ইউক্রেনকে যুদ্ধবিমান কিনে দেন ‘পাকিস্তানের ধনকুবের’

স্ত্রী কামালিয়া জহুরের সঙ্গে মোহাম্মদ জহুর
ছবি: সংগৃহীত

রুশ বাহিনীকে মোকাবিলায় গোপনে ইউক্রেনকে যুদ্ধবিমান কিনে দিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ধনকুবের মোহাম্মদ জহুর। একসময় ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট–এর প্রকাশক ছিলেন তিনি। জহুরের স্ত্রী ইউক্রেনের সংগীতশিল্পী কামালিয়া জহুর সম্প্রতি সংবাদমাধ্যমকে এমন তথ্য দিয়েছেন।  

ইউক্রেনের সম্প্রচারমাধ্যম টিএসএনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক–এর প্রতিবেদনে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কামালিয়া বলেছেন, তাঁর স্বামী মোহাম্মদ জহুর ও তাঁর অন্যান্য ধনী বন্ধু চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গোপনে ইউক্রেনকে সহযোগিতা করছেন। তিনি জানান, তাঁর স্বামী ইউক্রেনের বিমানবাহিনীকে দুটি যুদ্ধবিমান কিনতে সাহায্য করেছেন।

কামালিয়া আরও বলেন, ‘এই তথ্য প্রকাশে মোহাম্মদ আমাকে সবুজ সংকেত দিয়েছেন। কারণ, তাঁরা এটি (যুদ্ধবিমান কিনে দেওয়ার বিষয়টি) গোপন করেছিলেন। তাঁরা ইউক্রেনকে দুটি যুদ্ধবিমান কিনে দিয়েছেন এবং যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করছেন।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে বসবাসরত জহুর দেশটির নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ওপর জোর দিয়ে আসছেন। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী জহুর যুক্তরাজ্য এবং ইউরোপের অন্যান্য জায়গায় ইউক্রেনের শরণার্থীদের সরিয়ে নিতে তহবিল সংগ্রহ এবং সহায়তা করার চেষ্টা করছেন বলে জানা গেছে। নিউজউইক–এর তথ্যমতে, তিনি ইউক্রেনীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়া নিশ্চিত করতে বিভিন্ন অঞ্চলের প্রধানসহ অন্যান্য প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ অব্যাহত রেখেছেন।

গত মার্চে আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনকে সাহায্য করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান জহুর। তিনি বলেন, ‘পশ্চিমা, ইউক্রেন ও রুশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো দেখার পর আমি খোলাখুলিভাবে ইউক্রেনের পক্ষ নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি, কারা সত্য বলছে এবং সিদ্ধান্ত নিতে পারছি। ইউক্রেনের পক্ষে কথা বলার এখনই সময়। এ ছাড়া প্রতিটি বড় দেশ তার পাশের প্রতিবেশী দেশকে গ্রাস করে ফেলবে।’

এদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধ অব্যাহত রয়েছে। যদিও মস্কো বলছে, তারা নিজেদের প্রতিবেশীকে নিরস্ত্রীকরণ এবং বহিবি৴শ্বের প্রভাব থেকে মুক্ত করার জন্য একটি ‘বিশেষ সামরিক অভিযানে’ নিযুক্ত রয়েছে। রাশিয়ার দাবি, পশ্চিমা বিশ্ব এবং কিয়েভ এটিকে আক্রমণের মিথ্যা অজুহাত বলছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, আজোভ ও কৃষ্ণসাগর বরাবর গ্রিসের আয়তনের সমান ইউক্রেনের একটি এলাকা এবং রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের পূর্বাঞ্চলে এখনো রাশিয়া ও রুশ-সমর্থিত ইউক্রেনের বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।