বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৫ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এই দিনে কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। প্রতিবছর ২৫ ডিসেম্বর যিশুর জন্মদিনে বিশ্বজুড়ে বড়দিন উদ্যাপন করা হয়। লিখে রাখা ইতিহাস ঘেঁটে ৩৩৬ খ্রিষ্টাব্দে বিশ্বে প্রথমবারের মতো বড়দিন উদ্যাপনের কথা জানা যায়।
তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ১৯১৪ সালের ২৫ ডিসেম্বর। দিনটি ছিল ক্রিসমাস বা বড়দিন। বিশ্বে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ব্রিটিশ ও জার্মান বাহিনী বড়দিন উপলক্ষে যুদ্ধে বিরতি নেয়। দুই পক্ষের অনেক সেনাসদস্য যুদ্ধের ময়দানে (নো ম্যানস ল্যান্ড) নেমে ফুটবল খেলায় মেতে ওঠেন। উদ্যাপন শেষে নিজ নিজ ঘাঁটিতে ফিরে যান তাঁরা।
জাস্টিন ট্রুডো—কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। ২০১৫ সালে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিলেন ট্রুডো। আজ তাঁর জন্মদিন। ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর কানাডার সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে তাঁর জন্ম।
সময়টা ১৭৭৬ সালের ২৫ ডিসেম্বর, তখন যুক্তরাষ্ট্রে উপনিবেশবিরোধী লড়াই চলছে। জর্জ ওয়াশিংটন ওই দিন তাঁর বাহিনী নিয়ে ডেলাওয়ার নদী পার হন, যা ব্রিটিশদের হতবাক করে দেয়। এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতাসংগ্রামে উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচনা করা হয়।