চীনে খনির ছাদ ধসে ৫ শ্রমিক নিহত

চীনের একটি কয়লাখনি ছবি: রয়টার্স
চীনের একটি কয়লাখনি ছবি: রয়টার্স

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি খনির ছাদ ধসে অন্তত ৫ শ্রমিক নিহত হয়েছেন। দেশটির প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গতকাল রোববার সকালে সিচুয়ান প্রদেশের একটি খনির ছাদের কিছু অংশ ধসে পড়ে। এ সময় ২৫ জন শ্রমিক মাটির নিচে ছিলেন। তাঁদের মধ্যে ৫ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। বাকিরা নিরাপদে উঠে আসতে সক্ষম হন।  

অপর দিকে উত্তর চীনে গত সপ্তাহে ধসে পড়া খনির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৪৭ শ্রমিকের বেঁচে থাকার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এ ছাড়া ছয় দিন আগে ইনার মঙ্গোলিয়ান অঞ্চলের আলক্সা লিগের ওই খনির প্রাচীর ধসে পড়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একটি ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষকে মঙ্গোলিয়ার অন্যান্য খনি পরিদর্শন এবং সুরক্ষাব্যবস্থা উন্নয়নের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার উদ্ধার অভিযানের শেষ আনুষ্ঠানিক প্রতিবেদনে বলা হয়েছে, আরও যন্ত্রপাতি আনার জন্য দুটি করিডর পরিষ্কার করা হয়েছে এবং স্থল অনুপ্রবেশকারী রাডারও মোতায়েন করা হয়েছে।