ইউক্রেন যুদ্ধে অলিম্পিকে সোনাজয়ী শুটার

পেশাদার শুটার ক্রিস্টিনা দিমিত্রেঙ্কো মাতৃভূমি ইউক্রেনকে রক্ষায় অস্ত্র হাতে তুলে নিয়েছেন
ছবি: টুইটার থেকে নেওয়া

ক্রিস্টিনা দিমিত্রেঙ্কো একজন পেশাদার শুটার। ২০১৬ সালের যুব অলিম্পিক গেমসে বাইথলনে (একধরনের শুটিং প্রতিযোগিতা) ইউক্রেনের হয়ে সোনা জিতেছিলেন তিনি। তবে এবার তিনি খেলার মঞ্চে নয়, যুদ্ধক্ষেত্রে নিজের শুটিং দক্ষতা দেখাবেন। রাশিয়ার হামলা থেকে মাতৃভূমি ইউক্রেনকে রক্ষায় দেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি। খবর এনডিটিভির

২২ বছর বয়সী ক্রিস্টিনা ছয় বছর আগে যে শুটিং প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন, সেটি হলো বাইথলন। এটি এমন এক প্রতিযোগিতা, যেখানে রয়েছে দুই দেশের মধ্যে বিস্তৃত স্কিইং ও সেই সঙ্গে রাইফেল শুটিং।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পশ্চিমে কারপাথিয়ান পার্বত্য অঞ্চলে আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিস্টিনা। এরই মধ্যে ২৪ ফেব্রুয়ারি তাঁর দেশে রুশ আক্রমণ শুরু হয়। এতে বদলে যায় প্রতিশ্রুতিশীল এই শুটারের জীবনের সমীকরণও।

মার্কিন সাময়িকী নিউজউইকও প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিস্টিনাকে নিয়ে। তাদের প্রতিবেদন অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে এক প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল এই শুটারের। এরপর যাওয়ার কথা ছিল ইতালিতে। কিন্তু কিয়েভের যুদ্ধ সব হিসাব-নিকাশ উল্টে দেয়। পরে তিনি ঠিক করেন, খেলা শিকেয় তুলে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবেন।

যুদ্ধে এই শুটারের যোগদান উপলক্ষে তাঁর একটি বিবৃতি প্রকাশ করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, ‘জীবনেও ভাবিনি (যুদ্ধে যোগ দেওয়া) এমন কিছু হবে।’ অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে নামার অভিজ্ঞতা প্রথম হলেও মাতৃভূমিকে রক্ষায় রীতিমতো অকুতোভয় তিনি। বলেন, ‘শত্রুকে নিয়ে ভীত নই। আমি খুব ভালো গুলি চালাই, আক্রমণকারীদের কোনো সুযোগ নেই।’

এদিকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ক্রিস্টিনা বলেন, ‘হাতে যে অস্ত্রই থাকুক, খেলার প্রতিযোগিতায় থাকি বা সেনাবাহিনীতে; শেষ পর্যন্ত লড়াই করব। জয় আমাদের হবেই।’