ইউক্রেনে এক-তৃতীয়াংশ সেনা হারিয়েছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের

ইউক্রেনের রাস্তায় দেশটির সেনাবাহিনীর টহল
ছবি: এএফপি

ইউক্রেনে এক-তৃতীয়াংশ স্থলসেনা হারিয়েছে রাশিয়া। এ ছাড়া দনবাস অঞ্চলে রুশ বাহিনী যে হামলা চালাচ্ছে, তাতে রাশিয়া অবস্থান হারিয়েছে। আর সেখানে যে সময়ের মধ্যে জয়ের পরিকল্পনা ছিল, তা থেকেও অনেকটাই পিছিয়ে। গতকাল রোববার যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দারা এসব দাবি করেন। খবর রয়টার্সের।

টুইটারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘শুরুর দিকে ছোট ছোট অগ্রগতি সত্ত্বেও রাশিয়া গত এক মাসে যথেষ্ট আঞ্চলিক নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে। এই সময়ে ধারাবাহিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রুশ বাহিনীর। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে পাঠানো রাশিয়ার স্থলসেনাদের এক-তৃতীয়াংশ প্রাণ হারিয়েছে।’

গোয়েন্দা সূত্রের বরাতে এসব দাবি করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আগামী এক মাসে নাটকীয়ভাবে এ অবস্থার পরিবর্তন হবে বলে মনে হয় না।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে স্থল অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে কিয়েভ থেকে পিছু হটে পূর্ব ও দক্ষিণে হামলা জোরদার করে। তবে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রুশ সেনাদের তাড়িয়ে দেওয়ার দাবি করছে ইউক্রেন।

এদিকে যুক্তরাজ্যের সাবেক গুপ্তচর ক্রিস্টোফার স্টেলি দাবি করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরীর ভালো নেই। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এর আগেও পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। তবে ক্রেমলিন এসব দাবির বিষয়ে কিছুই জানায়নি।