একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ২২ ডিসেম্বর, শুক্রবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এ ছাড়া ইউক্রেন, যুক্তরাষ্ট্রসহ আরও কিছু উল্লেখযোগ্য খবরও আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
ফাইল ছবি: রয়টার্স ফাইল ছবি

গাজা উপত্যকায় সহায়তা জোরদার করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্ধারিত ভোটাভুটি আরও এক দিন পিছিয়েছে। আজ শুক্রবার ভোটাভুটি হওয়ার কথা। প্রায় দুই সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েক দিনের বিলম্বের পর গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে তৈরি করা খসড়া প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

পশ্চিমতীরের হেবরন থেকে এক ফিলিস্তিনি শিশুকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। ২৩ সেপ্টেম্বর, ২০২১

১৯৪৫ সাল থেকে ফিলিস্তিনিরা বিনা অভিযোগে আটকের শিকার হচ্ছে। প্রথমে ব্রিটিশ শাসনাধীনে, এরপর ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে। ইসরায়েলে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বিশেষ একটি আইনের প্রয়োগ খুব কমই দেখা গেছে। তবে শিশুসহ পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আটকে রাখার জন্য এ আইনের দেদার ব্যবহার দেখা যায়।

হত্যার শিকার সৌদি সাংবাদিক জামাল খাসোগি ও তাঁর স্ত্রী হানান এলাতার

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে হত্যার শিকার সৌদি সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী হানান এলাতার যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। হানান এলাতার ২০২০ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে চলে আসেন। দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। হানান জানান, তিনি জীবন সংশয়ে ভুগছেন। নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে ক্ষতিগ্রস্ত একটি ভবন

ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ শুক্রবার ভোরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এ মাসে কিয়েভে ষষ্ঠবারের মতো ড্রোন হামলা চালানো হলো।

রোবট কুমিরের পেট থেকে বের করা হচ্ছে মানুষ

কুমিরের পেট থেকে অক্ষত অবস্থায় জীবিত বের হয়ে আসা চমকে যাওয়ার মতো ঘটনা বটে। এমন ঘটনার ভিডিও এখন ভাইরাল। ভিডিওটি দেখার সময় প্রত্যেকেরই মনে হয়েছে, তাঁরা কুমিরের ভয়ংকর আক্রমণ প্রত্যক্ষ করছেন। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায়, রক্তখেকো এই প্রাণী মূলত রোবট।