ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে চলতি সপ্তাহে এক বক্তৃতায় বিস্তারিত পরিকল্পনা তুলে ধরতে চলেছেন। আর এর মধ্য দিয়ে এ জোট থেকে গুরুত্বপূর্ণ শরিক দেশটির বিচ্ছিন্ন হওয়াও পাকাপাকি রূপ পেতে চলেছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে এসব কথা বলা হয়েছে। তবে তাঁর মুখপাত্র গতকাল এ খবরকে ‘অনুমান’ বলে উল্লেখ করেছেন। খবরে ইঙ্গিত দেওয়া হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী আজ ওই বক্তৃতা দেবেন। এতে অভিবাসন নিয়ন্ত্রণ এবং ইইউর অভিন্ন বাজার ও কাস্টমস ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিসমূহের ভবিষ্যৎ নিয়ে তাঁর পরিকল্পনার রূপরেখা প্রকাশ করবেন।