
ইউক্রেনের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় গতকাল সোমবার পাঁচটি রেলস্টেশনে বিমান হামলা হয়েছে। ইউক্রেনের দাবি, রুশ বাহিনীই এ হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় রেল কোম্পানির প্রধান ওলেকসান্দর কামিশিনের বরাতে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। রয়টার্স বলছে, সোমবার এ ঘটনায় এক রেলকর্মী নিহত ও চারজন আহত হয়েছেন।
সোমবার সকাল থেকে ইউক্রেনের বেশির ভাগ এলাকায় দুই ঘণ্টা বিমান হামলাজনিত সতর্কসংকেত বাজাতে শোনা গেছে। ওলেকসান্দর কামিশিন বলেন, পশ্চিমাঞ্চলীয় ইউক্রেনের লিভিভের কাছে ক্রাসনে এলাকায় সকাল সাড়ে আটটার দিকে একটি হামলা হয়েছে। এখান থেকে অন্য লাইনে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। পাঁচটি রেলস্টেশনে হামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি।
লিভিভের আঞ্চলিক সরকারের প্রধান মাকসিম কোজিৎস্কি বলেন, হামলার সময় ইউক্রেনের বিমান-বিধ্বংসী ব্যবস্থা দিয়ে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি, বিভিন্ন দেশ থেকে আসা অস্ত্র সরবরাহে ব্যাঘাত ঘটাতে রাশিয়া রেল অবকাঠামোগুলোতে বোমা হামলার চেষ্টা করেছে। ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘সহযোগী দেশগুলোর কাছ থেকে সামরিক-কারিগরি সহায়তা পাওয়ার পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনীয় বাহিনীর কাছে বিদেশি অস্ত্র আসে, এমন ছয়টি রেলপথ ধ্বংস করে দেওয়া হয়েছে।