প্রশান্ত মহাসাগরে রাষ্ট্র গঠনের চেষ্টার অভিযোগে চীনা যুগল আটক

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি একগুচ্ছ দ্বীপ নিয়ে গঠিত দেশ মার্শাল দ্বীপপুঞ্জ
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশ মার্শাল দ্বীপপুঞ্জের ভেতর ‘ছোট একটি রাষ্ট্র’ গঠনের চক্রান্ত করেছিল এক চীনা যুগল। দেশটির প্রত্যন্ত এলাকার একটি প্রবাল দ্বীপকে আধা স্বায়ত্তশাসিত অঞ্চল (এসএআর) ঘোষণার জন্য আইনপ্রণেতাদের প্রভাবিত করেছিলেন তাঁরা। এ কাজ করার জন্যে ওই যুগল দেশটির এমপি আর সরকারি কর্মকর্তাদের ঘুষও দিয়েছেন। দুই বছর আগে থাইল্যান্ডে তাঁদের আটক করা হয়। সম্প্রতি থাইল্যান্ডের কর্তৃপক্ষ ওই যুগলকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করেছে। খবর বিবিসির

যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা এসব তথ্য জানিয়েছেন। তাঁরা বলেছেন, এমন কোনো আধা স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করা হলে এর মাধ্যমে প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওই দ্বীপরাষ্ট্রে বিদেশিদের প্রবেশাধিকার আরও বিস্তৃত হবে। তবে বিরোধীরা ব্যাখ্যা দাবি করলেও দেশটির সরকার এমন অভিযোগ নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।

১৯৭৯ সালে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত ওশেনিয়া মহাদেশের দেশ মার্শাল দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের শাসনাধীন ছিল। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বলছে, এমন চক্রান্তের মধ্য দিয়ে অভিযুক্ত ওই চীনা যুগল ক্যারি ইয়ান ও জিনা ঝৌউ মার্শাল দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করেছেন। এদিকে দেশটির কৌঁসুলিরা বলছেন, ওই যুগলের এমন চাওয়া সমর্থন করে ২০১৮ ও ২০২০ সালে মার্শাল দ্বীপপুঞ্জের পার্লামেন্টে একাধিক বিল উপস্থাপন করা হয়েছিল। এসব বিল নিয়ে দেশটির পার্লামেন্টে বিতর্কও তৈরি হয়।

দেশটির বেশ কয়েক জন আইনপ্রণেতা এসব বিলের সমর্থনে পার্লামেন্টে ভোট দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন মার্কিন কৌসুঁলিরা। তাঁরা বলেছেন, বিলের পক্ষে ভোট দেওয়া জন্য এসব আইনপ্রণেতা ৭ থেকে ২২ হাজার পর্যন্ত মার্কিন ডলার ঘুষ নিয়েছেন। ২০২০ সালে ওই যুগলকে থাইল্যান্ডে আটক করা হয় এবং গত সপ্তাহে তাঁদের যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি দামিয়ান উইলিয়ামস বলেন, ‘ইয়ান ও ঝৌউয়ের দেওয়া ঘুষ মার্শাল দ্বীপপুঞ্জ ও দেশটির আইনসভার সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।’

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি একগুচ্ছ দ্বীপ নিয়ে গঠিত দেশ মার্শাল দ্বীপপুঞ্জ। ১৯৭৯ সালে দেশটি স্বাধীনতা অর্জন করেছে। এর আগের চার দশক মার্শাল দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্র সরকারের শাসনাধীন ছিল। প্রশান্ত মহাসাগরে ওয়াশিংটনের জন্য একটি কৌশলগত ঘাঁটি মার্শাল দ্বীপপুঞ্জ। ওই দেশে যুক্তরাষ্ট্রের কিছু নিরাপত্তা জোট অর্থাৎ সামরিক উপস্থিতি আছে। তবে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।