প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিচিত্র

বাসার খোলা কলের পানিতে এলাকা হলো স্কেটিং মাঠ

চীনে এক নারী গোসল করার পর তাঁর ওয়াটার হিটারের কল বন্ধ করতে ভুলে যান। এরপর যা ঘটে, তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাঁর এই ভুলের কারণে পানি ছড়িয়ে পড়ে। রাতারাতি পুরো আবাসিক এলাকা খোলা আকাশের নিচে বরফের স্কেটিং মাঠে পরিণত হয়।

ভবনের ছাদের ট্যাংক থেকে বের হওয়া পানি জমে গিয়েছিল। কারণ ছিল, লানঝৌ শহরের তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। ওয়াং নামের ওই নারী গ্যানসু প্রদেশের লানঝৌতে বসবাসকারী বাসিন্দাদের কাছে ক্ষমা চাইতে ১৬ জানুয়ারি একটি ভিডিও প্রকাশ করেন।

ওয়াং দুঃখ প্রকাশ করে বলেন, ‘গত রাতে আমি গোসল করেছিলাম, এরপর আমার বাসার সোলার ওয়াটার হিটারের পানির কল বন্ধ করতে ভুলে যাই। প্রায় ৯ ঘণ্টা ধরে ট্যাংক থেকে পানি বের হতে থাকে। আজ সকালে আপনারা যে বরফের স্কেটিং মাঠটি আমাদের এলাকায় দেখেছেন, সেটি আমারই তৈরি।’

ওয়াং গণমাধ্যমকে বলেন, ‘সকাল প্রায় ছয়টার দিকে আমার বাবা দেখেন রাস্তাটি বরফে ঢাকা, আর তখনো সেখানে পানি এসে পড়ছে। প্রথমে তিনি ভেবেছিলেন, পানি হয়তো অন্য কারও বাসা থেকে আসছে। কিন্তু কিছুক্ষণ পরই তিনি বুঝতে পারেন, পানি আসলে আমাদের বাসা থেকেই বের হচ্ছিল।’

পরিস্থিতি সামাল দিতে ওয়াংয়ের পরিবার দ্রুত ব্যবস্থা নেয়। তাঁর মা আশপাশের দোকানগুলো থেকে সব লবণ কিনে বরফ গলানোর চেষ্টা করেন। আর তাঁর বাবা এবং ওয়াং নিজে মিলে রাস্তা পরিষ্কার করতে সাহায্য করেন। এ ঘটনায় কেউ আহত হননি। পরে সম্পত্তি ব্যবস্থাপনা কর্মীরাও এসে সহায়তায় যোগ দেন।

ওয়াং বলেন, ‘আমাদের কারণেই লবণ সব বিক্রি হয়ে গিয়েছিল। তাই আজ সকালে যদি কেউ লবণ কিনতে না পেরে থাকেন, তার জন্য আমি ক্ষমা চাইছি।’ তিনি বলেন, ‘আমার বাবাও আমাকে খুব কঠোরভাবে বকেছেন। কারণ, তিনি আমার আচরণ নিয়ে লজ্জিত বোধ করেছিলেন।’