ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি

আলোচনা শুরুর প্রস্তাব দিয়ে ইরানে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই চিঠি পাঠিয়েছেন। ওয়াশিংটনের এই চিঠিকে তেহরান ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাঠানো একটি চিঠি পর্যালোচনা করেছে ইরান। দুই পক্ষের মধ্যে আলোচনা এবং আরও বিস্তৃত সমঝোতার দ্বার উন্মোচনে ওয়াশিংটনের এই চেষ্টা ইতিবাচক পদক্ষেপ।

তবে আরাগচি সতর্ক করে দিয়ে বলেছেন, এই চিঠি পাঠানোর পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য যদি বিভেদ সৃষ্টি করা হয়, তবে এটি তাদের আগের ভুলগুলোর মতো আরও একটি ভুল হবে।

আলোচনার প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র চিঠি পাঠালেও ইরানের বিরুদ্ধে আরেক দফায় মার্কিন হামলার আশঙ্কাকে নাকচ করে দিচ্ছেন না আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, সব ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।’ তিনি বলেন, ‘আমরা আমাদের অস্ত্রশস্ত্রের আধুনিকায়ন করেছি, আমাদের দুর্বলতাগুলো সংশোধন করেছি এবং নতুন অস্ত্র পরীক্ষা করেছি। আমাদের বাহিনীর সর্বোচ্চ স্তরের প্রস্তুতি রয়েছে।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে স্বীকার করলেও আরাগচি বলেন, ইরান ‘আত্মসমর্পণ করবে না’। তিনি বলেন, ‘আমরা অবিচল থাকতে এবং প্রতিরোধ গড়ে তুলতে বদ্ধপরিকর। আমরা আমাদের নিজস্ব সক্ষমতার মাধ্যমে এই কঠিন পরিস্থিতি অতিক্রম করব।’

কাতার যাচ্ছে তেহরানের প্রতিনিধিদল

ইরানের প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে কাতারের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন আব্বাস আরাগচি। তিনি বলেন, ‘আমার সহকর্মীরা ইতিমধ্যে আলোচনা চালিয়ে যেতে বর্তমানে কাতারে রয়েছেন। কাতার ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে আমাদের শর্তাবলি সম্পর্কে আলোচনা চালিয়ে যাচ্ছেন।’

আরাগচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা ইরানের পারমাণবিক কর্মসূচি–সম্পর্কিত কিছু প্রস্তাব দিয়েছেন। যেগুলো নিয়েও আলোচনা চলছে।

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আপাতত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের প্রতিনিধিদলের সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে যা ছড়ানো হচ্ছে, তা কেবলই সংবাদমাধ্যমের জল্পনাকল্পনা।

আরাগচি বলেন, ‘আপাতত আমেরিকানদের সঙ্গে সাক্ষাতের কোনো প্রয়োজন আমরা দেখছি না। আমাদের শর্তাবলি স্পষ্ট, মধ্যস্থতাকারীরা সেগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ নাকি পরোক্ষ আলোচনা হবে—সেই সিদ্ধান্ত ইরানের শর্তগুলো পূরণের ওপর নির্ভর করছে।