ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা ১৯৯০ সালের তুলনায় ৪০ শতাংশ কমিয়ে আনতে একমত হয়েছেন।
ব্রাসেলসে শীর্ষ সম্মেলনে উত্তপ্ত আলোচনার পর গতকাল শুক্রবার এ ঐতিহাসিক মতৈক্য হয়। রয়টার্স ও এএফপি।
ইইউর নেতাদের এ সিদ্ধান্ত বাধ্যতামূলক। কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং আরও বেশি নিঃসরণ হ্রাস দেখতে চায়—এ দুই পক্ষের মধ্যে আপসের মাধ্যমে চূড়ান্ত চুক্তি হয়।
পরিবেশবাদী সংগঠনগুলো এ চুক্তিকে স্বাগত জানিয়েছে। তবে তারা বলছে, এটি যথেষ্ট নয়।
ইইউ নেতারা সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে মোট জ্বালানির ২৭ শতাংশে তুলতে একমত হয়েছেন। এ ছাড়া জ্বালানিবিষয়ক দক্ষতাও অন্তত ২৭ শতাংশ বাড়াতে চান তাঁরা।
কার্বন নিঃসরণ হ্রাসের হার নিয়ে সম্মেলনে জোটের মধ্যে গভীর মতপার্থক্য দেখা গেছে।