ইউরোর বিপরীতে রুবলের মান বেড়ে ৭ বছরে সর্বোচ্চ

মার্কিন ডলার ও ইউরোর বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের মান বেড়েছে
ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। যুদ্ধ বন্ধে বাধ্য করতে রাশিয়ার অর্থনীতি অচল করে দেওয়ারও হুমকি দিচ্ছে এসব দেশ। কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার মুদ্রা রুবলের নাটকীয় উত্থান হচ্ছে। গতকাল সোমবার ইউরোর বিপরীতে রুবলের মান ৬ শতাংশের বেশি বেড়েছে, প্রায় সাত বছর সময়ের মধ্যে যা সর্বোচ্চ। এদিকে ডলারের বিপরীতেও রুবলের মান বেড়েছে। রয়টার্স বলছে, মূলধন নিয়ন্ত্রণ, তেলের উচ্চমূল্য ও মাসিক কর পরিশোধের সময় চলে আসার কারণে রুবলের মান বেড়েছে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল সোমবার বেলা ১টা ৩৮ মিনিটে ১ ইউরোর বিপরীতে রুবলের মান বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ। এ সময় ১ ইউরো সমান ছিল ৫৮ দশমিক ৭৫ রুবল। ২০১৫ সালের জুনের শুরুর দিকের পর ইউরোর বিপরীতে রুবলের মান কখনোই এতটা বেশি ছিল না। ডলারের বিপরীতেও রুবলের মান বেড়েছে। গত শুক্রবার ৪ দশমিক ৬ শতাংশ মান বেড়ে ১ ডলার সমান ছিল ৫৭ দশমিক ৪৭ রুবল। ২০১৮ সালের মার্চের শেষ দিকে ১ ডলার সমান ছিল ৫৭ দশমিক শূন্য ৭ রুবল। মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান এর চেয়ে বেশি কখনোই ছিল না। শুক্রবার ডলারের বিপরীতে রুবলের মান তার কাছাকাছি চলে যায়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রুশ বাহিনী। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দেয়। এতে রাশিয়ার অর্থনীতিতে পুরোদমে সংকট শুরু হয়। কিন্তু এরপরও চলতি বছর ডলারের বিপরীতে রুবলের মান প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে এ বছর সবচেয়ে ভালো করা মুদ্রার স্বীকৃতি পেয়েছে রুবল। রয়টার্স বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কবল থেকে অর্থনীতিকে বাঁচাতে রাশিয়া কৃত্রিমভাবে কিছু নিয়ন্ত্রণ আরোপ করেছিল। তারই সুফল হচ্ছে রুবলের এই উত্থান।

রয়টার্স আরও বলছে, মূলত রপ্তানিনির্ভর কোম্পানিগুলোর কারণে রুবলের মান বেড়েছে। ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্ধেক সোনা ও বৈদেশিক মুদ্রার মজুত জব্দ হয়ে যায়। কিন্তু পাল্টা পদক্ষেপ নেয় মস্কো। রাশিয়া শর্ত দেয়, রপ্তানির জন্য বিদেশি মুদ্রা অবশ্যই দেশীয় মুদ্রা রবলে রূপান্তর করে তারপর মূল্য পরিশোধ করতে হবে। এতে রুবলের চাহিদা বেড়ে যায়। এ কারণে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এর মানও বেড়ে যায়।

টিনকঅফ ইনভেস্টমেন্ট নামে একটি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানের বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও সরকার যখন এসব শর্ত ও বিধিনিষেধ দিতে শুরু করে, তখন থেকেই মাঝারি পর্যায়ে রাশিয়ার মুদ্রা রুবলের মান বাড়তে শুরু করে।
বিশ্লেষকেরা বলছেন, শরৎকাল আসতে আসতে বিনিময়ের হার স্থিতিশীল হতে শুরু করবে। তখন আবারও ১ ইউরোর বিপরীতে রুবল ৬০ থেকে ৬৫ পর্যন্ত উঠবে। কারণ, ওই সময় আসতে আসতে আমদানি আবার আগের অবস্থানে ফিরে যাবে এবং যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলোও প্রত্যাহার করা হতে পারে।

তবে মস্কোভিত্তিক অটক্রিটিয়ে ব্যাংকের বিশ্লেষকেরা আবার বলছেন, ডলারের বিপরীতে রুবলের মান আরও বাড়বে। আগামী এক মাসের মধ্যে ৫৫ রুবল দিয়ে ১ ডলার পাওয়া যেতে পারে। তবে বছর শেষে তা ৭০ থেকে ৮০ রুবলে গিয়ে ঠেকবে বলে ধারণা তাঁদের।

বিশ্লেষকেরা আরও বলছেন, সম্প্রতি রুবলের মান এভাবে বেড়ে যাওয়ার আরও একটি কারণ রয়েছে। সেটি হলো রাশিয়ার গ্যাসের মূল্য রুবলে পরিশোধের শর্ত। মস্কোর দেওয়া শর্ত অনুযায়ী রাশিয়ার বন্ধু নয়—এমন দেশগুলোকে রাশিয়া থেকে আমদানি করা গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে হচ্ছে।

বিসিএস এক্সপ্রেস নামে রাশিয়ার একটি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান একটি নোটে বলেছে, রপ্তানিকারকদের কাছ থেকে সরবরাহ করা বিদেশি মুদ্রা, তেলের উচ্চমূল্য ও মাসের শেষে কর পরিশোধের সময় চলে আসায় রুবলের মান এভাবে বেড়েছে। কারণ, কর পরিশোধের জন্য রপ্তানিমুখী কোম্পানিগুলো তাদের হাতে থাকা বিদেশি মুদ্রা রুবলে রূপান্তরিত করে থাকে। তারপর দায় পরিশোধ করে। এ জন্য রুবলের চাহিদা বাড়ে। একই সঙ্গে বাড়ে রুবলের মান।

ভেদোমোসতি নামে রাশিয়ার একটি সংবাদপত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে, রুবলের অনিয়ন্ত্রিত এই মূল্যবৃদ্ধি ঠেকাতে বৈদেশিক মুদ্রা কেনা শুরু করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

তবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এমন দাবি প্রত্যাখ্যান করে বলছে, বর্তমান বাস্তব পরিস্থিতির সঙ্গে এ তথ্যের কোনো মিল নেই।

রাশিয়ার প্রোমসিভিয়াজ ব্যাংকের বিশ্লেষকেরা এ প্রসঙ্গে বলেন, কেন্দ্রীয় ব্যাংক যদি এভাবে হস্তক্ষেপ করে থাকে, তাহলে রুবলের বাজারমূল্যে এর প্রভাবের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠত।