে তিনি ভার্চ্যুয়ালি যোগ দেবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।
জাপানে এখন করোনাভাইরাস সংক্রমণের সপ্তম ঢেউ চলছে। অমিক্রন ধরনের কারণে সংক্রমণ বেড়ে গেলেও অর্থনীতির ওপর ক্ষতিকর প্রভাবের কথা চিন্তা মাথায় রেখে কঠোর পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত আছে জাপান সরকার। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম হলেও দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তায় পড়ে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রোববার পর্যন্ত টোকিওতে মোট করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৮০ জনের। সারা দেশে এই সংখ্যা আড়াই লাখের কাছাকাছি।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্রের দায়িত্ব পালন করা চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাৎসুনো এর আগে করোনভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া চলতি মাসের শুরুতে সরকারের ডিজিটাল মন্ত্রী তারো কোনোও করোনা পজিটিভ হন।