
ইউক্রেনের লুহানস্ক প্রদেশের গভর্নর একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ সিভেরোদোনেৎস্ক শহরে হাজার হাজার মানুষ আটকা পড়ে রয়েছেন। তাদের নিরাপদে সরানোর কাজে অনেক বিলম্ব হয়েছে। এদিকে ওই শহর ও ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা প্রদেশের কিছু অংশ দখলে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হচ্ছে, রুশ বাহিনী শহরটি তিন দিক থেকে ঘিরে ফেলেছে। চারদিক থেকে ঘিরে ফেলে শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। শহরটির পশ্চিম দিক এখনো দখলে নিতে পারেনি রুশ বাহিনী। এ জন্য সাম্প্রতিক দিনগুলোয় পশ্চিম দিকে ছোট শহর ও গ্রামগুলোয় হামলা জোরদার করেছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, শহরে এখনো ১৫ হাজার বাসিন্দা লুকিয়ে আছেন। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধ এখন সবচেয়ে সক্রিয় ধাপে। গার্ডিয়ান বলছে, পশ্চিমের প্রধান সড়কগুলোর দখল নিয়ে রুশ বাহিনী সিভেরোদোনেৎস্কে সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্নের চেষ্টা চালাচ্ছে।
লুহানস্কের গভর্নর সেরগেই হেইদেই তাঁর টেলিগ্রাম চ্যানেলে বলেন, ‘এই মুহূর্তে আমি বাসিন্দাদের শহর ছেড়ে যেতে বলব না। এখন আমি বলব, আশ্রয় নিয়ে থাকেন। কারণ, গোলাগুলি এত বেশি হচ্ছে যে আমাদের শান্তভাবে মানুষজনকে জড়ো করতে ও তাদের সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যাবে না।’
লুহানস্কের গভর্নর সেরগেই হেইদেই টেলিগ্রাম বার্তায় আরও লিখেছেন, লিসিচানস্ক ও সিভেরোদোনেৎস্ক ঘিরে ফেলার জন্য শত্রুপক্ষের সেনারা নির্বিচার হামলা চালানোর ব্যাপারে মনোযোগ বাড়িয়েছে। এখন কামান বাহিনীর সাহায্যে তারা লিসিচানস্কের কাছের তোশকিভকা ও উসৎতিনিভকায় হামলা জোরদার করেছে।