
চীনের একটি রেস্তোরাঁয় ফলের জুসের পরিবর্তে তরল ডিটারজেন্ট (পরিষ্কারক) পরিবেশন করা হয়েছে। এ ঘটনায় সাত গ্রাহককে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাঁদের পাকস্থলী পরিষ্কার করেন চিকিৎসক। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানায়।
১৬ জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাহকদের একজন সিস্টার উকং। তিনি তাঁর পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁটিতে খাবার খেতে গিয়েছিলেন। একপর্যায়ে রেস্তোরাঁটির এক খাদ্য পরিবেশক একটি বোতল নিয়ে আসেন। বোতলটিতে ফলের জুসের বদলে ছিল তরল ডিটারজেন্ট।
ভুক্তভোগী নারী এক ভিডিওতে দাবি করেছেন, ফলের জুস হিসেবে তাঁদের যে পানীয় পরিবেশন করা হয়, এর স্বাদ ছিল অদ্ভুত। জুস পরিবেশনের ক্ষেত্রে ভুল হয়ে গেছে—এটা বুঝতে পারার পর সাতজনের সবাইকে একটি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তাঁদের পাকস্থলী পরিষ্কার (গ্যাস্ট্রিক সাকশন) করা হয়।
রেস্তোরাঁর পক্ষ থেকে পরে গ্রাহকদের জানানো হয়েছিল, মূল ভুলটি করেছিলেন এক নারী খাদ্য পরিবেশক। তাঁর চোখে সমস্যা আছে। এ কারণেই তিনি ভুল করেছেন।
স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, সাত গ্রাহকের সবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁরা পরবর্তী সময়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করবেন।
হাসপাতালে অবস্থানকালে ভুক্তভোগী গ্রাহক উকং বলেন, ‘আমরা সাতজন একসঙ্গে রেস্তোরাঁটিতে খাবার খেয়েছি। আমাদের পাকস্থলী পরিষ্কার করতে হয়েছে।’
উকং বলেন, জুস হিসেবে পরিবেশন করা পানীয়তে প্রথম চুমুকটি দিয়েছিলেন তাঁর স্বামী। চুমুক দেওয়ার পরই তিনি সবাইকে জানান, এর স্বাদ তিক্ত। তারপর তিনি (উকং) এক চুমুক দেন। তাঁরও খুব খারাপ লাগে।
পরে রেস্তোরাঁটির ওই নারী খাদ্য পরিবেশক স্বীকার করেন, তিনি ভুল করেছেন। কারণ, তিনি অনভিজ্ঞ। তাঁর দৃষ্টিশক্তিতে সমস্যা আছে।
উকং বলেন, ওই নারী খাদ্য পরিবেশক তাঁদের বলেছেন, তিনি রেস্তোরাঁটির নিয়মিত কর্মী নন। তিনি শুধু সেদিনের জন্যই রেস্তোরাঁ কর্তৃপক্ষকে সাহায্য করছিলেন।
খবরে বলা হয়, গ্রাহকদের ঠিক কী ধরনের ডিটারজেন্ট পরিবেশন করা হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে একটি চাইনিজ অনলাইন মার্কেটপ্লেসে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, সেখানে বেশ কয়েকটি ফ্লোর ক্লিনার রয়েছে, যেগুলো কমলার জুসের মতো করেই প্যাকেট করা। কোনো কোনো প্যাকেটের গায়ে বিদেশি ভাষায় বিবরণ লেখা রয়েছে। যাঁরা বিদেশি ভাষা জানেন না, তাঁরা এ ধরনের ফ্লোর ক্লিনারকে জুস ভেবে ভুল করতে পারেন।