
চীনের ধনকুবের সান দাউকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সরকারের সমালোচক বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সাজা দেওয়ার যে উদ্যোগ চীন নিয়েছে, এরই অংশ হিসেবে সানকে সাজা দেওয়া হলো।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, চীনের কৃষিভিত্তিক বড় ব্যবসায়ীদের অন্যতম সান। দেশটির উত্তরাঞ্চলের হুবেই প্রদেশজুড়ে রয়েছে তাঁর প্রতিষ্ঠান।
৬৭ বছর বয়সী সান অতীতে বিভিন্ন সময় চীনের মানবাধিকার ও রাজনৈতিক ইস্যু নিয়ে স্পর্শকাতর বক্তব্য দিয়েছেন। তাঁর বিরুদ্ধে এসব ইস্যুতে ‘উসকানি’ দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ছাড়া সানের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অবৈধভাবে কৃষিজমি অধিগ্রহণ, গণজমায়েত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের কাজে বাধা প্রদান। এসব অভিযোগের দায়ে তাঁকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৪ লাখ ৭৮ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
জমিসংক্রান্ত জটিলতার কারণে গত বছর সানকে আটক করা হয়। এ সময় আত্মীয়স্বজনসহ তাঁর ব্যবসার সহযোগী ২০ জনকে আটক করা হয়। ওই সময় সান বলেছিলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে তাঁর প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মী আহত হন।
চীনে সরকারবিরোধী রাজনৈতিক ও মানবাধিকার ইস্যুতে বক্তব্য দিয়ে অনেকেই হয়রানির শিকার হয়েছেন। এর আগে সরকারের নীতির সমালোচনা করে এখনো অন্তরালে রয়েছেন আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা। এ ছাড়া সরকারের সমালোচনা করে কারাগারে রয়েছেন হংকংয়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী।