
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল রোববার তাঁরা নিহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নররা জানিয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও ভেতরে রুশ বাহিনী অগ্রসর হওয়ার মধ্যেই হতাহত হওয়ার এ ঘটনা ঘটল। খবর এএফপির।
এমন সময় হতাহত হওয়ার ঘটনা ঘটেছে, যখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। দোনেৎস্ক ও লুহানস্ক নিয়ে এই দনবাস অঞ্চল গঠিত।
আঞ্চলিক গভর্নর বলেন, দোনেৎস্কের লিমান শহরে গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন। এক টেলিগ্রাম বার্তায় গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, ১ মে দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে চার বেসামরিক নাগরিক নিহত হন। তাঁদের সবাই লিমান শহরের। আরও ১১ জন আহত হয়েছেন। লিমানের কাছের একটি শহরে আহত আরেকজনের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।
লাল ইটের শিল্প ভবনের জন্য সাবেক রেলওয়ে অঞ্চল লিমান ‘লাল শহর’ হিসেবে পরিচিত। ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর লিমান পরবর্তী শহর হিসেবে রুশ সেনাবাহিনীর হাতে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী শহরের আশপাশে লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে বলেই বোঝা যাচ্ছে। তারা তাদের অবস্থান কয়েক কিলোমিটার এগিয়ে আনতে সক্ষম হয়েছে বলে ওই এলাকায় অবস্থান করা এএফপির টিম জানিয়েছে।
ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভে আবাসিক এলাকায় গোলাবর্ষণে অপর তিন বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ। তিনি বলেন, গোলাবর্ষণের কারণে দুর্ভাগ্যজনকভাবে এই তিনজন নিহত হন। আহত হয়েছেন আট বেসামরিক নাগরিক।
সম্প্রতি শহরটি পরিদর্শন করা এএফপির সাংবাদিকদের মতে, খারকিভ থেকেও ইউক্রেনীয় সেনাবাহিনী সরে গেছে। তাদের সেনারা এখন দূরবর্তী অবস্থানে রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্প্রতি স্বীকার করেছেন, দনবাসের পরিস্থিতি ‘জটিল’। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালালে খনিসমৃদ্ধ এই পূর্বাঞ্চল রুশ বাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে প্রাধান্য পায়।